• ই-পেপার

কর্মীর কবর জিয়ারতে এমপি জিন্নাহ কবির, আদর্শ অনুসরণের আহ্বান

নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতার ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতার ফ্রি অ্যাম্বুলেন্স সেবা
ছবি : কালের কণ্ঠ

‘সবার আগে বাংলাদেশ, হৃদয়ে নারায়ণগঞ্জ’ স্লোগানকে সামনে রেখে সাবেক যুবদল নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। শনিবার (১৬ মে) থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ সেবা আপাতত শহরের ১১ নম্বর ওয়ার্ড থেকে ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গ্রহণ করতে পারবেন।

উদ্যোক্তারা জানান, এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের খানপুর হাসপাতাল, ভিক্টোরিয়া হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হবে। এছাড়া বাসা বা হাসপাতাল থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য আনা-নেয়া এবং মৃতদেহ বাসা থেকে কবরস্থান বা শ্মশানে পৌঁছে দেওয়ার কাজও বিনামূল্যে করা হবে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ করা। অসুস্থ ও অসহায় মানুষ যেন দ্রুত চিকিৎসাসেবা পায় এবং জরুরি মুহূর্তে পরিবহন সংকটে না পড়ে, সে চিন্তা থেকেই আমাদের এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। জনগণ উপকৃত হলে পর্যায়ক্রমে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাতেও আলাদা অ্যাম্বুলেন্স দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতে এই সেবা ঢাকা পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। খুব দ্রুত আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, তবে এখন থেকেই পরীক্ষামূলকভাবে সাধারণ মানুষ এই সেবা নিতে পারবেন।’

প্রসঙ্গত, সেবা নিতে ০১৭০৬৮৩৩০৯৪ এবং ০১৩৫৭০৭৭৮১২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আমরা প্রত্যেক পরিবারকে সমৃদ্ধ করতে চাই : বিমান প্রতিমন্ত্রী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আমরা প্রত্যেক পরিবারকে সমৃদ্ধ করতে চাই : বিমান প্রতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকটি পরিবারকে সমৃদ্ধ করতে চাই। আজ যেসব মায়েরা ফ্যামিলি কার্ড পেয়েছেন, তারা প্রতি মাসে এর সুবিধা পাবেন এবং আজীবন এই সুবিধা ভোগ করবেন।’

তিনি জানান, জামালপুর জেলার উন্নয়নে একযোগে কাজ করছেন স্থানীয় সংসদ সদস্যরা।

তার ভাষায়, ‘জামালপুরের পাঁচটি আসনে এক সংরক্ষিত আসনসহ আমরা ছয়জন এমপি রয়েছি। আমরা সবাই মিলে জামালপুরকে দেশের অন্যতম উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই উন্নয়নে আমরা আপনাদের সহযোগিতা চাই।’

শনিবার (১৬ মে) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি।

অনুষ্ঠানে বগারচর ইউনিয়নের টালিপাড়া ও সাতভিটা এলাকার মোট ১ হাজার ২৯৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

মোবাইল কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
মোবাইল কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
সংগৃহীত ছবি

বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে রমজানা (১৪) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে ৪টায় গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের রতনদী গ্রামে। আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে গলাচিপা থানার ডিউটি অফিসার এএসআই মইনুল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রতনদী গ্রামের সৌদি প্রবাসী আমিনুল ইসলামের মেয়ে রমজানা। রমজানা গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে নতুন মোবাইল ফোন কেনার আবদার করে। এসএসসি পরীক্ষার পর ফোন কিনে দেবে বললেও ক্ষুব্ধ হয় রমজানা। ঘরের অন্য সদস্যরা বারান্দায় বসে কথা বলছিল।

এসময় রমজানা তার শোবার ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছু সময় পর রমজানার মা পপি বেগম মেয়ে রমজানাকে ডাকলে কোনো সাড়া দেয় না। পরে মা পপি বেগমের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। স্থানীয় লোকজনের সহায়তায় রমজানাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে।

এ বিষয়ে গলাচিপা থানার ডিউটি অফিসার এএসআই মইনুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। গলাচিপা থানায় অপমৃত্যু মামলা করা হবে। 

দেশে অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

লালমনিরহাট প্রতিনিধি
দেশে অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
ছবি: কালের কণ্ঠ

আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাটের সীমান্তবর্তী দহগ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় দুটি কূটনৈতিকসহ তার ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশ করেছিলেন।

সাব্বির বিন শামস আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রধান নির্বাহী পরিচালক ছিলেন। এ ছাড়া লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি লালমনিরহাট শহরে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।

রাত ৮টার দিকে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, আপাতত দুদকের একটি মামলার তথ্য পেয়েছি। সাব্বির বিন শামসকে লালমনিরহাট নিয়ে আসা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে।