• ই-পেপার

৫ বছর পর বাড়ি ফেরার স্বপ্ন, ফিরছেন লাশ হয়ে

সীমানা নিয়ে বিরোধ: গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
সীমানা নিয়ে বিরোধ: গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রের মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহমিদ রুমন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ভাই ফারদিন রুহিত আহত হন।

রবিবার (৬ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার ত্রিমোহনী এলাকার পেয়ারাপুরে এ ঘটনা ঘটে। নিহত গাইবান্ধা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ফাহমিদ রুমন ও আহত তার সহোদর ফারদিন রুহিত ওই এলাকার মৃত ফারুক ইসলামের ছেলে।

চিকিৎসাধীন আহত ফারদিন রুহিত জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী ছানা মিয়ার সঙ্গে তাদের বিরোধ চলছিল। সম্প্রতি তারা আমিন দিয়ে পরিমাপ করে তাদের বাড়ির সীমানা নির্ধারণ করে নেন। নির্ধারিত সীমানায় দেয়াল তুলতে গেলে প্রতিবেশী ছানা মিয়া বাধা দেন এবং তার মা ও ছোট ভাই রুমনকে মারধর করে।

স্থানীয়রা জানান, গার্মেন্টস কর্মী রুহিত ঢাকা থেকে ফিরে রবিবার কেউ নাকি রাতে ছানা মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তার ছেলে রাকিব রুহিত ও রুমনকে ছুরিকাঘাত করে। আশেপাশের লোকজন গুরুতর আহত দুই ভাইকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে  কর্তব্যরত চিকিৎসক ফাহমিদ রুমনকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে দুই পক্ষের দুজন আহত। 

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

নোয়াখালী প্রতিনিধি
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭
সংগৃহীত ছবি

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজন রয়েছে।

রবিবার (৬ জুন) মামলার এজাহারভুক্ত ২৪ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল চলাকালে তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। 

এ ঘটনায় সুধারাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা হয়। মামলা রুজুর পর শুক্রবার দিবাগত রাতে এজাহারনামীয় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ২৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, এ মামলায় এখন পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত ও অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ছাত্রলীগের শুক্রবারের কর্মসূচির রেশ ধরে শনিবার বিকেলে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লকিয়া গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রদলের নেতা-কর্মিদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগের একটি অফিস ঘর ও বিএনপি কর্মিদের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়।

সারাদিন বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ, আরো ২৪ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
সারাদিন বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ, আরো ২৪ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা
ফাইল ছবি

ঢাকার হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে ত্রুটির কারণে রবিবার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে বিকেলে বিকল্প গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলেও সোমবার রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিবার (৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান।

ডিপিডিসি সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের একটি তার ছিঁড়ে গেলে নারায়ণগঞ্জের পূর্ব ও পশ্চিম জোনে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে শহর ও আশপাশের এলাকায় দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়। বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দেয়।

ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, হাসনাবাদে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনেই বিদ্যুৎ ছিল না। বিকেলে চাহিদা কমে আসায় এবং বিকল্প পাঁচটি গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, হাসনাবাদ গ্রিডে ত্রুটি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত সোমবার প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে। তবে রোববার রাতে লোডশেডিং হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে ডিপিডিসি নারায়ণগঞ্জের প্রকৌশলী কামাল হোসেন বলেন, হাসনাবাদ উপকেন্দ্রটি ডিপিডিসির আওতাধীন নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতকাজ শেষ না করা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। সে কারণে সাময়িকভাবে লোডশেডিং অব্যাহত থাকতে পারে।

দিনভর বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নগরবাসী দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সামান্য ত্রুটিতেই পুরো জেলার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়া উদ্‌বেগজনক এবং এতে শিল্প প্রতিষ্ঠান সহ আবাসিক এলাকা গুলোতেও চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

কক্সবাজারে অপহৃত শিশু মহেশখালীর পাহাড় থেকে উদ্ধার, রোহিঙ্গা নারী আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারে অপহৃত শিশু মহেশখালীর পাহাড় থেকে উদ্ধার, রোহিঙ্গা নারী আটক
সংগৃহীত ছবি

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকা থেকে অপহৃত শিশু আবির হোসেনকে (৫) মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) বিকেলে মহেশখালীর দেবেঙ্গাপাহাড় পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে রংবাহার নামের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শিশুটি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা। গত ৫ জুন রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরে অপহরণকারীরা পরিবারের কাছে ফোন করে শিশুটিকে ফেরত দেওয়ার শর্তে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পর শিশুটির মা সুমি আক্তার কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অপহরণকারীদের শনাক্ত ও শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং রংবাহার নামের এক নারীকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাকে উখিয়ার কুতুপালং-৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘জিডি হওয়ার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশখালী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অপহরণ চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।’