• ই-পেপার

উত্তর ও উত্তর-পূর্বে নদ-নদীর পানি বাড়ছে

  • কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ
  • চট্টগ্রামের ৩ উপজেলায় নিরাপদ পানির সংকট

কুষ্টিয়ায় মাদক ব্যবসার বিরোধে দুজনকে কুপিয়ে হত্যা

৪ জেলায় ৫ খুন, ২ লাশ

কালের কণ্ঠ ডেস্ক
কুষ্টিয়ায় মাদক ব্যবসার বিরোধে দুজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় মাদক ব্যবসার বিরোধে প্রতিপক্ষের বাড়িতে হামলা করে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে গৃহকর্তা নিহত হয়েছেন। ভোলায় জমি নিয়ে বিরোধে খুন হয়েছেন এক কৃষক। চাঁপাইনবাবগঞ্জে সত্মায়ের  হাতে মেয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ঝালকাঠি ও ফরিদপুরে উদ্ধার করা হয়েছে দুজনের লাশ। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

কুষ্টিয়া : খোকসা উপজেলার দেবীনগর গ্রামে মাদক ব্যবসার বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন (৪০) দেবীনগর এলাকার চাঁদ আলীর ছেলে ও আব্দুল শেখ (৩২) আতিয়ার শেখের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মেম্বারের বিরোধ ছিল। এর জের ধরে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালান। এ সময় ছালিম পালিয়ে গেলেও তাঁর বাড়িতে থাকা অনুসারী ফারুক, আব্দুল শেখ, আতি শেখ ও মল্লিক মণ্ডলকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

নরসিংদী : মাধবদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ শাহজাহান (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তাঁর চাচা সুরুজ মিয়াও গুরুতর আহত হন।

শুক্রবার রাতে নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলা : তজুমদ্দিন উপজেলায় বসতঘরের জমি নিয়ে বিরোধের জেরে গতকাল সকালে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুর ইসলাম (৫৫) শম্ভুপুর ইউনিয়নের বাদলিপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় আবু জাফর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ : সত্মায়ের নির্যাতনে তাজকেরা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে শহরের প্রান্তিকপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। 

শিশুটি গোমস্তাপুরের কাঞ্চনতলা গ্রামের কামরুলের মেয়ে। তাঁর দ্বিতীয় স্ত্রী লাকির বিরুদ্ধে সেময়ে তাজকেরাকে মাঝে মধ্যেই নির্যাতনের অভিযোগ করেন প্রতিবেশীরাও।

ঝালকাঠি : হাত-পা বাঁধা ও বস্তায় মাথা প্যাঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের একটি ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের মালপত্র নিয়ে গেছে বলেও জানায় পুলিশ। শুক্রবার দুপুর থেকে রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম মলিনা রায় (৪৫)। ওই নারী নিচতলার ফ্ল্যাটে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাড়ির লোকজন রথযাত্রা উপলক্ষে সকালে গ্রামের বাড়িতে যায়। নিচতলায় মলিনা রায় একা ছিলেন। সন্ধ্যায় মেয়ে পূজা রায় বাড়িতে ফিরলে তাঁর মায়ের লাশ দেখতে পান।

ফরিদপুর : সদরের চরমাধবদিয়া ইউনিয়নের ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৫) নিখোঁজ হওয়ার দুই দিন পর পাটক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মমিনখাঁর হাটসংলগ্ন একটি পাটক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

নিহত ইউসুফ ফকির ওই এলাকার সহির উদ্দিন ফকিরের ছেলে। পরিবারের অভিযোগ, অপহরণের পর মুক্তিপণ হিসেবে ৩০ হাজার টাকা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে।

হামে আরো চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামে আরো চার শিশুর মৃত্যু
হামসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে অনেক শিশু। উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে অনেককে রাজধানীর শিশু হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। ছবি : লুৎফর রহমান

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো চার শিশু মারা গেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু। এর মধ্যে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত এক দিনে হামের উপসর্গে তিন শিশু সিলেটে ও এক শিশু ঢাকায় মারা গেছে। জানা গেছে, সিলেটে মারা যাওয়া তিন শিশুর বয়স ১০ মাসের কম। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১৬ হাজার ৭১০ শিশুর। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ শিশু। এ পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫ হাজার ৫২৯ জন।

 গত ২৪ ঘণ্টায় ৬৪৯ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩২ জন, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ১১৫, সিলেটে ৬৬, খুলনায় ৩৮, ময়মনসিংহে ২২, রাজশাহীতে ২১ এবং রংপুর বিভাগে ১১ জন রয়েছে।  আর ৪৯৮ জন সুস্থ হয়েছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে কাল দায়িত্ব নিচ্ছেন বার্নহ্যাম

কালের কণ্ঠ ডেস্ক
ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে কাল দায়িত্ব নিচ্ছেন বার্নহ্যাম
অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল সোমবার দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। গত শুক্রবার দলের এক সম্মেলনে লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন তিনি। বৃহত্তর ম্যানচেস্টারের সাবেক এই মেয়র দলীয় সংসদ সদস্য, ট্রেড ইউনিয়ন এবং তৃণমূলের ব্যাপক সমর্থন পেয়ে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। লন্ডনের টিইউসি সদর দপ্তরে আয়োজিত দলের বিশেষ সম্মেলনে অ্যান্ডি বার্নহ্যামের নাম ঘোষণা করেন নীতিনির্ধারণী নির্বাহী কমিটির প্রধান শাবানা মাহমুদ, যিনি চ্যান্সেলর পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন।

নেতৃত্ব গ্রহণের পর বার্নহ্যাম বলেন, দেশ এখন একটি নতুন রাজনীতির জন্য অপেক্ষা করছে এবং এটিই লেবার পার্টির পরিবর্তনের শেষ সুযোগ। আমি এই দায়িত্বের জন্য প্রস্তুত। এ সময় দলীয় কোন্দল এড়িয়ে ঐক্যবদ্ধভাবে নতুন ডানপন্থীদের পরাজিত করার আহ্বান জানান তিনি। বার্নহ্যাম বলেন, বিগত ঐতিহাসিক পরাজয় থেকে এই বিশাল বিজয়ের ভিত্তি কিয়ার স্টারমারই গড়ে দিয়েছিলেন। কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এখনো প্রকাশ না করলেও তিনি স্থানীয় পর্যায়ে ক্ষমতা হস্তান্তর, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং সরকারি আবাসন বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।

বাকিংহাম প্যালেসে স্টারমার ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার পর সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বার্নহ্যাম। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে ভাষণের পর বিকেলে তিনি মন্ত্রিসভা গঠন করবেন, যদিও তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। বার্নহ্যাম স্পষ্ট করেন, কনজারভেটিভদের নীতি ধার করা, রিফর্ম পার্টিকে টেক্কা দেওয়া বা গ্রিন পার্টির চেয়ে বেশি পরিবেশবাদী সাজার কোনো ইচ্ছা তাঁর নেই।

যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা ও হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে। কিয়ার স্টারমারের পদত্যাগের পর অ্যান্ডি বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। এখন পর্যন্ত অ্যান্ডি বার্নহ্যাম তাঁর মন্ত্রিসভার সদস্যদের চূড়ান্ত বা আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেননি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের আভাস অনুযায়ী, তাঁর মন্ত্রিসভায় স্থান পাওয়ার দৌড়ে বেশ কিছু পরিচিত ও প্রভাবশালী মুখ আলোচনায় রয়েছেন:  লুসি পাওয়েল: দলের ডেপুটি লিডার এবং বার্নহ্যামের অত্যন্ত বিশ্বস্ত সহযোগী হিসেবে মন্ত্রিসভায় তাঁর বড় কোনো পদে থাকা নিশ্চিত বলে মনে করা হচ্ছে।  লুইস হেইগ: প্রাক্তন পরিবহন মন্ত্রী লুইস হেইগ-ও বার্নহ্যামের ঘনিষ্ঠ মিত্র হিসেবে শীর্ষ তালিকায় রয়েছেন।  র‌্যাচেল রিভস : লেবার পার্টির এই প্রভাবশালী নেত্রীকে মন্ত্রিসভায় রেখে দলের ঐক্য বজায় রাখার চেষ্টা হতে পারে, সম্ভবত তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। ওয়েস স্ট্রিটিং : তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। ইভেট কুপার ও ব্রিজেট ফিলিপসন : অভিজ্ঞ এবং নিরপেক্ষ মুখ হিসেবে তাঁরাও বার্নহ্যামের নতুন সরকারে জায়গা করে নিতে পারেন।  শাবানা মাহমুদ, এড মিলিব্যান্ড, ডেভিড মিলিব্যান্ড : এই নামগুলো নিয়েও মন্ত্রিসভার বিভিন্ন পদের জন্য চুলচেরা বিশ্লেষণ চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অ্যান্ডি বার্নহ্যাম তাঁর মন্ত্রিসভায় লন্ডনের একক আধিপত্য কমিয়ে উত্তর ইংল্যান্ডের নেতাদের বেশি প্রাধান্য দিতে পারেন। আনুষ্ঠানিকভাবে ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নেওয়ার পরই তিনি তাঁর নতুন ক্যাবিনেট বা মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করবেন। সূত্র : সিএনএন, স্কাই নিউজ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল কাল প্রকাশ হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
এসএসসি ও সমমান পরীক্ষার ফল কাল প্রকাশ হচ্ছে না

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল কাল সোমবার প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফল প্রকাশের সিদ্ধান্ত স্থগিত করেছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

আন্ত শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান কালের কণ্ঠকে বলেন, এইচএসসি পরীক্ষা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বেশ ব্যস্ত থাকতে হয়েছে। প্রস্তুতি শেষ করতে আরো আট-দশ দিন সময়ের প্রয়োজন। তবে এই মাসের মধ্যেই আমরা প্রস্তুতি শেষ করব। এরপর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বিভাগের কয়েকটি বিষয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে সারা দেশে পরীক্ষা চলছে। এর মধ্যে গত সপ্তাহে প্রচণ্ড বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়ায় কিছু শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পরীক্ষা বাতিলসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তারা সড়ক অবরোধের পাশাপাশি শিক্ষা বোর্ড ঘেরাও করে। পরে যেসব  শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এ পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে শিক্ষা বোর্ডগুলোকে বেশ ব্যস্ত থাকতে হয়েছে।

রেওয়াজ অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলে তিন লাখ চার হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিল।