আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৩ হাজার ৭০৩ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৫৪ হাজার ৩০১ কোটি টাকা। আগামী অর্থবছরে ভর্তুকি বাবদ বরাদ্দ হয়েছে ১৭ হাজার ৫৩৩ কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় ৯ হাজার ১৬০ কোটি টাকা বা ৩৪.৩২ শতাংশ কম। বাজেটের সংক্ষিপ্তসারে এসব তথ্য উঠে এসেছে। বাজেটের সংক্ষিপ্তসারে বলা হয়, আগামী অর্থবছরের বাজেটে কৃষি খাতে ৫.৭ শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে মোট বরাদ্দ ১০ হাজার ৫৯৮ কোটি টাকা কমানো হয়েছে। গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে কৃষি খাতে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করার সময় বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে কভিড-১৯ ও চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত আছে। কৃষিবান্ধব নীতির প্রভাবে ধান, ভুট্টা, আলু, সবজি, ফলসহ অন্যান্য ফসল উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। কৃষি উপকরণ সহায়তা কার্ডের মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ ও ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। কার্ডধারী কৃষকের সংখ্যা বর্তমানে প্রায় দুই কোটিতে উন্নীত হয়েছে।