• ই-পেপার

নতুন ক্লাবে ভিদালের সতীর্থ হচ্ছেন সেই ভোজিনহা

পিএসজি-লিভারপুলের টার্গেটকে ছিনতাই করতে লড়াইয়ে রিয়াল!

ক্রীড়া ডেস্ক
পিএসজি-লিভারপুলের টার্গেটকে ছিনতাই করতে লড়াইয়ে রিয়াল!
ছবি : রয়টার্স

লাইপজিগের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভেড়ানোর লড়াইয়ে হঠাৎই নতুন মোড়। ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজির প্রথম পছন্দ থাকা এই আইভোরিয়ান তারকাকে ছিনিয়ে নিতে এবার নতুন করে লড়াইয়ে যোগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ পরাশক্তিরা ইতোমধ্যেই জার্মান ক্লাব লাইপজিগের সঙ্গে দলবদলের আলোচনার টেবিল গরম করতে শুরু করেছে।

আইভরি কোস্টের এই উদীয়মান তারকার প্রথম পছন্দ ছিল প্যারিস সেন জার্মেই (পিএসজি)। কিন্তু লাইপজিগের চাওয়া চড়া অঙ্কের ট্রান্সফার ফি মেটাতে দ্বিধাবোধ করায় চুক্তি থমকে দাঁড়ায়। ঠিক সেই সুযোগটাই কাজে লাগাতে মাঠ নেমেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের এই আগ্রাসী মনোভাবের কারণে দিওমান্দেকে পাওয়ার লড়াই এখন তুঙ্গে। 

সামার উইন্ডোতে রিয়ালের ডানপ্রান্তের আক্রমণভাগ শক্তিশালী করার এই চেষ্টার পেছনে রয়েছে ইব্রাহিম দিয়াসের সম্ভাব্য বিদায়। যদিও মরক্কান এই উইঙ্গার সান্তিয়াগো বার্নাবেউতে থেকে যেতে আগ্রহী, তবুও রিয়াল কর্তৃপক্ষ ভবিষ্যৎ সুরক্ষায় দিওমান্দেকেই তাদের মূল লক্ষ্য বানিয়েছে।

স্প্যানিশ ক্লাব লেগানেস থেকে মাত্র এক বছর আগে লাইপজিগে যোগ দেওয়া এই আইভোরিয়ান বিস্ময়ের দিকে নজর ছিল লিভারপুলেরও। অলরেডরা ১০ কোটি ইউরো (প্রায় ৮৬.৮ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত অফার সাজিয়েছিল। তবে লাইপজিগের দাবি অন্তত ১৩ কোটি ইউরো। একই সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা দিওমান্দেকে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে অন্তত আরো এক মৌসুম রেখে দেওয়ারও পথ খুঁজছে জার্মান ক্লাবটি। 

লাইপজিগের স্পোর্টিং ডিরেক্টর মার্সেল শেফার সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমাদের স্পষ্ট ইচ্ছা, আগামী মৌসুমেও ইয়ান দিওমান্দে লাইপজিগের জার্সিতেই মাঠে নামবে।’

কোচ হিসেবে হোসে মরিনহো পুনর্দায়িত্ব নেওয়ার পর রিয়াল মাদ্রিদ গ্রীষ্মকালীন দলবদলে বেশ খরচে মেজাজে রয়েছে। ইতোমধ্যেই তারা দলভুক্ত করেছে বার্নার্ডো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস ও মার্ক কুকুরেয়াকে। ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিকেও উড়িয়ে আনার প্রক্রিয়া জোরকদমে চলছে।

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে শেষ ৩২ পর্যন্ত খেলা চার ম্যাচের প্রতিটিতেই আলো ছড়িয়েছেন দিওমান্দে। গত মৌসুমে বুন্দেসলিগায় ৩৩ ম্যাচে ১২ গোল ও ৯টি অ্যাসিস্ট করে দলকে পয়েন্ট তালিকার তিনে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

দিওমান্দে যদি শেষ পর্যন্ত লাইপজিগ ছাড়েন, তবে তা হবে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় বিক্রি। এতে ভেঙে যাবে ২০২৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া বেঞ্জামিন সেস্কো (৭৬.৫ মিলিয়ন ইউরো) এবং ২০২৩ সালে ম্যানচেস্টার সিটিতে যাওয়া জোসকো গভার্দিওলের (৯০ মিলিয়ন ইউরো) দলবদলের রেকর্ড।  
 

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ কোথায় জানা গেল

ক্রীড়া ডেস্ক
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ কোথায় জানা গেল
ছবি : রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও নিজের সেরা রূপ দেখিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন লিওনেল মেসি। পুরো আসরজুড়ে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার খেতাবও নিজের করে নেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর আবারো সেই একই প্রশ্ন সামনে আসে—আর কতদিন জাতীয় দলের আকাশি নীল-সাদা জার্সিতে দেখা যাবে এই মহাতারকাকে?

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বছর নয়, আগামী কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। আর এই ঐতিহাসিক বিদায়ি ম্যাচটি অনুষ্ঠিত হবে তারই নিজ দেশ আর্জেন্টিনার মাটিতে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রজন্মের কারও হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া এবং কোচ লিওনেল স্কালোনি যেন ২০৩০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে দল গুছিয়ে নিতে পারেন, সেজন্য আরও কয়েক মাস দলভুক্ত থাকতে চান মেসি। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই তিনি কোচ স্কালোনিকে পরবর্তী বিশ্বকাপের দলে তাকে না রাখার অনুরোধ জানিয়েছেন।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কিংবদন্তি এই অধিনায়কের বিদায় স্মরণীয় করে রাখতে এক বিশেষ প্রীতি ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস-এর তথ্যমতে, ঘরের মাঠে এই বিশেষ ম্যাচের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেবেন ফুটবলের এই জাদুকর।

মেসির নেতৃত্বেই দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তেরা। এছাড়া তার অধীনেই ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের ক্যারিয়ারজুড়ে যে সাফল্য ও রোমাঞ্চ তিনি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, ঠিক সেভাবেই রাজকীয় এবং জাঁকজমকপূর্ণ এক বিদায় চান কোটি ফুটবলপ্রেমী। 
 

এবার ভারতে অ্যাশেজ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
এবার ভারতে অ্যাশেজ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া
ভারতে অ্যাশেজ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া। ছবি : ক্রিকইনফো

চলতি বছরের শেষ দিকে বিগ ব্যাশের আসর শুরু হবে। তবে ১৬তম আসর শুরুর আগে চমক দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। পুরো আসর অস্ট্রেলিয়ায় হলেও উদ্বোধনী ম্যাচ হবে ভারতে।   

ভেন্যুও চূড়ান্ত হয়েছে। মেলবোর্ন রেনেগেডস-পার্থ স্কর্চার্সের ম্যাচটি হচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে। সেই রেশ শেষ হওয়ার আগেই নতুন চমক দিতে চায় অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে এবার অ্যাশেজ সিরিজ আয়োজন করতে চায় তারা।

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ দ্বৈরথ অ্যাশেজ ভারতে আয়োজন করার বিষয়টি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। বিবিসির এক পডকাস্টে তিনি বলেছেন, ‘ভারতে অ্যাশেজ সিরিজের এক-দুটি টেস্ট আয়োজন করা যায় কি না, তা নিয়ে আমরা ভাবছি। বোর্ড ডিরেক্টরদের অনুমোদন পেলে পরিকল্পনা সাজানো হবে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। ভবিষ্যতের দ্বার খোলা রাখা হচ্ছে।’

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির রমরমা বাজারে টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতেই এমন ভাবনা বলে জানিয়েছেন গ্রিনবার্গ। তিনি বলেছেন, ‘ইংল্যান্ড-ভারতের সঙ্গে আমাদের টেস্ট ক্রিকেট বেশ শক্তিশালী। তাই আমাদের চাওয়া টেস্ট ক্রিকেটকে আরও প্রসারিত ও শক্তিশালী করে তোলা।’

এর বাইরে ভারতের ব্যাপক দর্শকপ্রিয়তা ধরাও যে লক্ষ্য থাকবে সেটা আর না বললেও চলে।
 

যন্তর মন্তরের আন্দোলনকারীদের শ্রদ্ধা জানিয়ে পাশে দাঁড়ালেন ভারতীয় অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
যন্তর মন্তরের আন্দোলনকারীদের শ্রদ্ধা জানিয়ে পাশে দাঁড়ালেন ভারতীয় অধিনায়ক
ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহামে সেঞ্চুরির পর গিলের উদযাপন। ছবি : ক্রিকইনফো

মেডিকেল ভর্তিসহ প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরো ভারত এখন উত্তাল। বিশেষ করে দিল্লি। যন্তর মন্তরে কিছুদিন আন্দোলন করছেন ভারতের জেনজিরা। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

ভারতের তরুণ প্রজন্মের এই আন্দোলনে অনেক রাজনৈতিক দল তো সমর্থন দিয়েছেনই, সঙ্গে বিনোদন-ক্রীড়াঙ্গনেরও অনেকে তাদের পাশে আছেন। দুই দিন আগে তরুণদের সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এবার ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিল সমর্থন জানিয়েছেন।

 

দুর্নীতি-প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তরুণদের স্বপ্ন দেখা এবং ভবিষ্যৎ গড়ার সুযোগ কেড়ে নেওয়া ঠিক নয় জানিয়ে সামাজিক মাধ্যমে স্টোরি দিয়েছেন গিল। ভারতের ওপেনার লিখেছেন, ‘একজন ভারতীয় তরুণ হিসেবে বিশ্বাস করি, আমাদের প্রজন্মের শেখার, স্বপ্ন দেখার এবং যে ভবিষ্যৎ কল্পনা করি তা গড়ার সুযোগ পাওয়া উচিত।’

শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করা তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গিল আরও লিখেছেন, ‘শান্তিপূর্ণ ভাবে যেসব তরুণ নিজেদের কথা তুলে ধরছে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। শিক্ষাই আমাদের দেশের ভবিষ্যৎ গড়ার শক্তি। আশা করি, আমরা সহমর্মিতা, পারস্পরিক সম্মান এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাব। ভারতের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই প্রয়োজন।’