স্বাস্থ্যসেবা খাতের জন্য ‘মেডএলএম—এ ফ্যামিলি অব ফাউন্ডেশন মডেল’ নিয়ে আসার ঘোষণা দিয়েছে গুগল। মেডএলএমের অন্তর্ভুক্ত দুটি এআই মডেল স্বাস্থ্যসেবা দানকারী ব্যক্তি ও গবেষকদের সহায়তা করবে। গুগলের ব্লগ পোস্টে কম্পানিটির হেলথকেয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড সলিউশনের গ্লোবাল ডিরেক্টর অশিমা গুপ্তা বলেন, ‘মেডএলএম স্যুটের দুটি ভাগ রয়েছে—লার্জ ও মিডিয়াম সাইজ এআই মডেল। অর্থের বিনিময়ে দুটি মডেলই ব্যবহার করা যাবে। মিডিয়াম সাইজ মডেলটি ব্যবহারের খরচ তুলনামূলকভাবে কম হবে। লার্জ মেডএলএম ব্যবহারে কম্পিউটারের প্রচুর শক্তি ব্যয় হবে। মডেলটি বিস্তারিত তথ্য জানাবে। যেমন—হাসপাতালে চিকিৎসা নেওয়া সব রোগীর তথ্য নিয়ে কোনো গবেষণা চালাতে গেলে এটি কাজে লাগবে। রিয়াল টাইমে ডাক্তার ও রোগীর মধ্যে হওয়া কথোপকথনের সারাংশ জানাতে কার্যকর হবে মিডিয়াম সাইজ মডেল।’ মিডিয়াম সাইজ মডেলটির লিখে দেওয়া সারাংশ যাচাই করে দেখবেন ডাক্তার। এরপর তা ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড হিসেবে সংরক্ষণ করা হবে। এআই মডেলের দুটি সংস্করণই তৈরি করা হয়েছে মার্চে উন্মোচিত ‘মেড-পালম ২’-এ। গত এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে মেড-পালম ২ মডেলটি এইচসিএ হেলথকেয়ার, মায়ো ক্লিনিক ও মেডিটেক হেলথকেয়ার কম্পানি ব্যবহার করতে পারছিল। এখন আরো কিছু হেলথকেয়ার কম্পানি এআই মডেলটির দুটি সংস্করণ ব্যবহার করতে পারবে। আপাতত যুক্তরাষ্ট্রের গুগল ক্লাউড কাস্টমাররা গুগলের ভার্টেক্স এআই প্ল্যাটফরম থেকে নতুন দুটি মডেল ব্যবহারের সুবিধা পাবে। ২০২৪ সালে গুগল আরো কয়েকটি মডেল যুক্ত করবে মেডএলএম ফ্যামিলিতে। গুগলের সর্বশেষ জেনারেটিভ এআই মডেল জেমিনির ওপর ভিত্তি করে এই এআই মডেলগুলো দাঁড় করানো হবে। উল্লেখ্য, ২০৩২ সাল নাগাদ হেলথকেয়ার এআই মার্কেটের বাজার হবে কয়েক হাজার কোটি ডলারের। সম্প্রতি মাইক্রোসফট ও অ্যামাজনও হেলথকেয়ার এআই মার্কেটে প্রবেশ করেছে। সূত্র : সিএনবিসি