মানবপাচারের শিকার ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ অভিবাসীদের নিরাপদ আশ্রয়, সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে যশোরের বেনাপোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সেফ স্পেস’ বা ‘হাফওয়ে হোম’। গতকাল মঙ্গলবার বেনাপোলের দ্য সান রুফ হোটেলে আয়োজিত উদ্বোধনী সভার মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়। বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) পরিচালিত ‘গ্লোবাল অ্যাকশন অ্যাগেইন্সট ট্রাফিকিং ইন পারসন্স অ্যান্ড স্মাগলিং অব মাইগ্রেন্টস’ প্রকল্পের আওতায় উদ্যোগটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোর। সভায় জানানো হয়, মানবপাচারের শিকার ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য জেন্ডার-সংবেদনশীল এবং প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিত করাই এই হাফওয়ে হোমের প্রধান লক্ষ্য। এখানে অস্থায়ী নিরাপদ আশ্রয়, খাবার, প্রয়োজনীয় সামগ্রী, প্রাথমিক চিকিৎসা, আইনি সহায়তা এবং মনস্তাত্ত্বিক কাউন্সেলিংসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে। একই সঙ্গে তাদের শারীরিক, মানসিক ও সামাজিক পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

