হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো চার শিশু মারা গেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু। এর মধ্যে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত এক দিনে হামের উপসর্গে তিন শিশু সিলেটে ও এক শিশু ঢাকায় মারা গেছে। জানা গেছে, সিলেটে মারা যাওয়া তিন শিশুর বয়স ১০ মাসের কম। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১৬ হাজার ৭১০ শিশুর। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ শিশু। এ পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫ হাজার ৫২৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৬৪৯ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩২ জন, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ১১৫, সিলেটে ৬৬, খুলনায় ৩৮, ময়মনসিংহে ২২, রাজশাহীতে ২১ এবং রংপুর বিভাগে ১১ জন রয়েছে। আর ৪৯৮ জন সুস্থ হয়েছে।



