রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। পৃথক ঘটনায় উত্তরায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা ব্যবসায়ী নিহত হন। এ ছাড়া পাবনায় নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে নানা-নানিসহ চারজন, নেত্রকোনায় দুই ট্রাকের সংঘর্ষে চালক, টাঙ্গাইলে এক মোটরসাইকেলচালক এবং রাজবাড়ীতে এক কৃষক প্রাণ হারিয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের খবরে—
রাজধানী : গতকাল ভোরে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসীমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর। জানা গেছে, ম্যাচ দেখে মোটরসাইকেলে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাঁদের চাপা দেয়। অন্যদিকে গত বুধবার রাতে জসীমউদ্দীন রোডের ইউটার্ন মোড়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আনোয়ারুল হক নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবসায়ী নিহত হয়েছেন।
পাবনা : গতকাল ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলো জেলার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিক, তাঁর স্ত্রী বুলি খাতুন, একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিশু নাফিজ এবং মাইক্রোবাসচালক পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকার রাজ হোসেন। নিহত ছলিম প্রামাণিক ও তাঁর স্ত্রী বুলি খাতুন সম্পর্কে শিশু কেয়ার নানা ও নানি।
নেত্রকোনা : গতকাল নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) আহত হন। নিহত রুবান মিয়া মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (১৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল কালিহাতী পৌর এলাকার কামার্থী বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। নিহত আল-আমিন বেহালাবাড়ী গ্রামের মোহাম্মদ আরিফের ছেলে।
রাজবাড়ী : কালুখালী উপজেলায় গতকাল পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত করিমন (নছিমন) দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন মনা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক কৃষক গুরুতর আহত হয়েছেন। নিহত ইব্রাহিম হোসেন মনা পাংশা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা।