আগামী ১৪ ও ১৫ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজারে তার আগমনী বার্তায় দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সর্বসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। পাড়া মহল্লায়, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে দাওয়াত। বিভিন্ন সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, সাজসজ্জা এবং নিরাপত্তা জোরদারের কাজও চলছে পুরোদমে।
প্রধানমন্ত্রীর সফরের এক সপ্তাহ আগেই কক্সবাজার গেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। তিনি শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে প্রথমে পৌঁছান চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে। তার সঙ্গে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান। এ দিন প্রধানমন্ত্রী যেসব স্থানে যাবেন, সেখানে পরিদর্শনে যান সিনিয়র সচিব।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী আগামী ১৪ ও ১৫ জুন দুই দিনের সফরে কক্সবাজারে যাচ্ছেন। প্রথম দিন ১৪ জুন সকাল ১১টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে পার্ক পরিদর্শন করবেন। এরপর পেকুয়ায় যাবেন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। এরপর পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে সাঈদ ম্যানশনে (মন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাড়ি) অবস্থানসহ দুপুরের খাবার খাবেন।
এরপর চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠের জনসভার উদ্দেশে রওনা হয়ে যাত্রাপথে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বিকাল চারটায় চকরিয়া পৌরসভার শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে রাত্রী যাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমনকে ঘিরে চার-পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তােলা হবে। প্রধানমন্ত্রীর সফরকে সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সকল ধরণের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।




