• ই-পেপার

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় শ্রী শিবা রাণী (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে পৌর শহরের কুয়েতি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে কোচিং ক্লাস শেষে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর শিবা রাণীর সাইকেলকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশে খবর দেয়।

পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও ট্রাক্টরটি হেফাজতে নেয়। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টর ও এর চালককে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমেশ্বরী-মহারশিতে পানি বেড়েছে, ঝিনাইগাতী বাজার প্লাবিত

শেরপুর প্রতিনিধি
সোমেশ্বরী-মহারশিতে পানি বেড়েছে, ঝিনাইগাতী বাজার প্লাবিত
ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বেড়ে শেরপুরের ঝিনাইগাতী সদর বাজার প্লাবিত হয়েছে। শনিবার তোলা। ছবি: সংগৃহীত

ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের সীমান্ত এলাকার নদ-নদীতে পানি বেড়েছে। মহারশি নদীর তীর উপচে পড়া পানিতে জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজার প্লাবিত হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, সোমেশ্বরী নদীতে পানি বেড়ে যাওয়ায় তা ঢুকে পড়েছে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর বাজারে। এতে দুর্ভোগে পড়েছে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। 

ঢলের তোড়ে নালিতাবাড়ীতে চেল্লাখালি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

শেরপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, আজ শনিবার (১৩ জুন) সকাল ৯টা পর্যন্ত ১২ ঘণ্টায় জেলার নালিতাবাড়ীতে ৩৫ মিলিমিটার, সীমান্তবর্তী নাকুগাঁও পয়েন্টে সর্বোচ্চ ১৮০ মিলিমিটার এবং শেরপুর সদরে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় চেল্লাখালি নদী নালিতাবাড়ীর বাতকুচি পয়েন্টে বিপৎসীমার দুই মিটার ওপর দিয়ে ২৩ দশমিক ৯৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। 

একই সময় ঝিনাইগাতীতে মহারশি নদীতে পানি ২১ দশমিক ৫০ মিটার এবং শ্রীবরদীতে সোমেশ্বরী নদীতে ২৩ দশমিক ৬৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল।

শেরপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোসা. জিয়াসমীন খাতুন রুনা বলেন, ‘উজান থেকে আসা আকস্মিক পাহাড়ি ঢলে নদ-নদীগুলোতে পানি বেড়েছে। আমরা মাঠপর্যায়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। নতৃন করে বৃষ্টিপাত না হলে ঢলের পানি দ্রুত নেমে যাবে বলে আশা করছি।’

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন সেই শিবির নেতা

অনলাইন ডেস্ক
ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন সেই শিবির নেতা

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লাকসামে উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে ভ্রুণ নষ্ট করার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ দাবি করছে, জিসানকে কেউ অপহরণ করেনি; তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ শনিবার দুপুর ১টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ভুক্তভোগীর করা মামলায় জিসান মিয়া প্রধান আসামি। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।

অভিযুক্ত জিসান মিয়া প্রধান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি ছিলেন। পরে আজ তাকে বহিষ্কার করা হয়।

দাউদকান্দি মডেল থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) সামছুল আলম বলেন, প্রাথমিক তদন্তে অপহরণের কোনো তথ্য পাওয়া যায়নি। বরং ব্যক্তিগত ও প্রতারণামূলক একটি ঘটনার জেরে জিসান নিজেই আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে এক নারী ধর্ষণ, ভ্রূণ নষ্টসহ বিভিন্ন অভিযোগ এনে মামলা করেছেন।

কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠক ব্যর্থ, শূন্যরেখায় ১২ জন

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠক ব্যর্থ, শূন্যরেখায় ১২ জন
ছবি: কালের কণ্ঠ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া ৪৭ বিজিবির উপ-অধিনায়ক (সিও) নুরুল হুদার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এবং বিএসএফের পক্ষে রানীনগর কম্পানি কমান্ডার সুনিল কুমার ইয়াদবের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

বিজিবি জানায়, বৈঠকে বিএসএফ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের অভিযোগ অস্বীকার করে। একই সঙ্গে শূন্যরেখায় অবস্থানরত ওই ১২ জনকে নিজেদের হেফাজতে নিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় বিজিবি আনুষ্ঠানিক প্রতিবাদ জানালে বিএসএফ বিষয়টি তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে বলে জানায়। ফলে আপাতত ওই ১২ জন শূন্যরেখায় অবস্থান করছেন।

ভারতের কেরালা থেকে পুশ ইনের জন্য আনা ব্যক্তিদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাথানপাড়া গ্রামের মৃত ওয়াসেদ আলীর ছেলে উজির আলী (৫০), তার স্ত্রী জয়নুর বেগম (৩৫), বড় ছেলে শিহাদ (১৭), মেজো ছেলে ইনজামুল (৮) এবং আড়াই বছরের শিশু সামাদ (২)। এ ছাড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের তিন সদস্য এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের চার সদস্য রয়েছেন। তারা সবাই নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।

গত শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ এই ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তারা ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেন।

পুশ ইনের শিকার ব্যক্তিদের দাবি, ভারতের কেরালা রাজ্য থেকে তাদের আটক করা হয়েছিল। পরে বিএসএফ তাদের বিলগাতুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে ৪টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। বিজিবির অভিযোগ, বিএসএফের অসহযোগিতার কারণে নির্ধারিত বৈঠকটি ভেস্তে যায়। ফলে ১২ জনকে সীমান্ত এলাকায় রাত কাটাতে হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৯টায় বিলগাতুয়া সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ পুশ ইনের বিষয়টি অস্বীকার করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখার জন্য সময় চেয়েছে।’

তিনি আরো বলেন, ‘সীমান্ত রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত | কালের কণ্ঠ