সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পর্যটকবাহী হাউজবোট ‘ভ্রমণশৈলী’র ইঞ্জিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুর ৩টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিঝুম (৮) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে। তাদের গ্রামের বাড়ি জেলার ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামে।
নিহত শিশুর স্বজন ও হাউসবোট সূত্রে জানা যায়, নবনির্মিত ওই হাউসবোটের উদ্বোধনী ভ্রমণে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান বোট কর্তৃপক্ষ। হাওরে গোসল ও ভ্রমণ শেষে নিলাদ্রী লেকের উদ্দেশ্যে যাওয়ার সময় হাউসবোটের পেছনের অংশ থেকে সামনের দিকে আসছিল নিঝুম। এ সময় অসাবধানতাবশত সে বোটটির চলন্ত মেশিনের মধ্যে পড়ে যায়।
হাউসবোটের মালিক পংকজ রায় জানান, এটি ছিল তাদের হাউসবোটের প্রথম ট্রিপ। এটি পরিবার ও স্বজনদের নিয়ে ভ্রমণ ছিল। দুর্ঘটনার সময় নিঝুম তার মা ও বোনের সঙ্গে ছিল। মেশিনে পড়ে যাওয়ার সাথে সাথেই ইঞ্জিন বন্ধ করা হয়, তবুও তাকে জীবিত উদ্ধার করা যায়নি। মেশিনের আঘাতে শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়ে সাথে সাথেই প্রাণ হারায়।
নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, আমি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত। আমার স্ত্রী ও দুই মেয়ে আত্মীয়ের হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিলাম।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকালে দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকের মেয়ে সৌমাতা সরকার নিঝুমের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




