জয়ের সুখস্মৃতি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল ইরানের। বেজক্যাম্প করার কথা ছিল অ্যারিজোনায়। কেননা তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। কিন্তু সেটা আর হলো কই।
বেজক্যাম্পের তাবু গাড়তে দেয়নি যুক্তরাষ্ট্র। ইরানকে থাকতে দিতে চায়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই বাধ্য হয়ে অন্যত্রে ক্যাম্প করতে হচ্ছে তাদের। বেজক্যাম্প করার জন্য তাদের জায়গা দিয়েছে মেক্সিকো। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি তাই টিজুয়ানায় নিবে ইরানের ফুটবলাররা।
মেক্সিকোর সীমান্তবর্তী শহরটিতে তাবু গাড়তে তুরস্কর আনতালিয়া শহর থেকে রওয়ানা দিয়েছে ইরান। গতকাল রাতে তুরস্কের মারদান স্টেডিয়ামে মালির বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ইরান। শেষ প্রীতি ম্যাচে প্রতিপক্ষকে ২-০ গোলে হারায় তারা। গোল দুটি করেন সাঈদ এজাতোলাহি ও রামিন রেজায়িয়ান। এ বছর ৪ প্রীতি ম্যাচে তৃতীয় জয় পেয়েছে তারা।
এর আগে টিকিট নিশ্চিত হলেও ২০২৬ বিশ্বকাপে ইরান খেলতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কেননা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়ছিল। সেই প্রভাবের কারণেই যুক্তরাষ্ট্রে বেজক্যাম্প হয়নি ইরানের। তবে বিশ্বকাপের ম্যাচ ঠিকই হবে যুক্তরাষ্ট্রে। ‘জি’ গ্রুপের ম্যাচে অংশ নিতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাবে ইরানের ফুটবলাররা।
টিজুয়ানা থেকে ইরানের ম্যাচের ভেন্যুর দূরত্ব আকাশ পথে ৫৫ মিনিটের বলে জানিয়েছেন ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। তিনি টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেসে আমাদের ম্যাচের ভেন্যু থেকে এই ক্যাম্পের দূরত্ব বিমানে মাত্র ৫৫ মিনিটের।’
আগামী ১১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ জি পড়েছে ইরান। তারা প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে ইরান।




