কুষ্টিয়ায় মাদক ব্যবসার বিরোধে প্রতিপক্ষের বাড়িতে হামলা করে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে গৃহকর্তা নিহত হয়েছেন। ভোলায় জমি নিয়ে বিরোধে খুন হয়েছেন এক কৃষক। চাঁপাইনবাবগঞ্জে সত্মায়ের হাতে মেয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ঝালকাঠি ও ফরিদপুরে উদ্ধার করা হয়েছে দুজনের লাশ। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
কুষ্টিয়া : খোকসা উপজেলার দেবীনগর গ্রামে মাদক ব্যবসার বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন (৪০) দেবীনগর এলাকার চাঁদ আলীর ছেলে ও আব্দুল শেখ (৩২) আতিয়ার শেখের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মেম্বারের বিরোধ ছিল। এর জের ধরে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালান। এ সময় ছালিম পালিয়ে গেলেও তাঁর বাড়িতে থাকা অনুসারী ফারুক, আব্দুল শেখ, আতি শেখ ও মল্লিক মণ্ডলকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
নরসিংদী : মাধবদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ শাহজাহান (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তাঁর চাচা সুরুজ মিয়াও গুরুতর আহত হন।
শুক্রবার রাতে নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে এ ঘটনা ঘটে।
ভোলা : তজুমদ্দিন উপজেলায় বসতঘরের জমি নিয়ে বিরোধের জেরে গতকাল সকালে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুর ইসলাম (৫৫) শম্ভুপুর ইউনিয়নের বাদলিপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় আবু জাফর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ : সত্মায়ের নির্যাতনে তাজকেরা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে শহরের প্রান্তিকপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
শিশুটি গোমস্তাপুরের কাঞ্চনতলা গ্রামের কামরুলের মেয়ে। তাঁর দ্বিতীয় স্ত্রী লাকির বিরুদ্ধে সেময়ে তাজকেরাকে মাঝে মধ্যেই নির্যাতনের অভিযোগ করেন প্রতিবেশীরাও।
ঝালকাঠি : হাত-পা বাঁধা ও বস্তায় মাথা প্যাঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের একটি ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের মালপত্র নিয়ে গেছে বলেও জানায় পুলিশ। শুক্রবার দুপুর থেকে রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম মলিনা রায় (৪৫)। ওই নারী নিচতলার ফ্ল্যাটে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাড়ির লোকজন রথযাত্রা উপলক্ষে সকালে গ্রামের বাড়িতে যায়। নিচতলায় মলিনা রায় একা ছিলেন। সন্ধ্যায় মেয়ে পূজা রায় বাড়িতে ফিরলে তাঁর মায়ের লাশ দেখতে পান।
ফরিদপুর : সদরের চরমাধবদিয়া ইউনিয়নের ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৫) নিখোঁজ হওয়ার দুই দিন পর পাটক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মমিনখাঁর হাটসংলগ্ন একটি পাটক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
নিহত ইউসুফ ফকির ওই এলাকার সহির উদ্দিন ফকিরের ছেলে। পরিবারের অভিযোগ, অপহরণের পর মুক্তিপণ হিসেবে ৩০ হাজার টাকা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে।



