আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা জলি। এতদিন সংগঠনটির নির্বাচনে ভোটার হিসেবে অংশ নিলেও এবার নিজেই কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে সহশিল্পীদের কাছে সমর্থন ও ভোটও চাইতে শুরু করেছেন এই অভিনেত্রী।
আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন জলি।
জলি বলেন, ‘আমি চলচ্চিত্রে অভিনয় করছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের সিনেমা দর্শককে উপহার দিতে। আমার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। প্রথম সিনেমা ‘অঙ্গার’ দিয়েই দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছিলাম, সেই ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে আজও চলচ্চিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আগামীতেও আরও ভালো ভালো কিছু গল্পের সিনেমা দর্শক পেতে যাচ্ছেন।’

নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আমি কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করব। এরই মধ্যে আমি একজন প্রার্থী হিসেবে আমার কাজ শুরু করেছি। আমাকে শিল্পীরা অনেক ভালোবাসেন, এটি আমি বিগত দিনে গভীরভাবে অনুভব করেছি। আমি শিল্পীদের জন্য দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। আপাতত কার্যকরী সদস্য হিসেবে জয়লাভের মধ্য দিয়েই না হয় সেই যাত্রাটা শুরু হোক।’
‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখা এই নায়িকার উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ এবং ‘ডেঞ্জার জোন’।






/6a2eac40ce73e.png)