অপারেশন ‘সিঁদুর’ নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের সাফল্যের ‘মনগড়া গল্প’ প্রচার করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন নিয়াজি। তাঁর এ মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তানে বিতর্ক তৈরি হয়েছে।
নরিন নিয়াজির দাবি, চার দিনব্যাপী ওই সংঘাত বাস্তবে পাকিস্তানের সেনাপ্রধান জনগণের সামনে যে চিত্র তুলে ধরেছেন, তার সঙ্গে মিল ছিল না। তাঁর ভাষ্য, অপারেশন ‘সিঁদুর’ ছিল ভারতের একটি অত্যন্ত সফল সামরিক অভিযান এবং পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের পরাজয় গোপন করার চেষ্টা করেছে। নিয়াজির এ মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে তলব করে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। সামাজিক যোগাযোগ মাধ্যমে সামরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে ‘মিথ্যা ও আপত্তিকর’ তথ্য প্রচারের অভিযোগে পাঠানো নোটিশে বলা হয়, ‘আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা ও আপত্তিকর তথ্য প্রচার করে তাদের সুনাম ক্ষুণ্ন করেছেন।’
২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগামে ২৬ জন নিরস্ত্র মানুষকে হত্যা করে লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন টিআরএফের চার সদস্য। এ হামলার জবাবে ৭ মে ভোরে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। ভারতের দাবি, এ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়।

