• ই-পেপার

মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা

গতি মনিটরিঙে ডিভাইস, গতিতেই গেল প্রাণ

অনলাইন ডেস্ক
গতি মনিটরিঙে ডিভাইস, গতিতেই গেল প্রাণ
সংগৃহীত ছবি

রাস্তায় গাড়ির গতি মনিটরিং করতে ডিভাইস লাগাচ্ছিলেন হেড কনস্টেবল অমিত। তখনই দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দেয় তাকে। সহকমীরা দ্রুত তাকে হাসপাতালে নিলেও বাঁচাতে পারেননি। 

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উত্তর দিল্লির সিঙ্ঘু সীমান্তে। সন্ধ্যা ৬টার দিকে অমিত ট্রাফিক বুথের কাছে দায়িত্বরত অবস্থায় গাড়ির গতি পরিমাপের জন্য একটি ডিভাইস বসাচ্ছিলেন। তখনই দ্রুতগতির গাড়িটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হরিয়ানার সোনিপতের বাসিন্দা অমিতকে তার সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ’গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, সিঙ্ঘু সীমান্তে ট্রাফিক ইউনিটে কর্মরত হেড কনস্টেবল অমিত একটি হিট অ্যান্ড রান দুর্ঘটনায় মারা গেছেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।’

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া গাড়ি ও চালককে ধরতে একাধিক দল গঠন করে মাঠে নামে দিল্লি পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই গাড়ির চালক কুলদীপ ও তার সাথে থাকা নীরজকে গ্রেপ্তার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়। তদন্তকারীরা ঘটনার বিবরণ এবং ঘটনার আগে ও পরে গাড়ির গতিবিধি ট্র্যাক করার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং প্রযুক্তিগত ও ফরেনসিক প্রমাণ সংগ্রহ করেছেন। এ ঘটনায় দিল্লি পুলিশ আলিপুর থানায় বিপজ্জনক ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে একটি মামলা করেছে। 

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে আগাম এক লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। কম আয়ের বিদেশিদের অভিবাসনে নিরুৎসাহিত করতেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

প্রস্তাবটি কার্যকর হলে আবেদনকারীদের নাগরিকত্ব পাওয়ার আগ পর্যন্ত এই অর্থ বন্ড হিসেবে জমা রাখতে হবে। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য মতে, কম আয়ের বিদেশিদের অভিবাসন সীমিত করার উদ্যোগের অংশ হিসেবে আগাম এক লাখ ডলার নেওয়ার প্রস্তাব পর্যালোচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে বলা হয়েছে, স্থায়ী অভিবাসী ভিসার জন্য আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চমূল্যের একটি বন্ড আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কয়েকজন কর্মকর্তা এর পরিমাণ এক লাখ ডলার হতে পারে বলে প্রস্তাব দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর পরীক্ষামূলকভাবে এই নীতি চালুর বিষয়টি বিবেচনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আবেদনকারীকে বন্ডের অর্থ আগাম জমা দিতে হবে। তবে ব্যক্তিভেদে বন্ডের পরিমাণ ভিন্ন হতে পারে। পরে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলে সেই অর্থ ফেরত দেওয়া হবে। এই প্রক্রিয়ায় সময় লাগতে পারে কয়েক বছর।

সূত্রগুলোর মতে, এই বন্ড জামানত হিসেবে কাজ করবে। যদি কোনো গ্রিন কার্ডধারী যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের আর্থিক ব্যয় বহন করতে সক্ষম না হন, সে ক্ষেত্রে এটি কাজে লাগানো হবে।

বিশ্লেষকদের মতে, উচ্চ অঙ্কের এই বন্ড মূলত কম আয়ের দেশগুলোর গ্রিন কার্ড আবেদনকারীদের নিরুৎসাহিত করার জন্যই পরিকল্পনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বেশি আয়ের আশায় যেতে চাওয়া অনেক বিদেশির পক্ষেই এই অর্থ জোগাড় করা সম্ভব নাও হতে পারে।

যুক্তরাষ্ট্রে অভিবাসন সীমিত করার বিষয়ে হোয়াইট হাউস ধারাবাহিকভাবে যেসব উদ্যোগ নিয়েছে, তার অংশ হিসেবেই এই বন্ড প্রস্তাব এসেছে।

এর আগে গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন ৭৫টি নির্ধারিত দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। জাতীয়তার ভিত্তিতে ভিসা স্থগিত করার এই নীতি আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ ছাড়া গত জুনে বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসা আবেদনের ক্ষেত্রে নিয়োগদাতাদের ওপর এক লাখ ডলার ফি আরোপের যে উদ্যোগ ট্রাম্প নিয়েছিলেন, সেটিও আদালতে আটকে যায়।

হরমুজ রুটের জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা ভারতের

অনলাইন ডেস্ক
হরমুজ রুটের জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা ভারতের
ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগ না দেওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং নাবিক সরবরাহকারী কোম্পানিগুলোকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।

ভারতের নৌপরিবহন মহাপরিদপ্তর (ডিজি শিপিং) বুধবার গভীর রাতে এক নির্দেশ জারি করে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করবে—এমন কোনো জাহাজে নতুন করে ভারতীয় নাবিক নিয়োগ করা যাবে না। সরকারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সাম্প্রতিক জাহাজ হামলার পর। গত তিন দিনে মধ্যপ্রাচ্যের জলসীমায় জাহাজে হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নৌপরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সংঘাতপূর্ণ এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও সেখানে কর্মরত নাবিকদের ঝুঁকি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ডিজি শিপিংয়ের নির্দেশনায় বলা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় সেখানে চলাচলকারী জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরো কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নির্দেশে জাহাজের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পাশাপাশি জাহাজের অধিনায়কদেরও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং আশপাশের সমুদ্র এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থার জারি করা সতর্কবার্তা ও নিরাপত্তা নির্দেশনাগুলোও নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। ভারত বিশ্বের অন্যতম বড় নাবিক সরবরাহকারী দেশ। সরকারি তথ্য অনুযায়ী, নাবিক সরবরাহের ক্ষেত্রে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ৩ লাখের বেশি ভারতীয় নাবিক কাজ করছেন।

এদিকে, মঙ্গলবার জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ইরানের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারত। এ ঘটনায় দিল্লিতে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বেড়েছে।


 

সংবিধান বদলের শর্তে আর্মেনিয়ার সঙ্গে শান্তি চায় আজারবাইজান

অনলাইন ডেস্ক
সংবিধান বদলের শর্তে আর্মেনিয়ার সঙ্গে শান্তি চায় আজারবাইজান
ছবি: রয়টার্স

দীর্ঘ কয়েক দশকের সংঘাতের পর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে এখন ‘সত্যিকারের শান্তি’ বিরাজ করছে বলে দাবি করেছে আজারবাইজান। দুই দেশের মধ্যে ধীরে ধীরে বাণিজ্য ও যোগাযোগও আবার শুরু হচ্ছে। তবে চূড়ান্ত শান্তি চুক্তিতে সই করার আগে আর্মেনিয়াকে সংবিধান পরিবর্তন করতে হবে বলে আবারও জানিয়েছে আজারবাইজান।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন আজারবাইজানের প্রেসিডেন্টের সহকারী এবং পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান হিকমেত হাজিয়েভ। দক্ষিণ ককেশাস অঞ্চলের প্রতিবেশী এই দুই দেশের মধ্যে ১৯৮০-এর দশকের শেষ দিক থেকে একাধিকবার যুদ্ধ হয়েছে। এসব সংঘাতের মূল কারণ ছিল পাহাড়ি নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধ। গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ একটি প্রাথমিক শান্তি সমঝোতায় পৌঁছায়। এরপর থেকে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এখনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি সই হয়নি। এর প্রধান কারণ হিসেবে আর্মেনিয়ার সংবিধানের একটি বিষয়কে উল্লেখ করছে আজারবাইজান। বাকুর দাবি, আর্মেনিয়ার সংবিধানের ভূমিকায় সোভিয়েত আমলের একটি নথির উল্লেখ রয়েছে, যেখানে আর্মেনিয়া ও নাগোরনো-কারাবাখকে এক করার আহ্বান জানানো হয়েছিল। আজারবাইজানের মতে, এটি তাদের ভূখণ্ডের ওপর পরোক্ষ দাবি। প্রায় ৩০ বছর নাগোরনো-কারাবাখ অঞ্চলটি কার্যত জাতিগত আর্মেনীয়দের নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২৩ সালে সামরিক অভিযানের মাধ্যমে অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় আজারবাইজান। ওই অভিযানের পর সেখানে বসবাসকারী প্রায় এক লাখ মানুষ আর্মেনিয়ায় চলে যান।

 

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হলে দক্ষিণ ককেশাস অঞ্চলে বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা নতুন করে চালু হবে। এতে এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগ আরো সহজ হবে। একই সঙ্গে রাশিয়া, তুরস্ক ও ইরানের আঞ্চলিক প্রভাবেও পরিবর্তন আসতে পারে। সম্প্রতি শুশা শহরে একটি আন্তর্জাতিক ফোরামের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হিকমেত হাজিয়েভ বলেন, দুই দেশের সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তার ভাষায়, ‘আমরা এখন সত্যিকারের শান্তির পরিবেশে বাস করছি। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি এখন শুধু কোনো কাগজে লেখা প্রতিশ্রুতি নয়, এটি বাস্তব।’ তিনি জানান, দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যও ধীরে ধীরে বাড়ছে। এমনকি আর্মেনিয়ায় আজারবাইজানের তেলজাত পণ্যের সরবরাহও বেড়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আর্মেনিয়ার সংবিধান পরিবর্তনের বিষয়ে আজারবাইজানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। হাজিয়েভ বলেন, সংবিধান কীভাবে পরিবর্তন করবে, সেটি সম্পূর্ণ আর্মেনিয়ার অভ্যন্তরীণ বিষয়। তবে আজারবাইজান চায়, তাদের দেশের বিরুদ্ধে ভূখণ্ডগত দাবি হিসেবে দেখা যায়—এমন সব ধারা আনুষ্ঠানিকভাবে সংবিধান থেকে বাদ দেওয়া হোক। তিনি বলেন, নতুন সংবিধান গ্রহণের মাধ্যমে হোক বা অন্য কোনো আইনি উপায়ে—এই বিষয়টির সমাধান হলেই চূড়ান্ত শান্তি চুক্তি সইয়ের আর কোনো বাধা থাকবে না বলে তারা মনে করেন।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ইতোমধ্যে জানিয়েছেন, তিনি সংবিধান পরিবর্তনের জন্য গণভোট করতে চান। তিনি বলেছেন, নতুন সংবিধানের খসড়া চলতি বছরের শেষ নাগাদ প্রকাশ করা হবে। তবে এই গণভোট আয়োজন করতে সংসদে প্রয়োজনীয় সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা তার দল সিভিল কনট্রাক্টের নেই। এছাড়া বিরোধী দলগুলো এ উদ্যোগে সমর্থন দেবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। হাজিয়েভ বলেন, শুধু সংবিধানের খসড়া প্রকাশ করলেই হবে না। বাস্তবে সংবিধান পরিবর্তনের প্রক্রিয়া শেষ হওয়াই শান্তি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ।

হিকমেত হাজিয়েভ জানান, পরিকল্পিত একটি আন্তর্জাতিক পরিবহন করিডর নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা ইতিবাচক বার্তা পেয়েছেন। তার আশা, যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা এই প্রকল্পের নির্মাণকাজ আগামী শরৎকালেই শুরু হতে পারে। 'আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধির জন্য ট্রাম্প রুট' নামে পরিচিত এই প্রকল্পের সংক্ষিপ্ত নাম ট্রিপ। প্রস্তাবিত ৪৩ কিলোমিটার দীর্ঘ এই করিডরটি আর্মেনিয়ার ভেতর দিয়ে যাবে। এর মাধ্যমে আজারবাইজান সরাসরি তার বিচ্ছিন্ন অঞ্চল নাখচিভান এবং মিত্র দেশ তুরস্কের সঙ্গে স্থলপথে যুক্ত হবে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে নতুন বাণিজ্য ও জ্বালানি রুট গড়ে তুলতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এই করিডর চালু হলে এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহন আরো সহজ ও দ্রুত হবে। হাজিয়েভ বলেন, আজারবাইজান চায় যত দ্রুত সম্ভব এই প্রকল্প বাস্তবায়ন হোক। তিনি আরো জানান, আজারবাইজানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাঙ্গিলান পর্যন্ত প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ ২০২৬ সালের শেষ নাগাদ প্রায় শেষ হয়ে যাবে। এরপর সেটিকে আর্মেনিয়া ও তুরস্কের পরিকল্পিত সড়ক ও রেলপথের সঙ্গে যুক্ত করা হবে।