• ই-পেপার

শ্রমিকদের বিক্ষোভে কারখানা বন্ধ

আবু সাঈদ হত্যা

খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল

নিজস্ব প্রতিবেদক
খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল

চব্বিশের জুলাই আন্দোলন চলার সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি খালাস চেয়ে আপিল করেছেন। তাঁরা হলেনপুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আরো দুই আসামি। তাঁরা হলেনবেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল।

গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দণ্ডিত এই চার আসামির পক্ষে পৃথক আপিল করা হয় বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী আজিজুর রহমান দুলু। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলার মধ্যে ২০২৪ সালের ১৬ জুলাই বেরোবির শিক্ষার্থী আবু সাঈদকে হত্যা করা হয়। আন্দোলন চলার সময় দুই হাত দুই দিকে প্রসারিত করে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে যান তিনি। মামলার বিবরণে বলা হয়েছে, সে সময় গুলিবিদ্ধ হন আবু সাঈদ। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  

কী যুক্তিতে আপিল করা হয়েছে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু কালের কণ্ঠকে বলেন, রায়ে বলা হয়েছে, আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে যুক্তি দেওয়া হয়, যদি গুলিতেই আবু সাঈদের মৃত্যু হয়, তবে গুলি খাওয়া ব্যক্তি অর্থাৎ আবু সাঈদের পরনে যে গেঞ্জি ছিল, সেই গেঞ্জিতে গুলি লাগার চিহ্ন থাকবে। মানে গুলির এন্ট্রি ও এক্সিটের ছিদ্র থাকবে। কিন্তু আবু সাঈদের যে গেঞ্জিটি এক্সিবিট (প্রদর্শনী) হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে, তাতে এ রকম কোনো চিহ্ন নেই। এমনকি গুলিবিদ্ধ হওয়ার এক্স-রে বা রেডিওপিক টেস্ট নেই। এর ফলে সন্দেহ থেকে যায়, আবু সাঈদের মৃত্যু আদৌ গুলিতে হয়েছে কি না। আর সন্দেহাতীতভাবে হত্যাকাণ্ডটি প্রমাণিত না হলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। এই যুক্তিসহ আরো কিছু যুক্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে আপিল ফাইল করা হয়েছে।

পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি শরীফুল ইসলাম ও রাফিউল হাসান রাসেলের আপিল কী যুক্তিতে করা হয়েছে, জানতে চাইলে এই আইনজীবী বলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ হলো যে আন্দোলনকারীদের ওপর হামলার ক্ষেত্রে এই দুজন পুলিশকে উসকানি দিয়েছেন। এ ক্ষেত্রে যুক্তি হচ্ছে, পুলিশ একটি বিধিবদ্ধ আইন প্রয়োগকারী সংস্থা। পুলিশ আইন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করে থাকে। ছাত্রনেতা বা অন্য কারো নির্দেশে এই বাহিনীর সদস্যরা কাজ করেন না। এ ছাড়া এই দুজনের বিরুদ্ধে উসকানি দেওয়ার কোনো প্রমাণ নেই।

 

সচিব কমিটিতে চার শতাধিক নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
সচিব কমিটিতে চার শতাধিক নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন

নতুন অর্থবছরের শুরুতে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির প্রথম সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৩টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রস্তাবের মধ্যে নতুন পদ সৃষ্টি, বিদ্যমান পদ পুনর্বিন্যাস, নিয়োগ বিধিমালা অনুমোদন এবং নতুন প্রতিষ্ঠানের জনবলকাঠামো নির্ধারণের বিষয় রয়েছে। নির্দিষ্ট জনবলসংবলিত প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে অন্তত ৪২৭টি নতুন পদ সৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের নতুন ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদসচিব ড. নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা
উপস্থিত ছিলেন। সম্প্রতি জারি করা নির্দেশনা অনুযায়ী, এ ধরনের সভায় সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

সভায় সবচেয়ে বেশি জনবল সৃষ্টির প্রস্তাব এসেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে। সমাজসেবা অধিদপ্তরের অধীনে ২৫ শয্যার আটটি শান্তি নিবাস-এর জন্য ৮০টি পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

 

দুই দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কালের কণ্ঠ ডেস্ক
দুই দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

দুই দাবিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ২০২১ সালের সার্কুলারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। দাবি দুটি হলো২০২১ সালের সার্কুলারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করতে হবে এবং বার্ষিক বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার সিভিল এভিয়েশন অথরিটির হেডকোয়ার্টারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, যোগদানের চার বছরের বেশি সময় পার হলেও তাঁদের চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে।

আয়োজকরা বলছেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও চাকরি স্থায়ীকরণ না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা পেশাগত ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই তাঁদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

 

দুই সাংবাদিকসহ সড়কে ঝরল ১০ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
দুই সাংবাদিকসহ সড়কে ঝরল ১০ প্রাণ

রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। পৃথক ঘটনায় উত্তরায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা ব্যবসায়ী নিহত হন। এ ছাড়া পাবনায় নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে নানা-নানিসহ চারজন, নেত্রকোনায় দুই ট্রাকের সংঘর্ষে চালক, টাঙ্গাইলে এক মোটরসাইকেলচালক এবং রাজবাড়ীতে এক কৃষক প্রাণ হারিয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের খবরে

রাজধানী : গতকাল ভোরে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসীমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর। জানা গেছে, ম্যাচ দেখে মোটরসাইকেলে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাঁদের চাপা দেয়। অন্যদিকে গত বুধবার রাতে জসীমউদ্দীন রোডের ইউটার্ন মোড়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আনোয়ারুল হক নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবসায়ী নিহত হয়েছেন। 

পাবনা : গতকাল ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলো জেলার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিক, তাঁর স্ত্রী বুলি খাতুন, একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিশু নাফিজ এবং মাইক্রোবাসচালক পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকার রাজ হোসেন।  নিহত ছলিম প্রামাণিক ও তাঁর স্ত্রী বুলি খাতুন সম্পর্কে শিশু কেয়ার নানা ও নানি।

নেত্রকোনা : গতকাল নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) আহত হন। নিহত রুবান মিয়া মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। 

টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (১৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল কালিহাতী পৌর এলাকার কামার্থী বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। নিহত আল-আমিন  বেহালাবাড়ী গ্রামের মোহাম্মদ আরিফের ছেলে।

রাজবাড়ী : কালুখালী উপজেলায় গতকাল পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত করিমন (নছিমন) দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন মনা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক কৃষক গুরুতর আহত হয়েছেন। নিহত ইব্রাহিম হোসেন মনা পাংশা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা।