• ই-পেপার

মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

রাশিয়ার এলব্রুস পর্বতে ঝড়ের কবলে পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক
রাশিয়ার এলব্রুস পর্বতে ঝড়ের কবলে পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু
ছবি : রয়টার্স

ইউরোপের সর্বোচ্চ পর্বত রাশিয়ার মাউন্ট এলব্রুসে এক ভয়াবহ ঝড়ের কবলে পড়ে পাঁচ পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। চরম প্রতিকূল আবহাওয়ার কারণে দুজনের মরদেহ উদ্ধার করা গেলেও বাকি তিনজনের দেহ এখনো পাহাড় থেকে নামিয়ে আনা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, ৫,৩৫০ মিটার (১৭,৫৫০ ফুট) উচ্চতা থেকে উদ্ধারকারীরা জীবিত উদ্ধার হওয়া দুই পর্বতারোহীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। তদন্ত কমিটির তথ্য অনুযায়ী, আরো তিনটি মরদেহ চিহ্নিত করা হলেও সেখানকার প্রবল ঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে তা এখনো উদ্ধার করা যায়নি। রুশ গণমাধ্যম জানায়, এ দুর্ঘটনায় নিহত ও জীবিত উদ্ধার হওয়া পর্বতারোহীরা সবাই বসনিয়া ও হার্জেগোভিনার জেনিকা শহরের বাসিন্দা ছিলেন। এই সাতজনের মধ্যে এক বিবাহিত দম্পতি এবং একজন নারী চিকিৎসকও ছিলেন।

জর্জিয়া সীমান্তের ঠিক উত্তরে অবস্থিত ৫,৬৪২ মিটার উঁচু এই মাউন্ট এলব্রুস পর্বতটি হঠাৎ আবহাওয়া পরিবর্তন এবং বরফঝড়ের জন্য অত্যন্ত কুখ্যাত। তুষারঝড় ও প্রবল বাতাসের কারণে সেখানে উদ্ধারকাজ চালাতে চরম বেগ পেতে হচ্ছে।

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট
ছবি : রয়টার্স

ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ক্ষমার পর যুক্তরাষ্ট্র থেকে হন্ডুরাসে ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। মাদক পাচারের দায়ে ৪৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হার্নান্দেজকে চার বছর আগে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রবিবার (২৬ জুলাই) দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানা পরিবারের সদস্য ও সমর্থকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, দীর্ঘ সময় পর নিজের দেশে ফিরতে পেরে তিনি আবেগাপ্লুত। 

কারাগারে কাটানো সময়কে অত্যন্ত কঠিন অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি যেন কাউকেই মোকাবেলা করতে না হয়।

গত ডিসেম্বরে ট্রাম্প হার্নান্দেজকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা প্রদান করেন। ট্রাম্পের দাবি ছিল, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক পাচারের মামলাটি তৎকালীন বাইডেন প্রশাসনের সাজানো ছিল এবং তিনি ন্যায্য বিচার পাননি।

তবে যুক্তরাষ্ট্রের মামলা থেকে মুক্তি পেলেও হন্ডুরাসে হার্নান্দেজের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ বহাল রয়েছে। আগামী ৩ আগস্ট তাকে এসব অভিযোগে আদালতে হাজির হওয়ার কথা। যদিও জুন মাসে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত হওয়ায় দেশে ফেরার পর তাকে আটক করা হয়নি।

এদিকে মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রভাবশালী এই সাবেক প্রেসিডেন্টের বিচার সঠিকভাবে সম্পন্ন নাও হতে পারে।

তাদের মতে, বিচার প্রক্রিয়া কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকতে পারে। শেষ পর্যন্ত তিনি শাস্তি এড়িয়েও যেতে পারেন।

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন হার্নান্দেজ। এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ ও রাজনৈতিক প্রচারণায় অবৈধ অর্থ ব্যবহারের অভিযোগও উঠেছিল।

বার্লিন প্রাইড হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

অনলাইন ডেস্ক
বার্লিন প্রাইড হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত
সংগৃহীত ছবি

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উদযাপনের কাছে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। জার্মান সংবাদমাধ্যম আরবিবি জানিয়েছে, নিহত সন্দেহভাজন ২১ বছর বয়সী আব্দুল বাল্লুত। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ জুলাই) রাত থেকে দেশজুড়ে অভিযান চালিয়ে খোঁজা হচ্ছিল আবদুল বাল্লুতকে। পরে বার্লিনের স্পানডাউ জেলার একটি অ্যালটমেন্ট গার্ডেন কমপ্লেক্সে পুলিশের অভিযানে নিহত হন তিনি। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বার্লিন পুলিশ।

এর আগে, শনিবার সন্ধ্যায় বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কসংলগ্ন এলাকায় প্রাইড উদযাপনের কাছে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ১ জন নিহত ও ২৯ জন আহত হন।

ইউরোপের অন্যতম বৃহত্তম এলজিবিটিকিউ আয়োজন ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উপলক্ষে লাখ লাখ মানুষ বার্লিনে সমবেত হন। তবে এ ঘটনার পর উৎসবস্থলজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের নিউ ইয়র্কের ঐতিহাসিক স্টোনওয়াল আন্দোলনের স্মরণে ১৯৭৯ সাল থেকে প্রতি বছর বার্লিনে সমতা ও বৈষম্যবিরোধী এই প্রাইড প্যারেড আয়োজিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এর আগে লাইপজিগ, ম্যানহাইম ও ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটেও গাড়ি হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন।

প্রশ্ন ফাঁসের অভিযোগে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় বিজেপি

কালের কণ্ঠ ডেস্ক
প্রশ্ন ফাঁসের অভিযোগে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় বিজেপি
পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্স। ছবি: সংগৃহীত

একেই বলে রাজনীতি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিনই প্রশ্ন ফাঁসের অভিযোগে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগের দাবি নিয়ে মাঠে নেমেছে বিজেপি।

প্রশ্ন ফাঁস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে কেন্দ্রে বিজেপি আর কংগ্রেস মুখোমুখি হলেও পাঞ্জাবে আবার দুই দল অভিন্ন কণ্ঠে রাজ্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে। তাদের অভিযোগের তীর পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টির দিকে। তবে পাঞ্জাবে শাসক দল আম আদমি পার্টি প্রশ্ন ফাঁসের অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। তাদের দাবি, কেন্দ্রের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিতর্ক থেকে মানুষের নজর ঘোরাতেই বিজেপি ও কংগ্রেস পাঞ্জাবে একজোট হয়ে এই মিথ্যা অভিযোগগুলো তুলছে।

রবিবার (২৬ জুলাই) বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী পাঞ্জাবের বেশ কয়েকটি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ এনে প্রশ্ন করেছেন, ‍’পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন?’ দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধারাবাহিক আন্দোলনে সশরীরে গিয়ে নৈতিকতার প্রশ্নে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন আম আদমী পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল। তাই প্রদীপ ভান্ডারীর মূল লক্ষ্যও তিনি, ‘অরবিন্দ কেজরিওয়াল কবে নৈতিকতার খাতিরে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইবেন?’

একই সুর পাঞ্জাব কংগ্রেস প্রধান অমরিন্দর সিং রাজার কণ্ঠেও, ‘পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত বেইন্স কবে পদত্যাগ করবেন? চার বছর। ৬টি বড় প্রশ্নপত্র ফাঁস। অসংখ্য স্বপ্ন চূর্ণ। তবুও কোনো জবাবদিহিতা নেই। পাঞ্জাবের শিক্ষার্থীরা উত্তর পাওয়ার যোগ্য। তারা জবাবদিহিতা পাওয়ার যোগ্য। তারা একটি ভালো ভবিষ্যৎ পাওয়ার যোগ্য।’

তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জোরালোভাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন। দুটি পরীক্ষায় নকলের অভিযোগ স্বীকার করলেও গত সাড়ে চার বছরে তার শাসনামলে রাজ্যে কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

ভগবন্ত বলেন, ‘আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে পাঞ্জাবে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি, হবেও না। এটি আমার গ্যারান্টি। আমরা দুটি জায়গা থেকে নকল করার খবর পেয়েছিলাম। আমরা মাত্র ১০ মিনিটের মধ্যে নকলের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা নকল চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছি।’

পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সও প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি বলেন, ‘আমার পদত্যাগে যদি পাঞ্জাবের শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নতি হয়, তবে আমি যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত।’

মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের | কালের কণ্ঠ