• ই-পেপার

ইতালির প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন পেপ গার্দিওলা

এসি মিলানের সাথে চুক্তি নবায়ন করলেন লুকা মড্রিচ

ক্রীড়া ডেস্ক
এসি মিলানের সাথে চুক্তি নবায়ন করলেন লুকা মড্রিচ

ইতালিয়ান লিগ সিরি-এ ক্লাব এসি মিলানের সাথে চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মড্রিচ। আরো এক বছর সিরি-এ ক্লাব এসি মিলানেই থাকছেন আগামী সেপ্টেম্বরে ৪১ বছরে পা দিতে যাওয়া এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কতৃপক্ষ।

এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, এসি মিলান আনন্দের সাথে জানাচ্ছে, লুকা মড্রিচ আরো এক মৌসুমের জন্য, অর্থাৎ ৩০ জুন, ২০২৭ পর্যন্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এবং আইকনিক এই খেলোয়াড় রসব্লুজ জার্সিতে তাঁর যাত্রা অব্যাহত রাখবেন। 

২০১৮ সালের ব্যালন ডি'অর জয়ী এই তারকা আসন্ন মৌসুমেও ১৪ নম্বর জার্সি পরেই খেলবেন।

গত ৩০ জুন তাঁর আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। এসি মিলানের হয়ে প্রথম মৌসুমে ৩৭ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি। এই সময়ে সিরি-এ’তে তাঁর দল পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে। এছাড়া কোপ্পা ইতালিয়ার শেষ ১৬ থেকে বিদায় নেয় তার দল। 

এর আগে জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর তিনি ক্লাবে থাকবেন নাকি অবসর নেবেন। সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিশ্বকাপে পর্তুগালের কাছে হেরে ক্রোয়েশিয়া রাউন্ড ৩২ পর্ব থেকে বিদায় নেয়।

পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসারের

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসারের

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট দলে জায়গা পাওয়ার নিজের নাম প্রত্যাহার করে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ফাস্ট বোলার আলজারি জোসেফ। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

টেস্ট সিরিজের আগে সংবাদ সম্মেলনে এই ঘটনাকে দলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে উল্লেখ করে ড্যারেন স্যামি বলেন, ‘তাকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু পরে যেকোনো কারণেই হোক, তিনি খেলতে অস্বীকৃতি জানান। এই সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার এখতিয়ারের বাইরে।’ খবর এনডিটিভি

কোনো চুক্তিবদ্ধ খেলোয়াড় এভাবে জাতীয় দলের নির্বাচন প্রত্যাখ্যান করতে পারেন কি না, সেই সমস্যার সমাধান খোঁজার দায়িত্ব তিনি ক্রিকেট বোর্ডের পরিচালকদের ওপর ছেড়ে দিচ্ছেন আরো যোগ করেন স্যামি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪২টি টেস্ট খেলে ১৩০টি উইকেট নিয়েছেন জোসেফ। তিনি জাতীয় দলের হয়ে সব ফরম্যাটেই খেলেছেন। 

আলজারি জোসেফের মতো মূল পেসারের অনুপস্থিতি সত্ত্বেও শেমার জোসেফ, কেমার রোচ এবং জেইডেন সিলসদের নিয়ে গড়া ক্যারিবীয় বোলিং আক্রমণের ওপর আস্থা রাখছেন প্রধান কোচ।

পাকিস্তানকে মোকাবেলা করার মতো শক্তি ওয়েস্ট ইন্ডিজের আছে কিনা, এমন প্রশ্নের জবাবে স্যামি বলেন, ‘আমি আপনাদের এটুকু বলতে পারি যে, আমাদের এমন একটি বোলিং লাইন-আপ আছে । যারা ২০টি উইকেট নিতে পারে। টেস্ট ম্যাচ জেতার জন্য এটাই যথেষ্ট।’

আগামী শনিবার থেকে তারুবায় প্রথম টেস্টে ঘরের মাঠের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে ক্যারিবিয়রা। দ্বিতীয় টেস্টটি ২ আগস্ট থেকে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত হবে।

নয় দশকের পুরনো রেকর্ডে নাম লেখালেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
নয় দশকের পুরনো রেকর্ডে নাম লেখালেন ভারতীয় ক্রিকেটার
ছবি : বিসিসিআই

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে এক অনন্য রেকর্ডে ভাগ বসালেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। টানা আট ম্যাচে অধিনায়ক হিসেবে টস জিতে ৮৭ বছরের পুরনো আন্তর্জাতিক রেকর্ডে নাম লেখান তিনি।

হারারে স্পোর্টস ক্লাবে বৃহস্পতিবার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়াস। এর মধ্য দিয়ে টানা অষ্টমবারের মতো অধিনায়ক হিসেবে টস জয়ের বিরল কীর্তি গড়েন তিনি। এর আগে ভারতের কোনো টি-টোয়েন্টি অধিনায়ক টানা এতবার টস জিততে পারেননি। এর আগে এই রেকর্ডটি ছিল মহেন্দ্র সিং ধোনির নামে। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে টানা সাতবার টস জিতেছিলেন এই কিংবদন্তি অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে অধিনায়ক হিসেবে প্রথম আট ম্যাচে টস জয়ের কীর্তি সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৩৮-৩৯ সালে। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার উইলি হ্যামন্ড টেস্ট ক্রিকেটে প্রথম টানা আট ম্যাচে টস জিতেছিলেন। ৮৭ বছর পর সেই পুরনো রেকর্ডেই নাম তুললেন শ্রেয়াস।

তবে এই জয় আসতে অপেক্ষাও কম করতে হয়নি তাকে। প্রথম সাত ম্যাচে টস জিতলেও জয়ের দেখা পাননি ভারতীয় অধিনায়ক। অবশেষে অষ্টম ম্যাচে এসে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন শ্রেয়াস। এর মধ্য দিয়ে ভারতের কোনো অধিনায়কের প্রথম জয়ের জন্য সবচেয়ে বেশি ম্যাচ অপেক্ষার নতুন রেকর্ডও গড়েছেন তিনি।

জীবনের নতুন ইনিংস শুরু করলেন পেসার নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক
জীবনের নতুন ইনিংস শুরু করলেন পেসার নাহিদ রানা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন দেশের এই গতিতারকা।

বাংলাদেশ ক্রিকেটের উদীয়মান পেসার নাহিদ রানা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের পক্ষ থেকে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

মাত্র কয়েক বছরের মধ্যেই জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। মাঠের সাফল্যের পর এবার ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করলেন এই তরুণ পেসার।

তবে বিয়ে নিয়ে নাহিদ রানা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।