• ই-পেপার

ইইউ সিদ্ধান্ত নিতে পারে

১৩ বছরের আগে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নয়

উক্তি

উক্তি

আমরা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি। আজ পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় নাই—এইটা একটা আন্দোলনের সাবজেক্ট হলো?

 

ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী

 

চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার
সালাহউদ্দিন আহমদ

এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বসতবাড়ি, বেড়িবাঁধ ইত্যাদি পর্যায়ক্রমে নতুন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং মাতামুহুরী নদীসহ খরস্রোতা বিভিন্ন ছড়ায় নেমে আসা উজানের ঢলের পানিতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বেড়িবাঁধ, বসতবাড়ি, সড়কসহ গ্রামীণ অবকাঠামো পরিদর্শন করেন।

সালাহউদ্দিন আহমদ প্রথমে ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি রাষ্ট্রীয় কাজে বিদেশে অবস্থান এবং দেশে সংসদ অধিবেশন থাকায় সময়মতো বন্যাদুর্গতদের দেখতে আসতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারের পক্ষ থেকে জরিপ পরিচালিত হচ্ছে। জরিপ শেষে বিভিন্ন অবকাঠামো মেরামত এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

এর পর চকরিয়া পৌরসভার কোচপাড়ায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সালাহউদ্দিন আহমদ। এ সময় মাতামুহুরী নদীর ভাঙন থেকে দুই তীর রক্ষায় সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের টেকসই প্রকল্প নিতে নির্দেশ দেন তিনি। এ সময় বন্যায় বসতবাড়ি হারানো বাকপ্রতিবন্ধী ছালেহা বেগমকে তিনি ব্যক্তিগত তহবিল থেকে নগদ এক লাখ টাকা অর্থ সহায়তা দেন। (সেই ছালেহা বেগমের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়া নিয়ে কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হয়)। 

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী নামার চিরিঙ্গা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় মুসল্লিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাতামুহুরী নদী এবং বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার অন্তত ১৫টি স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পেকুয়া এবং নবগঠিত মাতামুহুরী উপজেলায় বন্যায় ক্ষয়ক্ষতি পরিদর্শনসহ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি। তারপর ঢাকার উদ্দেশে রওনা হবেন।

 

আই হ্যাভ আ প্ল্যান

আশা ফেরানোর অঙ্গীকার নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহ্যাম

কালের কণ্ঠ ডেস্ক
আশা ফেরানোর অঙ্গীকার নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহ্যাম
অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি লেবারপ্রধান হয়ে পপুলিস্ট দল ‘রিফর্ম ইউকে’র

উত্থান ঠেকাতে কাজ করার অঙ্গীকার করে বলেছেন, ‘অ্যাই হ্যাভ আ প্ল্যান।’

আগামী সপ্তাহেই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। তিন হবেন দেশটির দশ বছরের ইতিহাসে সপ্তম প্রধানমন্ত্রী।

গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে ওই অঞ্চলের অধিকার রক্ষায় অনড় অবস্থানের কারণে ‘কিং অব দ্য নর্থ’ উপাধি পেয়েছিলেন ৫৬ বছর বয়সী এই রাজনীতিক। গতকাল শুক্রবার দলের এক বিশেষ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ক্ষমতা গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং দেশের সব অবহেলিত মানুষের মনে নতুন আশার আলো সঞ্চারে কাজ করব।’

তিনি সতর্ক করে বলেন, লেবার পার্টির ভাগ্য পরিবর্তনের জন্য এটিই শেষ সুযোগ। তিনি ক্ষমতাকে ওয়েস্টমিনস্টার থেকে বিকেন্দ্রীকরণ করে যুক্তরাজ্যের আঞ্চলিক স্তরে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। লেবার পার্টির আইন প্রণেতা ও দলীয় কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এই ঐক্যের শক্তি দিয়ে দেশের রাজনীতিতে নতুন করে আশার আলো ছড়াব।’ বিদায়ি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্নহ্যাম বলেন, আগামী সোমবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্টারমারের স্থলাভিষিক্ত হবেন।

নির্দলীয় বা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বার্নহ্যাম ক্ষমতার বিকেন্দ্রীকরণের পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির ওপর জোর দিয়েছেন। গত মাসে মেকারফিল্ড আসন থেকে এমপি নির্বাচিত হয়ে সংসদে ফেরার পর দেওয়া ভাষণে তিনি আঞ্চলিক ক্ষমতা পুনর্বিন্যাসের রূপরেখা দিয়েছিলেন। তিনি বিশ্বাস করেন, এর ফলে অবহেলিত অঞ্চলগুলোর মানুষের ক্ষোভ কমবে, যারা ক্রমশ নাইজেল ফারাজের ‘রিফর্ম ইউকে’ বা বামপন্থী ‘গ্রিন পার্টি’র দিকে ঝুঁকছে।

আগামী ২০২৯ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে ক্ষমতায় টিকিয়ে রাখা এবং ফারাজের ডানপন্থী পপুলিস্ট জোয়ার রুখে দেওয়াই এখন তাঁর প্রধান চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে বার্নহ্যাম সাফ জানিয়ে দিয়েছেন, অন্য দলগুলোকে অন্ধ অনুকরণ না করে লেবার পার্টিকে নিজ আদর্শে চলতে হবে।

ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (টিইউসি) সাধারণ সম্পাদক পল নোয়াক তাঁকে স্বাগত জানিয়ে দ্রুত কর্মজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ শুরু করার আহবান জানান। বার্নহ্যামও প্রতিশশ্রুতি দিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই তাঁর সরকার অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এই পরিবর্তনের সূচনা করবে। সূূত্র : রয়টার্স

 

বিশেষ লেখা

গাছই আমাদের বাঁচাবে

ইমদাদুল হক মিলন

গাছই আমাদের বাঁচাবে

করাতকলের এক শ্রমিকের কথা পড়েছিলাম পত্রিকায়। পার্বত্য অঞ্চলের মানুষ। সংসারে তিনটি মেয়ে। মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। কোনো রকমে খাইয়ে পরিয়ে তাদের বড় করে তুলতে পারবেন, কিন্তু বিয়ের খরচ জোগাড় করবেন কী করে? করাতকলে কাজ করার সুবাদে কাঠের মূল্যটা তিনি বুঝেছিলেন। এই চিন্তা থেকে বাড়ির আঙিনা আর চারপাশে শ খানেক সেগুনগাছের চারা লাগিয়েছিলেন। পরিবারের সবাই মিলে গাছগুলোর খুব যত্ন নিতেন। বড় মেয়ের বিয়ের সময় দেখা গেল পঁচিশ-তিরিশটি সেগুনগাছ বিক্রির উপযুক্ত হয়েছে। সেই গাছ বিক্রি করে তিনি মেয়ের বিয়ে দিলেন। উদ্বৃত্ত কিছু টাকাও রয়ে গেল হাতে। শূন্য জায়গাটিতে নতুন করে সেগুনগাছের চারা লাগালেন। দ্বিতীয় ও তৃতীয় মেয়ের বিয়েও দিলেন একইভাবে, সেগুনগাছ বিক্রি করে। বছর বিশেক সময়ের মধ্যে দেখা গেল গাছ বিক্রির টাকায় তিন মেয়ের বিয়ে দেওয়ার পরেও হাতে বেশ কিছু টাকা রয়ে গেছে। অন্যদিকে নতুন চারাগুলোও বড় হয়ে উঠেছে। এই গাছগুলোই মানুষটির সবচেয়ে ভরসার জায়গা হয়ে উঠেছিল। গাছ বিক্রির টাকায় মধ্য বয়সে তিনি নিজেই একটি করাতকলের মালিক হয়ে উঠেছিলেন। বাকি জীবন কাটিয়েছেন সচ্ছলভাবে।

এ রকম বহু মানুষের জীবন বদলে দিয়েছে গাছ। সংসারে সচ্ছলতা এনে দিয়েছে গাছ। গাছের চেয়ে বড় বন্ধু মানুষের আর কেউ নেই। নানা রকমভাবে মানুষের ভরসার জায়গা গাছ। গাছ থেকে আপনি ফল পাবেন, কাঠ পাবেন। গাছ আপনাকে প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করবে। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া বহু বহু প্রচণ্ড ঝড়ের সামনে বুক পেতে দাঁড়িয়েছে সুন্দরবনের হাজার লক্ষ গাছ। ঝড়ের তীব্রতা বুক দিয়ে ঠেকিয়েছে অনেকখানি। সমুদ্র উপকূলবর্তী লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে। গাছ আপনার পরিবেশ রক্ষা করবে। গাছ আপনাকে স্নিগ্ধ শীতল ছায়া দেবে। অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখবে। আয়ুর্বেদীয় চিকিৎসা পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি। গাছের শিকড়বাকড় আর লতাপাতা দিয়ে ওষুধ তৈরি করে এই শাস্ত্রের কৃতি মানুষেরা প্রাচীনকাল থেকে কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়ে এসেছেন। আধুনিক বিজ্ঞানের কালেও আয়ুর্বেদীয় ওষুধ মানুষের জীবন বাঁচাচ্ছে। গাছ নিয়ে ভাবলে গাছের সীমাহীন উপযোগিতা আপনি খুঁজে পাবেন।

গাছের সৌন্দর্যের কোনো তুলনা নেই। এই পৃথিবী সুন্দর করে রেখেছে গাছ, এই পৃথিবী সজীব করে রেখেছে গাছ। অনাদিকাল থেকে গাছের ওপর নির্ভর করে বেঁচে আছে প্রাণিকুল। গাছ খাদ্য জুগিয়েছে, গাছ জীবন বাঁচিয়েছে, গাছ প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বসন্তে ফুলে ফুলে ভরে গেছে প্রকৃতি। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে মানুষ। গাছপালা, ফুলের সৌন্দর্য আর বিস্তীর্ণ ফসলের মাঠ অথবা সবুজ ঘাসের মাঠের বর্ণনা সারা পৃথিবীর কবি-লেখকরা লিখে গেছেন। আমাদের দেশের কত প্রকৃতিপ্রেমীর কথা শুনি। গরিব মানুষ। সংসার ভালোমতো চলে না। তার পরও সেই মানুষ পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে নিজের বাড়ির আঙিনা আর গ্রামজুড়ে একের পর এক গাছ লাগিয়ে গেছেন। ও রকম এক দরিদ্র মানুষ ত্রিশ হাজারেরও বেশি তালগাছের চারা রোপণ করেছেন। তালগাছ বজ্রপাত থেকে রক্ষা করে। গ্রাম থেকে তালগাছগুলো উধাও হয়ে গেছে বলে বজ্রপাতে জীবনহানির পরিমাণ বেড়ে গেছে। আমরা বহু রকমভাবে, সামান্য লোভের কারণে বনভূমিগুলো উজাড় করে ফেলেছি। গাছপালা ধ্বংস করে ফেলেছি। আমরা একবারও ভেবে দেখিনি, নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের কত বড় সর্বনাশ আমরা করছি। নিজেদের মৃত্যু আমরা নিজেরা ডেকে আনছি। নির্বিচারে বৃক্ষ হত্যা করে আমরা আসলে নিজেদেরই হত্যা করছি। আজ যে পরিবেশ বাঁচাও বাঁচাও বলে আমরা চিৎকার করছি, এই চিৎকার বহু বহু বছর আগেই করা উচিত ছিল। তাহলে পরিবেশের এতটা ক্ষতি হতো না। পৃথিবীর উন্নত দেশগুলোতে নিজের আঙিনার গাছের একটি ডাল কাটতে হলেও সিটি করপোরেশনের পারমিশন লাগে। আর আমরা শত্রুতা করে একজনের বাগানের হাজার হাজার কলা বা পেঁপেগাছের চারা কেটে দিয়ে এলাম। এসব দেখে মনে হয়, আমরা মানুষ হব কবে?

সুসংবাদ হলো, পরিবেশের এই দুর্দিনে মানুষের কিছুটা সচেতনতাও এখন দেখা যাচ্ছে। মানুষ সচেতন হলে, আর সেই সচেতনতার প্রতিফলন যদি তার কর্মে ঘটে, তাহলে সবকিছুই জয় করা সম্ভব। গাছের প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষ অনেকটাই যেন নতুন করে অনুভব করতে পারছে। নতুন করে প্রকৃতির প্রেমে যেন নিমজ্জিত হতে যাচ্ছে মানুষ। এর চেয়ে বড় আনন্দের সংবাদ আর কিছু নেই। মানুষ তার আঙিনা সুন্দর করতে চাইছে গাছ বুনে। ইট-রডের শহরেও ছাদবাগান করছে। গ্রামের পথঘাট খোলা জায়গায় গাছের চারা রোপণে উদ্বুদ্ধ হচ্ছে। 

সবুজ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশাল এক উদ্যোগ গ্রহণ করেছেন। আগামী পাঁচ বছরে বাংলাদেশে পঁচিশ কোটি বৃক্ষচারা রোপণ করার ঘোষণা দিয়েছেন। জাতির প্রতি আহবান জানিয়েছেন, ‘আসুন, সবুজ বসতি গড়ে তুলি। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতো বিষয়টি যদি আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে আমরা সবুজ স্বাস্থ্যকর ও নিরাপদ বসতি গড়ে তুলতে পারব।’ [দৈনিক কালের কণ্ঠ, ১০ জুলাই ২০২৬]। এ এক অবিস্মরণীয় আহবান। এই আহ্বানে দেশের মানুষ উদ্দীপ্ত হয়েছে, ব্যাপক সাড়া পড়েছে দেশজুড়ে।

সবুজ সুন্দর পরিবেশে সবাই বাঁচতে চায়। আমাদের ‘বসুন্ধরা শুভসংঘ’ যাত্রা শুরুরকাল থেকেই প্রতি বর্ষাঋতুতে হাজার হাজার চারা রোপণ করে চলেছে সারা দেশে। এই বছরও ব্যাপকভাবে চলছে সেই কাজ। ‘শুভসংঘ’র মতো অন্যান্য সামাজিক সংগঠনও চারা রোপণ করছে। এই সচেতনতা ও চেষ্টা নিশ্চয় আগামীর বাংলাদেশ সবুজ করে তুলবে, সুস্বাস্থ্যময় করে তুলবে। ‘শুভসংঘ’র একটি স্লোগান, ‘সবুজে সুন্দর আগামী’। আমরা আমাদের আগামীর জীবন সবুজে সুন্দর করে তুলতে চাই। একটি অনুরোধ দেশের মানুষকে করছি, আসুন, আজ থেকে আমরা যে যেখানে আছি সেখানে জন্মগ্রহণ করা প্রতিটি নবজাতকের জন্য একটি চারা রোপণ করি। বাড়ির আঙিনায় বা আশপাশের খোলা জায়গায় চারাটি যেন পত্রপল্লবে সুশোভিত হতে পারে সেদিকে নজর রাখি। এই শুভকাজটি, আসুন, সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলি।