• ই-পেপার

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’

১১ বছরের শিশু বিহানের জীবনের মূল্য ৭ লাখ টাকা!

অনলাইন ডেস্ক
১১ বছরের শিশু বিহানের জীবনের মূল্য ৭ লাখ টাকা!

আরব সাগরের তীরে আলো ঝলমলে মুম্বাই যেন এক মোহের নগরী। বলিউডের সেলিব্রেটিদের অধিকাংশই থাকেন এই নগরীতে। কিন্তু ঝলমলে আলোর নিচেই যেন গহীন অন্ধকারের বাস। একটু বেশি বৃষ্টি হলেই নগরীর পথঘাট সব তলিয়ে যায়। জলাবদ্ধতায় স্থবির হয়ে যায় জনজীবন। শুধু স্থবিরতাই নয়, এই দুর্যোগ অনেকসময় প্রাণঘাতীও। এবারের বৃষ্টি আর জলাবদ্ধতায় গাছ উপড়ে, ভবন ধ্বসে, ম্যানহোলে পড়ে অন্তত ১৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এর মধ্যে ১১ বছর বয়সী স্কুলছাত্র বিহান শ্রীবাস্তবের মৃত্যু সবাইকে কাঁদিয়েছে। বাবা-মার একমাত্র সন্তান বিহান মুম্বাইয়ের চেম্বুর এলাকার ইউনিভার্সাল হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়তো। ৩০ জুন স্কুল ছুটি হওয়ার পর বিহান আর সবার সঙ্গে স্কুলবাসে করে বাড়ি ফিরছিল। রাস্তার পাশে থাকা একটি বিশাল অশ্বত্থ গাছ হঠাৎ শিকড়সহ উপড়ে সরাসরি চলন্ত বাসটির ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় বিহান শ্রীবাস্তব।

পরদিন ১ জুলাই বৃহন্মুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত সোমবার তাদের রিপোর্ট দেয়। সেই রিপোর্ট নিয়েই এখন তোলপাড়। রিপোর্টে রাস্তার ঠিকাদার ও সুপারভাইজারকে দায়ী করা হলেও বিএমসির সড়ক ও উদ্যান বিভাগের কাউকে দায়ী করা হয়নি। রিপোর্টে বিহানের পরিবারকে ৭ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়। এর মধ্যে ঠিকাদার দেবেন ৫ লাখ, আর সুপারভাইজারকে দিতে বলা হয় ২ লাখ।

তবে বিএমসির এই অভ্যন্তরীন তদন্ত কমিটির রিপোর্ট বিএমসির সাধারন সভায় সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করা হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএমসির সাধারণ সভায় মেয়র ঋতু তাওড়ে তদন্ত রিপোর্ট ছিঁড়ে ফেলেন এবং তৃতীয় পক্ষের অধীনে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার দাবি জানান। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঋতু তাওড়ে বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) আমরা করপোরেশনে সর্বসম্মতভাবে প্রশাসনের ওই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছি। আমরা প্রতিবেদনের অনুলিপিটি ছিঁড়ে ফেলেছি এবং প্রশাসনকে একটি পুনঃতদন্ত করার নির্দেশ দিয়েছি। পাশাপাশি এই ঘটনাটি পুনরায় খতিয়ে দেখতে তদন্ত প্যানেলে দুজন কর্পোরেটরকে অন্তর্ভুক্ত করার কথাও বলেছি।’

মেয়র ঋতু তাওড়ে তদন্ত কমিটির রিপোর্টকে অনভিপ্রেত আখ্যা দিয়ে বলেন, ‘আমি প্রতিবেদনটি পড়ে দেখেছি, যেখানে কেবল ঠিকাদার এবং সুপারভাইজারকে ঘটনার জন্য দায়ী করা হয়েছে, অথচ নাগরিক সংস্থার সড়ক ও উদ্যান বিভাগকে কোনো দোষ দেওয়া হয়নি।’

এর আগে বৃহস্পতিবার বিহানের বাবা গৌরব শ্রীবাস্তব বলেন, ‘আমরা আশা করছি যে এই প্রতিবেদনের ফলাফল নিয়ে অসন্তোষ তৈরি হবে এবং একটি পুনঃতদন্ত হবে, যা হবে নিরপেক্ষ ও স্বচ্ছ এবং এর মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’

সাক্ষাৎকারে বিহানের বাবা অভিযোগ করেছিলেন, অবহেলার একটি বিষয়কে প্রাকৃতিক দুর্যোগে রূপ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এটি প্রমাণ হওয়া উচিত যে এটি মানুষের অবহেলা এবং এই কাজের সাথে যুক্ত থাকা পুরো ব্যবস্থার মানুষদের শাস্তি হওয়া উচিত। আমি মনে করি তাতেই বিচার পাওয়া যাবে এবং কিছু নতুন নিয়ম তৈরি করা উচিত অথবা প্রক্রিয়ার উন্নতি করা উচিত, যাতে আগামী বর্ষায় অন্য কোনো ব্যক্তির সাথে একই ঘটনা না ঘটে।’

মেয়রের কণ্ঠেও গৌরবের কথার অনুরনন, ‘আমিও একজন মা। তাদের সন্তান চলে গেছে। তাদের সংসার ধ্বংস হয়ে গেছে এবং এই প্রতিবেদনটি ভুক্তভোগীর পরিবারের জন্য ৭ লাখ টাকা মূল্য নির্ধারণ করেছে, যার আমি তীব্র বিরোধিতা করছি। আমি বর্ষার আগে ব্যক্তিগতভাবে সেই রাস্তাটি পরিদর্শন করেছিলাম এবং সাইট ইঞ্জিনিয়ারকে দুর্বল গাছগুলোর ব্যাপারে সতর্ক করেছিলাম। আমরা একটি মূল্যবান জীবন হারিয়েছি, আর তারা তার মূল্য নির্ধারণ করেছে ৭ লাখ টাকা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিশ্ববাজারের সঙ্গে এবার তেলের দাম বাড়াল চীন

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারের সঙ্গে এবার তেলের দাম বাড়াল চীন
রয়টার্স ছবি

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহে প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর প্রভাব পড়েছে চীনের জ্বালানি বাজারেও। 

ফলে দেশটিতে আগামীকাল শনিবার থেকে প্রতি টন পেট্রল ৩০০ ইউয়ান (প্রায় ৪৪.২৯ মার্কিন ডলার) এবং প্রতি টন ডিজেল ২৯০ ইউয়ানে (প্রায় ৪২.৮২ মার্কিন ডলার) বিক্রি করা হবে। এই ঘোষণা দিয়েছে দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসেবা প্রতিষ্ঠান অয়েলকেমের প্রধান জ্বালানি বিশ্লেষক লিউ বিংজুয়ান বলেন, মধ্যপ্রাচ্যের পুনরায় উত্তেজনার কারণে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম অস্থিরভাবে বেড়েছে। মূল্য সমন্বয়ের আগের ১০ কার্যদিবসে গড় তেলের দাম আগের মূল্য নির্ধারণ চক্রের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে রাষ্ট্রায়ত্ত তেল প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (সিএনপিসি), সিনোপেক এবং চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশনকে (সিএনওওসি) উৎপাদন অব্যাহত রাখা এবং পরিবহন জোরদারের নির্দেশ দিয়েছে এনডিআরসি।

তবে জ্বালানির এই ঊর্ধ্বমুখী দাম শুধু চীনেই নয়, আন্তর্জাতিক বাজারেও ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় শুক্রবার অপরিশোধিত তেলের দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এতে সপ্তাহজুড়ে তেলের দাম প্রায় ১২ শতাংশ বেড়েছে, যা এপ্রিলের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি।

এদিকে যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বাড়ছে। বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান গ্যাসবাডির পেট্রোলিয়াম বিশ্লেষণ প্রধান প্যাট্রিক ডি হান জানিয়েছেন, দেশটিতে গড় পেট্রোলের দাম আবারও প্রতি গ্যালন ৪ ডলারের কাছাকাছি পৌঁছেছে। একই সঙ্গে ডিজেলের জাতীয় গড় মূল্য প্রতি গ্যালন ৫ ডলারে উঠেছে।

তিনি আরো জানান, গতকাল (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রে ভোক্তারা গত বছরের একই দিনের তুলনায় ৩০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বেশি ব্যয় করেছেন শুধুমাত্র পেট্রল কেনার জন্য।

নতুন নেতা নির্বাচিত হয়ে ৫ অঙ্গীকার করলেন অ্যান্ডি বার্নহাম

অনলাইন ডেস্ক
নতুন নেতা নির্বাচিত হয়ে ৫ অঙ্গীকার করলেন অ্যান্ডি বার্নহাম
ছবি : রয়টার্স

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি অ্যান্ডি বার্নহামকে দলের নতুন নেতা হিসেবে ঘোষণা করেছে। ফলে তিনি দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেলেন।

এর আগে গত মাসে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। স্থানীয় সময় শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত লেবার পার্টির বিশেষ সম্মেলনে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) চেয়ারপারসন শাবানা মাহমুদ এ ঘোষণা দেন।

তিনি জানান, নেতৃত্ব নির্বাচনে যোগ্য মনোনয়নপ্রাপ্ত একমাত্র সংসদ সদস্য ছিলেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি ৩৭৯টি মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নেতা নির্বাচিত হওয়ার পর দেওয়া ভাষণে বার্নহ্যাম দল ও দেশের রাজনীতিতে পরিবর্তন আনার জন্য পাঁচ দফা পরিকল্পনা তুলে ধরেন।

তার মধ্যে প্রথম অঙ্গীকার হিসেবে তিনি বলেন, লেবার পার্টির অভ্যন্তরীণ বিভক্তি দূর করে একটি ঐক্যবদ্ধ দল গড়ে তুলবেন। এ বিষয়ে তিনি বলেন, দলীয় কোন্দল বন্ধ না হলে দেশের নতুন ডানপন্থী রাজনীতির মোকাবেলা করা সম্ভব নয়।

দ্বিতীয় অঙ্গীকারে তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, একে অপরকে দোষারোপের রাজনীতি নয়, বরং জনগণের জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়াই হবে তার লক্ষ্য।

তৃতীয় অঙ্গীকারে বার্নহাম বলেন, লেবার পার্টি নিজের আদর্শেই চলবে। অন্য দলকে অনুকরণ না করে ‘আত্মবিশ্বাসী, স্পষ্ট ও প্রকৃত লেবার নীতিতে’ রাজনীতি করবে।

চতুর্থ অঙ্গীকারে তিনি জানান, ইংল্যান্ডের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলের পাশাপাশি স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের মানুষের জন্য সমানভাবে কাজ করবেন।

পঞ্চম অঙ্গীকার হিসেবে তিনি ‘ক্ষমতার বিকেন্দ্রীকরণ’ করার ঘোষণা দেন। তার ভাষায়, ওয়েস্টমিনস্টার ও হোয়াইটহল থেকে ক্ষমতা সরিয়ে স্থানীয় পর্যায়ে আরো বেশি কর্তৃত্ব দেওয়া হবে।

নেতা নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেবার পার্টি অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানায়। জবাবে বার্নহ্যাম বলেন, দলের নেতৃত্ব পাওয়া তার জীবনের ‘সবচেয়ে বড় সম্মান’ এবং তার সরকার লেবারের আদর্শ ও অগ্রাধিকারকে ভিত্তি করেই দেশ পরিচালনা করবে।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলছে দমন-পীড়ন, জাতিসংঘের সতর্কতা

অনলাইন ডেস্ক
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলছে দমন-পীড়ন, জাতিসংঘের সতর্কতা
ছবি : রয়টার্স

পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) আসন্ন আইনসভা নির্বাচনের আগে বাড়তে থাকা অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এ সময় সতর্ক করে পাকিস্তান কর্তৃপক্ষকে সংযম প্রদর্শন, মৌলিক অধিকার রক্ষা এবং সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। 

আগামী ২৭ জুলাই পিওজেকে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে চলমান বিক্ষোভ, গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কারণে অঞ্চলটির পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে। এ অবস্থায় শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ভোটের আগে সবাইকে সংযমের আহ্বান জানিয়েছেন ভলকার তুর্ক।

জাতিসংঘের তথ্যমতে, জুন মাস থেকে চলমান বিক্ষোভে প্রতিবাদকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কয়েক ডজন মানুষের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব ঘটনার দ্রুত, পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি করে তিনি বলেন, নিহত ব্যক্তি বিক্ষোভকারী হোন বা নিরাপত্তা বাহিনীর সদস্য—দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

এছাড়া জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটিকে (জেকেজেএএসি) সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করার পাকিস্তানের সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভলকার তুর্ক।

ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই সংগঠনটি চলমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। জনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির অভিযোগে সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি এর কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

জাতিসংঘের মতে, একটি নাগরিক সমাজভিত্তিক আন্দোলনকে অপরাধ হিসেবে চিহ্নিত করা এবং জনসমাবেশের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করা মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠন গঠনের অধিকারের লঙ্ঘনের আশঙ্কা তৈরি করছে।

ভলকার তুর্ক আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে আটক জেকেজেএএসি নেতাদের অবিলম্বে আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তাদের যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায্য বিচারের অধিকার নিশ্চিত করতে হবে।

অঞ্চলটির বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা সীমিত করার সমালোচনা করে তিনি বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্য আদান-প্রদানের অধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, বিশেষ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে। তাই পুরো অঞ্চলে দ্রুত পূর্ণাঙ্গ ইন্টারনেট সেবা পুনরায় চালুর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।