• ই-পেপার

জামিনে বের হয়ে ফের হুমকি, বিদ্যালয়ে ঢুকতে পারছেন না সেই প্রধান শিক্ষিকা

সিদ্ধিরগঞ্জে আ. লীগের ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে আ. লীগের ২ সদস্য গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মাদানীনগরের নিমাইকাশাড়ি এলাকা থেকে সমাবেশের নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত মাসুদ মিয়া (২৮) এবং একই দিন রাতে বাগমারা এলাকা থেকে ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাহুলকে (২৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২২ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকায় আল-আমিন গার্মেন্টের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তী সময়ে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের তথ্যের ভিত্তিতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকায় নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরো জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯
সংগৃহীত ছবি

টেকনাফের নোয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ৭ জন এবং ওয়ারেন্টভুক্ত একজন আসামি রয়েছেন। এ সময় একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি ও ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টেকনাফের নোয়াপাড়া রেজিস্টার্ড এফডিএমএন ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযানের সার্বিক নেতৃত্বে ছিলেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আরআরআরসির প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) উপস্থিত থেকে অভিযান তদারকি করেন।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের যৌথ অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, মাদক, অস্ত্র, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

খুলনা অফিস
খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২
সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল-চার রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় ৫০ মিনিটে র‌্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন– লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম (৩০) এবং ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে মো. মাসুদ রানা (৩৭)।

র‌্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়েছে। তার দুজন চিহ্নিত সন্ত্রাসী। এ সময় তাদের কথা অনুসরণ করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের ও উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।

মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের এক ঘণ্টা কর্মবিরতি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের এক ঘণ্টা কর্মবিরতি
ছবি: কালের কণ্ঠ

চা-শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির গেজেট বাতিল, ভূমির মালিকানা এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় কালিটি চা-বাগানে বিক্ষোভ সমাবেশ করে চা-শ্রমিকরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন।

কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিক নেতা দয়াল অলমিক, বিশ্বজিত দাস, কার্তিক নাইডু, সীতারাম অলমিক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার মূল্যের সঙ্গে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি চরম অমানবিক। প্রতি বছর মাত্র আট টাকা মূল্য বৃদ্ধি চা-শ্রমিকদের সঙ্গে তামাশা। বর্তমান দৈনিক মজুরি ১৮৭ টাকায় পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য সম্মানজনক ন্যায্য মজুরি আজ প্রতিটি চা-শ্রমিকের প্রাণের দাবি। 

সমাবেশে বক্তারা আরো বলেন, এ ভূখণ্ডে চা-শ্রমিকরা বসবাসের ২০০ বছর হতে চললেও, চা-শ্রমিকরা আজো ভূমিহীন। ভূমির মালিকানা না থাকায় নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অধিকার থেকে চা-শ্রমিকরা আজো বঞ্চিত। তাই চা-শ্রমিকদের ভূমির মালিকানা আজ সময়ের দাবি।

চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, ‘চা-শ্রমিকরা রাষ্ট্রীয় বৈষম্যর শিকার। স্বাধীন দেশের নাগরিক হয়েও চা-জনগোষ্ঠী মৌলিক নাগরিক অধিকার থেকে আজো বঞ্চিত। চা-শ্রমিকরা আধুনিক দাসত্বের জীবনযাপন করছেন। দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী চা-শ্রমিকরা সবচেয়ে কম মজুরিতে কাজ করেন।’ 

তিনি আরো বলেন, ‘দৈনিক ৫০০ টাকা মজুরির জন্য চা-শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। লড়াইয়ের মাধ্যমেই নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। মজুরি বৃদ্ধিসহ ১০ দাবি আদায়ে বাগানে বাগানে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বাগানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।’