দৈনিক পাঁচ কাপ পর্যন্ত কফি পান বেশির ভাগ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নিরাপদ বলে এক গবেষণায় উঠে এসেছে। কফিতে থাকা ক্যাফেইন পরিমিত মাত্রায় গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি তো বাড়েই না, বরং কিছু ক্ষেত্রে এটি মারাত্মক শারীরিক জটিলতা প্রতিরোধে সহায়তা করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চিকিৎসাবিজ্ঞানীরা জানান, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন গ্রহণ করা ‘সাধারণভাবে নিরাপদ’। গবেষণার তথ্যানুযায়ী, পরিমিত কফি পানের অভ্যাস হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া (হার্ট ফেইলিউর), হৃদরোগ ও স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকো (ইউসিএসএফ) স্কুল অব মেডিসিনের অধ্যাপক ড. গ্রেগরি মার্কাস বলেন, ‘বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ক্যাফেইন। সাম্প্রতিক গবেষণাগুলোর পর্যালোচনা করে দেখা গেছে, অতিরিক্ত চিনি বা কৃত্রিম উপাদান ছাড়া দিনে সর্বোচ্চ পাঁচ কাপ পরিমাণ কফি পান করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে না।’
তবে উচ্চমাত্রার ক্যাফেইন পানের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বিভিন্ন ধরনের এনার্জি ড্রিংকসে যে পরিমাণের ক্যাফেইন থাকে, তা উচ্চ রক্তচাপ এবং অনিয়মিত হৃত্স্পন্দনের ঝুঁকি বাড়াতে পারে।
অধ্যাপক মার্কাস আরো উল্লেখ করেন, কফি পানের ক্ষেত্রে ‘সবার জন্য একটিই নিয়ম’ বা সর্বজনীন কোনো মাত্রা হতে পারে না। একজন মানুষের শরীরে যে পরিমাণ ক্যাফেইন কোনো সমস্যা তৈরি করে না, তা অন্য কারো ক্ষেত্রে বুক ধড়ফড় করা, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়া কিংবা ঘুমে ব্যাঘাত ঘটানোর কারণ হতে পারে। তাই কফি গ্রহণের সময় নিজ নিজ শরীরের শারীরিক প্রতিক্রিয়ার দিকে খেয়াল রাখা জরুরি।
ক্যাফেইন বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় উদ্দীপক উপাদান হলেও মানবদেহে এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আরো বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। সূত্র : ডেইলি এক্সপ্রেস