গ্রীষ্মের দলবদলে সিরি-আ লিগের ইতালির ক্লাব এএস রোমা এবং বোলোনিয়ার মধ্যে আর্জেন্টাইন স্ট্রাইকার সান্তিয়াগো কাস্ত্রোর দলবদলের বিষয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি সম্পন্ন হয়েছে। ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে রোমায় ভেড়াতে ইতালিয়ান ক্লাবটি ৩৫ মিলিয়ন ইউরো ফিক্সড ফি সাথে আরো ২ মিলিয়ন ইউরো এড-অনস দিতে রাজি হয়েছে। যার মধ্যে একটি সেল-অন ক্লজও অন্তর্ভুক্ত থাকছে। কোচ জিয়ান পিয়েরো পেরিনির অধীনে এটিই হতে যাচ্ছে রোমার এই গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোর প্রথম সাইনিং।
বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এবং জিয়ানলুকা ডি মার্জিওর তথ্য অনুযায়ী, কাস্ত্রো রোমার সাথে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি সই করেছে, যেখানে তার বার্ষিক বেতন হবে প্রায় ২.২ মিলিয়ন ইউরো।
এই দলবদলের অংশ হিসেবে বোলোনিয়া তাদের নতুন স্ট্রাইকার হিসেবে ইউক্রেনীয় ফরোয়ার্ড আর্তেম ডভবিককে রোমা থেকে লোনে দলে ভেড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত করছে।
চুক্তিটি পুরোপুরি সম্পন্ন করতে কাস্ত্রো শীঘ্রই রোমায় পৌঁছাবেন এবং মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন। মেডিক্যাল শেষ করেই ওয়েলসে চলমান রোমার প্রি-সিজন ট্রেনিং ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
রোমার স্কোয়াডে থাকা অন্য দুই আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা এবং মাতিয়াস সুলের সাথে যোগ দিচ্ছেন কাস্ত্রো।







