হতাশ করলেন ইমরানুর রহমানও। কমনওয়েলথ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব।
গ্লাসগোর স্কটস্টাউন স্টেডিয়ামে নিজের হিটে ৬ জনের মধ্যে তৃতীয় হয়েছেন ইমরানুর। সবমিলিয়ে ৭৩ জনের মধ্যে ২৭তম। স্প্রিন্ট শেষ করতে ১০.৩৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।
সেমিফাইনালে সুযোগ পাওয়া ১৭ জনের মধ্যে সর্বশেষজন হচ্ছেন বার্বাডোজের কুরন গ্রিফিথ। তা মতোই অবশ্য ১০.২৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিংও।
১০০ মিটার স্প্রিন্টে ইমরানুরের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। ২০২৩ সালের লন্ডনের নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে করেছিলেন তিনি। অন্যদিকে সবশেষ জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানব হয়েছেন ১০.৫৮ সেকেন্ডে। জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে ৬ বার দ্রুততম মানব হয়েছেন ইমরানুর।
অন্যদিকে বক্সিংয়ে হতাশ করেছেন জিনাত ফেরদৌস। ৫১ কেজি ওজনে শেষ ষোলোয় আয়ারল্যান্ডের ফ্রায়ার্সের কাছে ৫-০ পয়েন্টে হেরেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার।
সাঁতারেও হিটে বাদ পড়েছেন কাজল মিয়া ও সামিউল ইসলাম রাফি। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১২ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে ১৯ জনের মধ্যে ১৬তম হয়েছেন কাজল। ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫২ দশমিক ৪৯ সেকেন্ডে ৬৭ জনের মধ্যে ৪০তম হয়েছেন রাফি।







