• ই-পেপার

নওগাঁয় ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

ফেনী প্রতিনিধি
পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ৭ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক টহল দলের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে বিজিবি জানিয়েছে। 

শনিবার (২৫ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ৭ জন ব্যক্তিকে (যাদের মধ্যে ৬ জন নারী ও ১ জন ছেলে শিশু রয়েছে) বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

আব্দুর রহমান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, সীমান্ত এলাকার কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর জন্য জড়ো হওয়ার খবরে তৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো হলে বিজিবি দ্রুত ঘটনাস্থলে এসে তা প্রতিহত করেছেন।  এক পর্যায়ে তারা আবার ভারতের অভ্যন্তরে ঢুকে যায়। 

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর বর্তমান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন। 

অধিনায়ক আরো বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় প্রতিরোধ মূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 

গুজবরোধে নৈতিক শিক্ষা জরুরি : প্রতিমন্ত্রী অনিন্দ্য

যশোর অফিস
গুজবরোধে নৈতিক শিক্ষা জরুরি : প্রতিমন্ত্রী অনিন্দ্য
সংগৃহীত ছবি

গুজবরোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সামাজিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। নৈতিক মূল্যবোধের অভাব থেকেই এ ধরনের অপপ্রচার চালানো হয়। এসব অপপ্রচার প্রতিরোধে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। 

শনিবার সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ অনুষ্ঠিত ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। আগে অনেক বাবা-মা কম শিক্ষিত হলেও সমাজে নৈতিক শিক্ষার চর্চা ছিল। বর্তমানে মানুষ নানা ক্ষেত্রে এগিয়ে গেলেও নৈতিক শিক্ষার ঘাটতি দেখা দিয়েছে। সেই মূল্যবোধের জায়গা আবার ফিরিয়ে আনতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষায়ও গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। 

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাব-ইন্সপেক্টর অলক কুমার দে, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দু মান্নান, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাইদ সান।

৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিজিবি-৬০ ব্যাটালিয়নের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে–বাসমতি চাল, ফুসকা,  চকলেট, গরু, পটকা, শাড়ি, তেল, ইমামী সেভেন অয়েল, ভ্যাসমল, স্কিন সাইন ক্রিম ও মোটর সাইকেল। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছ।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও খাড়েরা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পাচার হয়ে আসার সময় ৫১ লাখ ২৭ হাজার ৪০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

ধামরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আবাস সাহা ও সুজয় সাহা। আবাস শাহা মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ইসলামপুর এলাকায় মূল লেনে একটি বাস নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে কয়েকটি যানবাহন একে অপরকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে আবাস সাহা ও সুজয় সাহা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। 

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।