• ই-পেপার

ফ্ল্যাট ভাড়া নিয়ে ভাই-বোনের গাঁজা ব্যবসা

ফটিকছড়িতে বহুতল ভবন তৈরির হিড়িক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে বহুতল ভবন তৈরির হিড়িক

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় প্রবাসীদের বিনিয়োগ ও জীবনযাত্রার মান বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বহুতল ভবন নির্মাণ। তবে এসব ভবন নির্মাণে বেশির ভাগ মালিক তোয়াক্কা করছেন না পৌরসভার সুনির্দিষ্ট আইন কিংবা জাতীয় বিল্ডিং কোড। সরকারি বিধি ভঙ্গ করে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে ওঠা এসব ভবনের কারণে পৌর সদর এলাকা ভূমিকম্পের ঝুঁকিতে যেমন রয়েছে, তেমনি যানজট ও জলাবদ্ধতা বেড়েই চলেছে প্রতিনিয়ত। জানা গেছে, নিয়ম অনুযায়ী ভবনের লে-আউট ও ফাউন্ডেশন দেওয়ার সময় পৌরসভাকে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও বেশির ভাগ মালিক তা মানছেন না। পাঁচতলার অনুমোদন নিয়ে অনেকে সাত থেকে আটতলা পর্যন্ত নির্মাণ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাঈদ মুহাম্মদ ইব্রাহিম জানান, নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

২০ টন সরকারি চাল জব্দ, দুজন গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
২০ টন সরকারি চাল জব্দ, দুজন গ্রেপ্তার

নেত্রকোনার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল কালোবাজারে বিক্রির ঘটনায় মামলা হয়েছে। মদন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়া বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৮-১০ জনকে আসামি করে গতকাল শুক্রবার মদন থানায় মামলাটি করেন। মামলার আসামিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ছোটগড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে ট্রাকচালক শামীম মিয়া (৩২), ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার ছপিল উদ্দিন আকন্দের ছেলে ট্রাকচালকের সহকারী মো. শাহিন মিয়া (৩৪) ও মদন পৌরসভার মনোহরপুর গ্রামের মৃত নুরুল আওয়াল তালুকদারের ছেলে এনামুল হক আনার (৬০)। এ ঘটনায় ট্রাকচালক শামীম মিয়া ও তারই সহকারী শাহিন মিয়াকে শুক্রবার বিকেলে নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।

সিলেটের বিছনাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের বিছনাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত বণিক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে ব্যাচের সহপাঠীদের সঙ্গে পানিতে নেমে তিনি নিখোঁজ হন।

শান্ত ওই বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাত ৮টায় এই প্রতিবেদন লেখার সময়ও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

বিছানাকান্দি ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আমাদের বিষয়টি জানানো হয়। সিলেট থেকে ডুবুরিদল রওনা দিয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তারা পৌঁছায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, আমরা জেলা পরিষদ থেকে ডুবুরি পাঠানোর চেষ্টা করছি। একই সঙ্গে গোয়াইনঘাটের ইউএনওকে রিকোয়েস্ট করেছি স্থানীয় ডুবুরি দিয়ে উদ্ধারের চেষ্টার জন্য। সে তার তৎপরতা চালাচ্ছে। স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছি।

এ বিষয়ে জানতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

 

 

আগুনে শেষ হয়ে গেল কালামের পুরো পরিবার

তিন সন্তানসহ মা-বাবার মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
আগুনে শেষ হয়ে গেল কালামের পুরো পরিবার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের মা-বাবা ও তিন সন্তানের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের শেষ সদস্য মা সায়মা (৩২) মারা যান।

আগুনের এই ঘটনায় চটপটি বিক্রেতা মো. কালামের (৩৫) পুরো পরিবার শেষ হয়ে গেল। ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সাত বছরের শিশু মুন্না। একই দিন দুপুরে মারা যায় বড় বোন মুন্নি (১০)। গত বুধবার সন্ধ্যায় মারা যায় তাদের আরেক সন্তান কথা। গত সোমবার সকালে শিশুদের বাবা কালাম মারা যান। গত রবিবার সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় ছয়তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাঁরা দগ্ধ হন। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।