• ই-পেপার

সিলেটের বিছনাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ

ফটিকছড়িতে বহুতল ভবন তৈরির হিড়িক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে বহুতল ভবন তৈরির হিড়িক

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় প্রবাসীদের বিনিয়োগ ও জীবনযাত্রার মান বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বহুতল ভবন নির্মাণ। তবে এসব ভবন নির্মাণে বেশির ভাগ মালিক তোয়াক্কা করছেন না পৌরসভার সুনির্দিষ্ট আইন কিংবা জাতীয় বিল্ডিং কোড। সরকারি বিধি ভঙ্গ করে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে ওঠা এসব ভবনের কারণে পৌর সদর এলাকা ভূমিকম্পের ঝুঁকিতে যেমন রয়েছে, তেমনি যানজট ও জলাবদ্ধতা বেড়েই চলেছে প্রতিনিয়ত। জানা গেছে, নিয়ম অনুযায়ী ভবনের লে-আউট ও ফাউন্ডেশন দেওয়ার সময় পৌরসভাকে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও বেশির ভাগ মালিক তা মানছেন না। পাঁচতলার অনুমোদন নিয়ে অনেকে সাত থেকে আটতলা পর্যন্ত নির্মাণ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাঈদ মুহাম্মদ ইব্রাহিম জানান, নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

২০ টন সরকারি চাল জব্দ, দুজন গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
২০ টন সরকারি চাল জব্দ, দুজন গ্রেপ্তার

নেত্রকোনার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল কালোবাজারে বিক্রির ঘটনায় মামলা হয়েছে। মদন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়া বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৮-১০ জনকে আসামি করে গতকাল শুক্রবার মদন থানায় মামলাটি করেন। মামলার আসামিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ছোটগড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে ট্রাকচালক শামীম মিয়া (৩২), ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার ছপিল উদ্দিন আকন্দের ছেলে ট্রাকচালকের সহকারী মো. শাহিন মিয়া (৩৪) ও মদন পৌরসভার মনোহরপুর গ্রামের মৃত নুরুল আওয়াল তালুকদারের ছেলে এনামুল হক আনার (৬০)। এ ঘটনায় ট্রাকচালক শামীম মিয়া ও তারই সহকারী শাহিন মিয়াকে শুক্রবার বিকেলে নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।

ফ্ল্যাট ভাড়া নিয়ে ভাই-বোনের গাঁজা ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফ্ল্যাট ভাড়া নিয়ে ভাই-বোনের গাঁজা ব্যবসা

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক কারবারের সময় ভাই-বোনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গতকাল শুক্রবার র‌্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার র‌্যাব জানতে পারে, চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকার জাহাঙ্গীর আলমের তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে মাদক বিক্রির জন্য গাঁজা মজুদ রাখা হয়েছে। পরে ভবনটির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দেখা যায়, কয়েকজন রুমে বসে গাঁজার পুরিয়া তৈরি করছে। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক বলেন, পাখি আক্তার ও তাঁর ভাই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে গাঁজার ব্যবসা চালিয়ে আসছিলেন। অন্যরা তাঁদের সহযোগী।

আগুনে শেষ হয়ে গেল কালামের পুরো পরিবার

তিন সন্তানসহ মা-বাবার মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
আগুনে শেষ হয়ে গেল কালামের পুরো পরিবার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের মা-বাবা ও তিন সন্তানের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের শেষ সদস্য মা সায়মা (৩২) মারা যান।

আগুনের এই ঘটনায় চটপটি বিক্রেতা মো. কালামের (৩৫) পুরো পরিবার শেষ হয়ে গেল। ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সাত বছরের শিশু মুন্না। একই দিন দুপুরে মারা যায় বড় বোন মুন্নি (১০)। গত বুধবার সন্ধ্যায় মারা যায় তাদের আরেক সন্তান কথা। গত সোমবার সকালে শিশুদের বাবা কালাম মারা যান। গত রবিবার সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় ছয়তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাঁরা দগ্ধ হন। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।