পাবনার ভাঙ্গুড়ায় চণ্ডীপুর সিকেবি আলিম মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে মাদরাসায় না এসেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, অধ্যক্ষ আবুল কালাম আজাদ আওয়ামী সরকারের সময়ে মাদরাসায় কর্মচারী নিয়োগের জন্য কয়েকজন চাকরিপ্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের কারণে তিনি এসব নিয়োগ সম্পন্ন করতে পারেননি। ফলে ৫ আগস্টের পর থেকে চাকরিপ্রার্থীরা টাকা ফেরত চান। এক পর্যায়ে অধ্যক্ষ আবুল কালাম আজাদ আত্মগোপনে চলে যান। এর পর থেকে ওই অধ্যক্ষ মাসের শেষে মাদরাসায় এসে গোপনে হাজিরা খাতা ও বেতন বিলে স্বাক্ষর করে যান। পরে মাদরাসার অফিস সহকারী বেতন বিলে সভাপতির স্বাক্ষর করিয়ে নিয়ে ব্যাংকে জমা করেন। মাদরাসার উপাধ্যক্ষ মাজাহারুল ইসলাম বলেন, অধ্যক্ষ স্যার মাঝেমধ্যে মাদরাসায় আসেন। তবে বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে তিনি কিছুই জানেন না। অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই প্রায়ই ঢাকায় থাকতে হয়।
মাদক সেবনে বাধা দেওয়ায় যুবদল নেতাকে হত্যাচেষ্টা
আত্মগোপনে থাকা অধ্যক্ষের নিয়মিত বেতন উত্তোলন

র্যাবের ওপর হামলার হোতা শফিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলার ঘটনার হোতা ডাকাত দলের নেতা মো. শফিক গ্রেপ্তার হয়েছেন। গত রবিবার রাতে ঢাকার কামরাঙ্গীর চর থানার ঝাউলাহাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে র্যাব-৯-এর কম্পানি কমান্ডার মো. নুরনবী জানান, গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে র্যাবের চার গোয়েন্দা সদস্য নবীনগরের খাগাতুয়া গ্রামে গেলে শফিক ডাকাত ও তাঁর সহযোগীরা তাঁদের ওপর সশস্ত্র হামলা ও আটকে রেখে নির্যাতন করেন। এ ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করলেও শফিক দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। শফিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, দখল, মাদক, ধর্ষণ, পর্নোগ্রাফিসহ ১৫টির বেশি মামলা রয়েছে।
নেত্রকোনায় রোগীর মৃত্যুর পর হাসপাতাল ভাঙচুর

নেত্রকোনা ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃত সজীব মিয়া (৩৫) শহরের মালনী আমগাছতলা এলাকার শুকুর আলীর ছেলে। স্বজনদের দাবি, গ্যাসজনিত সমস্যায় বুকে ব্যথা নিয়ে সন্ধ্যায় সজীবকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও বিদ্যুৎ না থাকার অজুহাতে দায়িত্বরত চিকিৎসকরা যথাযথ চিকিৎসা দেননি। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মাজহারুল আমিন জানান, হার্ট অ্যাটাকের উপসর্গ নিয়ে সজীব হাসপাতালে এলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বন্যাদুর্গতদের জন্য বিপিসির ত্রাণ

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণসামগ্রী প্রদান করেছে দেশে জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন যমুনা অয়েল, পদ্মা অয়েল, ইস্টার্ন রিফাইনারি এবং মেঘনা পেট্রোলিয়াম যৌথভাবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যাদুর্গত জনগণের মাঝে দুই হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে ত্রাণগুলো গতকাল সার্কিট হাউসে চট্টগ্রাম প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
সিস্টেম গ্রুপের ত্রাণ বিতরণ : চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াল সিস্টেম গ্রুপ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১১ জন গ্রুপ লিডারের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গতকাল ত্রাণসামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম, ডা. আবুল কাশেম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু জাফর কাদেরী, সিস্টেম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মিছবাহ উদ্দীন কাদেরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, বিএনপি নেতা সৈয়দ নুর, জাফর মেম্বার প্রমুখ।
