আমেরিকার লাস ভেগাসে চলছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)। প্রযুক্তি প্রদর্শনের এই বৈশ্বিক মঞ্চে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবন ও পণ্য প্রদর্শন করছে। সিইএসে দর্শনার্থী, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ এবং এ খাতের ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ভবিষ্যৎ পৃথিবী দেখার প্রযুক্তি মেটাভার্স, চালকবিহীন গাড়ি এবং স্মার্ট বাড়ি। চার দিনের এ প্রদর্শনী শেষ হবে আজ রবিবার। ‘সিইএস ২০২৩’ আসরে ব্যাপক প্রভাব বিস্তার করেছে মেটাভার্স থিম। এই প্রযুক্তির ফলে অনলাইনের ভার্চুয়াল জগেক সত্যিকারের বাস্তব পৃথিবীর মতো মনে হবে যেখানে মানুষের গতিবিধি হবে বহুমাত্রিক। মেটাভার্সের দুনিয়ায় ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেট, অগমেন্টেড রিয়ালিটি চশমা, স্মার্টফোন অ্যাপ কিংবা অন্যান্য ডিভাইসের মাধ্যমে অফিসের কাজ থেকে শুরু করে খেলা, কনসার্ট, সিনেমা, অনলাইন শপিং, এমনকি বন্ধুদের সঙ্গে আড্ডাও দেওয়া যায়। সিইএসে অনেক কম্পানি ভিআর এবং এআর প্রযুক্তিতে তাদের উদ্ভাবনী পণ্যগুলো উন্মোচন করেছে। এর মধ্যে স্পিচ প্রাইভেসি মাস্ক থেকে শুরু করে স্মার্ট গল্ফিং টুলস, স্মার্ট পাঞ্চিং ব্যাগ কভার, ইলেকট্রিক ইনলাইন স্কেটের মতো উদ্ভাবনী পণ্য রয়েছে। প্রদর্শনীতে স্টার্ট-আপ প্রতিষ্ঠান ‘ওভিআর টেকনোলজি’ এমন একটি হেডসেট উপস্থাপন করছে, যাতে গেমিংয়ের বাইরেও স্বাস্থ্যসংক্রান্ত অ্যাপ্লিকেশন আছে। সিইএসের একটি অংশও দেওয়া হয়েছে ওয়েবথ্রি প্রযুক্তির জন্য। যেখানে মাইক্রোসফট এবং গাড়ি নির্মাতা স্টেলান্টিস যৌথভাবে মেটাভার্সের একটি শোরুম তৈরিতে কাজ করছে। সিইএসে প্রদর্শনীতে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডার সঙ্গে যৌথভাবে তৈরি বিশেষ ইলেকট্রিক গাড়ির প্রোটোটাইপ নিয়ে এসেছে সনি। ‘আফিলা’ নামে গাড়িটিতে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালানোর সুযোগ এবং বনেটের সামনে বিশাল এলইডি পর্দা। এদিকে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের স্টলে চালকবিহীন গাড়ি দেখতে দর্শক ভিড় জমাচ্ছে। এই প্রথম বাংলাদেশ থেকে সিইএস প্রদর্শনীতে অংশ নিয়েছে ওয়ালটন। সিইএসে প্রতিষ্ঠানটি সবুজ ও টেকসই নানা স্মার্ট গৃহস্থালি এবং প্রযুক্তিপণ্য উপস্থাপন করছে। ওয়ালটনের পণ্যে মানুষের স্মার্ট জীবন যাপন, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা এবং পরিবেশের সুরক্ষার বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়েছে। প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো স্মার্ট বাড়ির ওপর খুব গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন গৃহস্থালি পণ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই প্রযুক্তির সংযোজন স্মার্ট বাড়ির ধারণাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। ওয়ালটন সূত্রে জানা গেছে, সিইএস প্রদর্শনীতে তারা এআই-নির্ভর নানা স্মার্ট ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। যার মধ্যে রয়েছে স্মার্ট ফ্রিজ, স্মার্ট টিভি ও এডুকেশনাল ডিসপ্লে, স্মার্ট এসি, স্মার্ট ওয়াশিং মেশিন, স্মার্ট টেবিল, স্মার্ট এলইডি লাইট ইত্যাদি। সিইএস ফেয়ারের সেন্ট্রাল হলের ওয়ালটনের ১৭৯২৮ নম্বর প্যাভিলিয়নটিতে প্রথম দিন থেকেই আমেরিকার ফ্লোরিডা, মিয়ামি, মিনোসোটা ইত্যাদি অঙ্গরাজ্য থেকে দর্শনার্থীসহ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছেন। ওয়ালটনের কর্মকর্তারা জানান, মেক্সিকো, ব্রাজিল, লাইবেরিয়া, কাতার, ওমান, লিবিয়া, নাইজেরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে তাঁদের দেশে ওয়ালটন পণ্য আমদানির বিষয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। আমেরিকার সবচেয়ে বড় একটি অনলাইন মার্কেটপ্লেসের সঙ্গে ওয়ালটনের দ্বিপক্ষীয় ব্যবসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী ফেব্রুয়ারি কিংবা মার্চ থেকে ওই মার্কেটপ্লেসের মাধ্যমে আমেরিকার বাজারে ওয়ালটন পণ্য বিক্রির জন্য উন্মুক্ত হবে।