• ই-পেপার

নিজেদের পছন্দের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন ক্ষুব্ধ নেপালের জেন-জি প্রজন্ম?

গাজায় ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে হামাস, অভিযোগ জাতিসংঘের

অনলাইন ডেস্ক
গাজায় ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে হামাস, অভিযোগ জাতিসংঘের
ছবি : রয়টার্স

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ। এতে চলমান মানবিক সংকটের মধ্যে থাকা গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো বৃদ্ধি পাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। তবে সোমবার (১৩ জুলাই) জাতিসংঘের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে তা প্রত্যাখ্যান করেছে হামাস। জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ও মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার উপ-বিশেষ সমন্বয়কারী রামিজ আলাকবারভ এই অভিযোগ তোলেন।

রামিজ এক বিবৃতিতে বলেছেন, শনিবার (১১ জুলাই) উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি খাদ্য বিতরণকেন্দ্রে সশস্ত্র ব্যক্তিরা প্রবেশ করে। একই সাথে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গুদামে ঢুকে দুজন ট্রাকচালককে মারধর করা হয়। এই ঘটনার পর মানবিক সংস্থাকে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করতে হয়। তিনি আরো বলেন, এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। এগুলো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মানবিক কর্মীদের ওপর সহিংসতা, চোরাচালানের চেষ্টা ও সহায়তার অপব্যবহারের মতো ঘটনা দিন দিন বাড়ছে। এর ফলে চরম সংকটে থাকা গাজার সাধারণ মানুষের কাছে জীবন রক্ষাকারী সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।

হামাস জানায়, ওই ত্রাণসামগ্রীর ভেতরে লুকিয়ে রাখা চোরাচালানের সিগারেট ও মোবাইল ফোনের যন্ত্রাংশ পাচারের খবর পেয়ে স্থানীয় পুলিশ সেখানে একটি বিশেষ আইন প্রয়োগকারী অভিযান চালাচ্ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া এই সংঘাত আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে। দীর্ঘস্থায়ী এই যুদ্ধের ফলে গাজা উপত্যকা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বিমান ও স্থল হামলার কারণে গাজার প্রায় ২০ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবু বা ক্ষতিগ্রস্ত ভবনে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে গাজার ৬০ শতাংশেরও বেশি এলাকা ও সমস্ত প্রবেশপথ ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের লক্ষ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি আলোচনা কয়েক মাস ধরে স্থবির হয়ে আছে।

৫৩ হাজারের বেশি বিদেশিকে ফেরত পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক
৫৩ হাজারের বেশি বিদেশিকে ফেরত পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা
ছবি : রয়টার্স

দক্ষিণ আফ্রিকা সরকার জানিয়েছে, পাঁচ সপ্তাহ আগে শুরু হওয়া ‘অভিবাসন ব্যবস্থাপনা’ অভিযানে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো বা নির্বাসিত করা হয়েছে।

কর্মকর্তাদের মতে, ফেরত পাঠানো ব্যক্তিদের বেশির ভাগই মালাউই, জিম্বাবুয়ে ও মোজাম্বিকের নাগরিক। অভিযান চলমান থাকায় এই সংখ্যা আরো বাড়তে পারে। সম্প্রতি অভিবাসনবিরোধী বিক্ষোভে সহিংসতা, ভীতি প্রদর্শন ও লুটপাটের ঘটনার পর নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা সাম্প্রতিক বছরের অন্যতম বড় অভিযান পরিচালনা করছে।

বিক্ষোভকারীরা কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং গণনির্বাসনের দাবি করে আসছে এবং অভিবাসীদের বিরুদ্ধে উচ্চ বেকারত্ব, ক্রমবর্ধমান অপরাধের হার এবং সরকারি পরিষেবাগুলোর পতনের জন্য দায়ী করছে।

দক্ষিণ আফ্রিকার আর্থ-সামাজিক সমস্যার জন্য অভিবাসীদের দায়ী না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, অভিবাসীদের বলির পাঁঠা বানানো এমন পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। অভিবাসনবিরোধী আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এতে নতুন করে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে।

বিক্ষোভকারীরা নথিপত্রহীন সব অভিবাসীর দেশ ছাড়ার জন্য ৩০ জুনকে অনানুষ্ঠানিক সময়সীমা নির্ধারণ করেছিল। এরপর সহিংসতা ও ভীতি এড়াতে অনেক বিদেশি দক্ষিণ আফ্রিকা ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। এদিকে ঘানা, নাইজেরিয়া, উগান্ডা, কেনিয়াসহ কয়েকটি দেশ সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিমানযোগে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিচার ও সাংবিধানিক উন্নয়নমন্ত্রী মামোলোকো কুবাইয়ি জানিয়েছেন, এখন পর্যন্ত ৫৩ হাজার ৪৯৯ জন বিদেশি নাগরিককে নির্বাসন বা নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি মালাউইয়ের নাগরিক। এ ছাড়া জিম্বাবুয়ে ও মোজাম্বিকের নাগরিকরাও রয়েছেন।

রবিবার প্রিটোরিয়ায় এক সংবাদ সম্মেলনে কুবাইয়ি বলেন, সরকার এমন একটি সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যা একদিকে জনগণের উদ্বেগকে গুরুত্ব দেবে, অন্যদিকে নাগরিকত্ব বা অভিবাসন অবস্থান-নির্বিশেষে সবার মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করবে।

তিনি আরো জানান, এই অভিযান পরিচালনার সময় এমন কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে পুলিশ আগে থেকেই খোঁজ করছিল।

তিনি আরো বলেন, কর্তৃপক্ষ তাদের অভিবাসন আইন প্রয়োগ অব্যাহত রাখবে। তবে তিনি সতর্ক করে দেন যে, বিক্ষোভকারীরা যেন এমন কোনো বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে অননুমোদিত তল্লাশি না চালায়, যেখানে কাগজপত্রবিহীন অভিবাসীদের আশ্রয় দেওয়ার সন্দেহ রয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অভিবাসন নিয়ে জনগণের উদ্বেগের কথা স্বীকার করেছেন, তবে অভিবাসীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন এবং নাগরিকদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সতর্ক করেছেন।

দক্ষিণ আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী দেশ এবং দীর্ঘদিন ধরেই উন্নত অর্থনৈতিক সুযোগের সন্ধানে আসা অভিবাসীদের আকর্ষণ করে আসছে, যাদের মধ্যে কেউ কেউ অবৈধভাবে প্রবেশ করে।

ইরান সংঘাতে মার্কিন সৈন্যের মৃত্যু বেড়ে ১৪, আহত চার শতাধিক

অনলাইন ডেস্ক
ইরান সংঘাতে মার্কিন সৈন্যের মৃত্যু বেড়ে ১৪, আহত চার শতাধিক
ছবি : রয়টার্স

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক সংঘাতে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। চলতি জুলাই মাসের শুরুতে আরব সাগরে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নৌবাহিনীর এক পাইলটের মৃত্যুর মধ্য দিয়ে এই সংঘাতে মার্কিন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এ ছাড়া সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আহত মার্কিন সেনার সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ জুলাই আরব সাগরে একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়। নৌবাহিনী প্রাথমিকভাবে এটিকে একটি জরুরি অবতরণ হিসেবে উল্লেখ করেছে। পেন্টাগন জানিয়েছে, এই দুর্ঘটনার পেছনে শত্রুপক্ষের কোনো হামলা বা কার্যকলাপের ইঙ্গিত পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারে থাকা অপর তিন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নৌবাহিনীর ওই পাইলট প্রাণ হারান। এ ছাড়া চলতি বছরের মার্চে যুদ্ধের শুরুতে পৃথক কয়েকটি হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন। এর আগে তিনটি পৃথক ঘটনায় ১৩ মার্কিন সেনার মৃত্যু হয়েছিল।

কুয়েতের একটি মার্কিন কমান্ড সেন্টারে ইরানের ড্রোন হামলায় ছয়জন সৈন্য নিহত হন। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সহায়তাকারী একটি কেসি-১৩৫ ফুয়েল ট্যাংকার (জ্বালানি সরবরাহকারী) ইরাকে বিধ্বস্ত হয়ে আরো ছয় সেনা সদস্য নিহত হন। সোমবার (১৩ জুলাই) পর্যন্ত এই সংঘাতের কারণে মোট আহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৪১৪ জনে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, আহতদের একটি বড় অংশই মাথায় বা মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছেন।

ক্ষেপণাস্ত্র হামলা ও শক্তিশালী বিস্ফোরণের কারণে সৈন্যরা এই দীর্ঘমেয়াদী ব্রেইন ইনজুরির শিকার হচ্ছেন, যা মার্কিন বাহিনীর ভেতর একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সেন্ট্রাল কমান্ডের অপর মুখপাত্র মেজর এমা থম্পসন জানিয়েছেন, আহত সৈন্যদের প্রায় সকলেই চিকিৎসা শেষে পুনরায় কাজে ফিরেছেন।

হরমুজে আমিরাতের ট্যাংকারে ইরানের হামলা, ভারতীয় নাবিক নিহত

অনলাইন ডেস্ক
হরমুজে আমিরাতের ট্যাংকারে ইরানের হামলা, ভারতীয় নাবিক নিহত
ছবি : রয়টার্স

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুইটি তেল ট্যাংকারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ হামলায় আরো আটজন আহত হয়েছেন। ওমান জলসীমায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া জাহাজগুলোর  নাম ‘মোম্বাসা’ ও ‘আল বাহিয়াহ’। সোমবার (১৩ জুলাই) আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজ দুইটি ওমানের জলসীমা দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। নিহত ভারতীয় নাগরিক ‘মোম্বাসা’ জাহাজের ক্রু ছিলেন। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুইজন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর দুটি ট্যাংকারেই আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে নাবিকদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের পরিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয় এড়ানো গেছে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাত এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। একই সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় যেকোনো পদক্ষেপ গ্রহণ এবং হামলার পাল্টা জবাব দেওয়ার অধিকার দেশটির রয়েছে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাত যেকোনো হুমকি মোকাবেলা করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষুণ্ণকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।’

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের কালহাত থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অপর একটি অজ্ঞাত ট্যাংকারে আঘাত হেনেছে কোনো দূরপাল্লার বস্তু। এই হামলায় জাহাজটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হলেও ক্রুরা নিরাপদ রয়েছেন। তবে এই ঘটনাটি আমিরাতের ওপর হওয়া হামলারই অংশ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করার পরই এই হামলাগুলো চালানো হলো। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ চলাচলের ওপর অবরোধ পুনর্বহালের ঘোষণা দেয় এবং মার্কিন বাহিনী টানা তিন রাত ধরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। পাল্টা জবাবে ইরান  জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা তেহরান মেনে নেবে না।