নবজাতকের আগমন উপলক্ষে পরিবারকে গাছের চারা উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখা। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার (২৪ জুলাই) সকালে নবজাতকের পরিবারের হাতে এসব চারা তুলে দেন সংগঠনের সদস্যরা।
বুধবার (২২ জুলাই) রাত ১০টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের উত্তর শিবপুর তেলিপাড়া গ্রামের মো. মিনহাজুল ইসলাম মিঠু ও মোছা. জান্নাতুন মাওয়া মিম দম্পতির ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়। দিনাজপুর সদরের ডে-নাইট হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটি তাদের প্রথম সন্তান।
নবজাতকের জন্মের খবর পেয়ে বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী শাখার সদস্যরা ওই পরিবারের বাড়িতে গিয়ে পাঁচটি গাছের চারা উপহার দেন। চারাগুলোর মধ্যে ছিল নিম, মেহগনি, আম, কাঁঠাল ও লেবু গাছ।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের ফুলবাড়ী প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, ইউপি সদস্য ছাইদুর রহমান, আনোয়ার হোসেন, বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক হাসানুর, মোস্তাকিম, সদস্য সোহানুর রহমান সোহাগ, জিসানুর রহমান জীবন, রাসেল, রিপন ও কৃষ্ণ রায়।
আনোয়ার সাদাত মন্ডল বলেন, মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য, যার প্রধান উৎস গাছ। গাছ শুধু অক্সিজেনই দেয় না, খাদ্য, ওষুধ, কাঠসহ নানা প্রয়োজন পূরণ করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনের জন্য বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।
তিনি বলেন, নবজাতকের জন্মের সঙ্গে গাছের চারা উপহার দেওয়ার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিশুর সঙ্গে গাছও বেড়ে উঠবে এবং ভবিষ্যতে তা পরিবেশ ও পরিবারের জন্য মূল্যবান সম্পদে পরিণত হবে।
বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সোহেল রানা বলেন, প্রতিটি নবজাতকের নামে গাছের চারা উপহার দেওয়ার উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুর সঙ্গে গাছও বেড়ে উঠবে এবং একসময় তা পরিবারের জন্য সম্পদে পরিণত হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন বলেন, শিশুর জন্ম যেমন পরিবারের জন্য আনন্দের, তেমনি গাছের চারা রোপণ ভবিষ্যৎ প্রজন্ম ও প্রকৃতির জন্য আশার প্রতীক। আমরা চাই প্রতিটি শিশুর জন্ম একটি গাছ রোপণের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকুক।
ইউপি সদস্য ছাইদুর রহমান বলেন, এমন একটি পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি আমরা কৃতজ্ঞ।
এ সময় নবজাতকের দাদা মো. আইনুল ও দাদি মোছা. মুক্তারা বেগম বসুন্ধরা শুভসংঘের সদস্যদের ধন্যবাদ জানান। তারা বলেন, উপহার পাওয়া চারাগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করবেন, যাতে সন্তানের সঙ্গে গাছগুলোও বড় হয়ে ভবিষ্যতে মূল্যবান সম্পদে পরিণত হয়।








