নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বেনু রাজ্যে একদল বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই সহিংসতার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। তবে পুলিশ এই হামলায় নিহতের সংখ্যা আটজন বলে দাবি করেছে।
স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের সূত্র দিয়ে জানা গেছে, বেনু রাজ্যের ওটুকপো স্থানীয় সরকার এলাকার অন্তর্গত ওটুকপো-নোবি কমিউনিটিতে রবিবার (১২ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। ভোররাতে যখন স্থানীয়রা ঘুমিয়ে ছিলেন, তখন একদল সশস্ত্র বন্দুকধারী এলাকায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। বাসিন্দাদের সন্দেহ, হামলাকারীরা ফুলানি পশুপালক সম্প্রদায়ের সশস্ত্র সদস্য। স্থানীয় বাসিন্দারা অন্তত ১৮ জন নিহত হওয়ার কথা জানালেও বেনু রাজ্য পুলিশের মুখপাত্র উডেমে এডেট দাবি করেছেন, হামলায় আটজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
বেনু রাজ্যে জমি, পানি ও প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘকাল ধরে স্থানীয় কৃষক সম্প্রদায় ও যাযাবর পশুপালকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে। স্থানীয় সরকার চেয়ারম্যান ম্যাক্সওয়েল ওগিরি জানিয়েছেন, দুই সপ্তাহ আগে স্থানীয় পশুপালক সমিতির চেয়ারম্যান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত এলাকার বিপুল সংখ্যক নারী ও যুবক ওটুকপো শহরের রাস্তায় নেমে আসেন। তারা টায়ার জ্বালিয়ে ও রাস্তা অবরোধ করে প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের গ্রেপ্তারের দাবি করেন।




