• ই-পেপার

বিরতি কাটিয়ে ছোটপর্দায় ফিরছেন দেবচন্দ্রিমা

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় গায়কের

বিনোদন ডেস্ক
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় গায়কের
সংগৃহীত ছবি

ভয়াবহ এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়ক ও গীতিকার অলিভার ট্রি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোর আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয় এই সংগীতশিল্পীও ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া অলিভার ট্রি সংগীতজীবনের শুরুতে ইলেকট্রনিক ধারার গান নিয়ে কাজ করেন। ২০১৩ সালে প্রকাশিত তার প্রথম ইপি ‘ডেমনস’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে যাত্রা শুরু হয়। পরে ২০১৬ সালে ‘হোয়েন আই’ম ডাউন’ গানটি ভাইরাল হলে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

এরপর ‘এলিয়েন বয়’, ‘লাইফ গোজ অন’ এবং ‘মিস ইউ’-এর মতো একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরো শক্ত করেন। বিশেষ করে টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গান কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়।

মৃত্যুর আগে বিশ্ব সফর নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন এই শিল্পী। তার চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’ উপলক্ষে চলছিল কনসার্ট ট্যুর। মেক্সিকো থেকে শুরু হওয়া এ সফরে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে পরিবেশনার পর ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় যাওয়ার পরিকল্পনা ছিল তার।

কিন্তু আকস্মিক এই দুর্ঘটনায় সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হলো না। সংগীতপ্রেমীদের শোকের সাগরে ভাসিয়ে থেমে গেল জনপ্রিয় এই শিল্পীর জীবনযাত্রা।

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন ‘ডেঞ্জার জোন’ নায়িকা

বিনোদন প্রতিবেদক
শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন ‘ডেঞ্জার জোন’ নায়িকা
সংগৃহীত ছবি

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা জলি। এতদিন সংগঠনটির নির্বাচনে ভোটার হিসেবে অংশ নিলেও এবার নিজেই কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে সহশিল্পীদের কাছে সমর্থন ও ভোটও চাইতে শুরু করেছেন এই অভিনেত্রী।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন জলি।

জলি বলেন, ‘আমি চলচ্চিত্রে অভিনয় করছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের সিনেমা দর্শককে উপহার দিতে। আমার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। প্রথম সিনেমা ‘অঙ্গার’ দিয়েই দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছিলাম, সেই ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে আজও চলচ্চিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আগামীতেও আরও ভালো ভালো কিছু গল্পের সিনেমা দর্শক পেতে যাচ্ছেন।’

৪ বছর পর সিনেমায় ফিরছেন জলি

নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আমি কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করব। এরই মধ্যে আমি একজন প্রার্থী হিসেবে আমার কাজ শুরু করেছি। আমাকে শিল্পীরা অনেক ভালোবাসেন, এটি আমি বিগত দিনে গভীরভাবে অনুভব করেছি। আমি শিল্পীদের জন্য দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। আপাতত কার্যকরী সদস্য হিসেবে জয়লাভের মধ্য দিয়েই না হয় সেই যাত্রাটা শুরু হোক।’

‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখা এই নায়িকার উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ এবং ‘ডেঞ্জার জোন’।

প্রতারণার মামলায় এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

বিনোদন প্রতিবেদক
প্রতারণার মামলায় এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মামলার সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদের সময় তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাই মামলার স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম আবেদনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে অর্থ বিনিয়োগে উৎসাহিত করা হয়। শুরুতে অল্প পরিমাণ টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের অর্থ নেওয়া হয়। মুনাফাসহ টাকা ফেরতের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

এর আগে, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

নিজ গ্রামের ১৮০ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন বিজয় ও রাশমিকা

অনলাইন ডেস্ক
নিজ গ্রামের ১৮০ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন বিজয় ও রাশমিকা
সংগৃহীত ছবি

সরকারি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং তাদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে একটি বিশেষ বৃত্তি প্রকল্প চালু করেছেন জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও তার স্ত্রী অভিনেত্রী রাশমিকা মান্দানা। রবিবার (১৪ জুন) বিজয়ের বাবার পৈত্রিক গ্রাম তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের থুম্মানপেটে গিয়ে তারা এই উদ্যোগের সূচনা করেন। ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে এই অঞ্চলের ১৮০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হচ্ছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যাত্রার মুহূর্ত শেয়ার করে বিজয় লেখেন, ‘আমরা থুম্মানপেটের পথে, যেখানে আমার বাবার জন্ম। গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি একটি ছোট স্বপ্নের কথা ঘোষণা করেছিলাম—তেলেঙ্গানার আচামপেটের নবম ও দশম শ্রেণীর সব পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করা। এখানে ১৮০ জন শিশুর তালিকা দেওয়া হলো, যারা তাদের বাবা-মাকে গর্বিত করেছে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজয় বলেন, ‘আপনাদের এই বৃত্তি দেওয়াটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজের গ্রাম দিয়ে শুরু করলাম, তবে ধীরে ধীরে আমার এই উদ্যোগ পুরো তেলেঙ্গানা জুড়ে ছড়িয়ে দিতে চাই। এটাই আমার স্বপ্ন।’ স্থানীয় বাসিন্দারা গ্রামীণ সরকারি স্কুলের প্রতিভা বিকাশের এই পদক্ষেপকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন।

অনুষ্ঠানে রাশমিকাও বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আজ আমি ‘দ্য দেবরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ভালো কাজ শুরু করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের শ্বশুরমশাইয়ের গ্রাম থেকে এটি শুরু করব। আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়ে কথা বলতে পেরে খুবই উচ্ছ্বসিত।’ তিনি শিক্ষার্থীদের সাফল্য ও ব্যর্থতা—উভয়কেই মেনে নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানটির বেশ কিছু ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে রাশমিকাকে যত্নে বিজয়ের মুখের ঘাম মুছে দিতে দেখা যায়, যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আবার একসঙ্গে দেখা যাবে এই তারকা দম্পতিকে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত তাদের পরবর্তী সিনেমা ‘রণবালী’ আগামী ১১ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।