ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ফের শুরু হওয়ার পর গতকাল শুক্রবার কুয়েতের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ হামলায় কুয়েতি স্থলবাহিনীর বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে।
কুয়েতের সেনাপ্রধান এক বিবৃতিতে জানান, ‘আজ (শুক্রবার) সকালে ইরানি আগ্রাসনের ড্রোন আমাদের সেনাবাহিনীর একাধিক স্থাপনা ও ক্যাম্পে আঘাত হেনেছে। এতে আহত সেনা সদস্যদের আমি হাসপাতালে পরিদর্শন করেছি।’ এর আগে ইরানও কুয়েতে আঘাত হানার বিষয়টি স্বীকার করেছে।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি এক সোশ্যাল মিডিয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ না ইরানের দক্ষিণ উপকূল ও হরমুজ প্রণালিতে হামলা বন্ধ করবে, ততক্ষণ তেহরান এই অঞ্চলে তাদের আক্রমণ চালিয়ে যাবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘তেহরান ও ইরানের দক্ষিণাঞ্চল এক ও অবিচ্ছেদ্য। শত্রুদের ওপর এই লক্ষ্যভিত্তিক আক্রমণ অব্যাহত থাকবে।’
এদিকে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের বোমাবর্ষণ অভিযানের পরিকল্পনা করছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলে আরো ডজনখানেক অতিরিক্ত রিফুয়েলিং যুদ্ধবিমান পাঠানোর নোটিশ দিয়েছে। সূত্র : এএফপি ও টাইমস অব ইসরায়েল

