ইউক্রেনে রাশিয়ার ধারাবাহিক হামলায় ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় কিয়েভের একটি প্রধান ধর্মীয় স্থাপনায় (শতবর্ষী ক্যাথেড্রাল) আগুন লেগে যাওয়ার ঘটনাও ঘটেছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে হামলায় চারজন নিহত হয়েছেন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার হামলায় সৃষ্ট আগুন নেভাতে গিয়ে পাঁচজন উদ্ধারকর্মী মারা গেছেন।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কো বলেন, ‘আমাদের জনগণ ও আমাদের ঐতিহ্যের ওপর এক নৃশংস হামলা হয়েছে। এতে একাদশ শতাব্দীর ‘ডরমিশন ক্যাথেড্রাল’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কিয়েভ পেচেরস্ক লাভরা মঠের অন্তর্গত ঐতিহাসিক ‘ডরমিশন ক্যাথেড্রাল’টি ১১ শতকে প্রতিষ্ঠিত অর্থোডক্স খ্রিস্টধর্মের অন্যতম পবিত্র ও সাংস্কৃতিক নিদর্শন।
এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোর দক্ষিণে অবস্থিত রাশিয়ার তুলা শহরে ইউক্রেনের একটি ড্রোন হামলায় তিনজন নিহত এবং এক বছর বয়সী শিশুসহ আরো তিনজন আহত হয়েছেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ভবন ও গাড়িতে আগুন লেগেছে।
এ ছাড়া ইউক্রেনের রাজধানীতে ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন। সোমবার ইউক্রেনের বেশিরভাগ অংশ বিমান হামলার সতর্কতার অধীনে ছিল। কিয়েভে বেশ কয়েকটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন এবং খারকিভে আরো পাঁচজন আহত হয়েছেন।
কিয়েভের পেচেরস্ক লাভরা মঠের ক্যাথেড্রালটির কথা উল্লেখ করে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক বিবৃতিতে বলেন, ‘এই নৃশংস ঘটনার দ্রুত ও উপযুক্ত বিচার নিশ্চিত করতে আমরা ইউনেস্কোসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাব।’
ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড জানিয়েছে, কিয়েভে রাশিয়ার হামলার জবাবে তারা যুদ্ধবিমান পাঠিয়েছে এবং ভূমিতে অবস্থিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সতর্ক অবস্থায় রেখেছে। এই সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ বৈঠকের আগে এই হামলাগুলো চালানো হলো, যেখানে ইউক্রেন যুদ্ধ আলোচ্যসূচির একটি অংশ।
গতকাল রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসি বলেছেন, তিনি দীর্ঘদিনের এই সংঘাতের অবসানের প্রচেষ্টা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ২০২২ সালে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একটি পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করেন।







