চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় প্রবাসীদের বিনিয়োগ ও জীবনযাত্রার মান বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বহুতল ভবন নির্মাণ। তবে এসব ভবন নির্মাণে বেশির ভাগ মালিক তোয়াক্কা করছেন না পৌরসভার সুনির্দিষ্ট আইন কিংবা জাতীয় বিল্ডিং কোড। সরকারি বিধি ভঙ্গ করে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে ওঠা এসব ভবনের কারণে পৌর সদর এলাকা ভূমিকম্পের ঝুঁকিতে যেমন রয়েছে, তেমনি যানজট ও জলাবদ্ধতা বেড়েই চলেছে প্রতিনিয়ত। জানা গেছে, নিয়ম অনুযায়ী ভবনের লে-আউট ও ফাউন্ডেশন দেওয়ার সময় পৌরসভাকে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও বেশির ভাগ মালিক তা মানছেন না। পাঁচতলার অনুমোদন নিয়ে অনেকে সাত থেকে আটতলা পর্যন্ত নির্মাণ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাঈদ মুহাম্মদ ইব্রাহিম জানান, নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

