সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করেছে। এরই মধ্যে বিভিন্ন বিভাগে এ বায়ু সক্রিয় ও শক্তিশালী হয়ে উঠছে। এর প্রভাবে আজ শুক্রবার দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বর্ষার মৌসুমি বায়ু এরই মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়বে। এর ফলে আজ থেকে সারা দেশে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কয়েক বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এই বর্ষা সক্রিয়তার প্রভাবে দেশের ১৯টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝোড়ো আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।