• ই-পেপার

আবারও সেঞ্চুরি! ইতিহাসে নাম লেখালেন উসমান খাজা!

ঘানার সমর্থকদের কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
ঘানার সমর্থকদের কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের
ছবি: সংগৃহীত

‘আমি হ্যারি কেইনের ওপর কাজ করছি। আমি কী করতে পারি, সেটা আগে দেখিয়েছি। কেইনকে থামাতে কী করতে হবে, সেটাও জানি। এতে তার বড় কোনো ক্ষতি হবে না। তবে আমার দেশের উপকার হবে’—ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ঘানার বিখ্যাত জাদুকর নানা কওয়াকু বোনসাম এই মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেন। 

বোনসামের এই মন্তব্যের পর গতকাল রাতে যা ঘটে গেছে, তা অনেকের কাছে বিস্ময়কর মনে হচ্ছে। বোস্টনে ‘এল’ গ্রুপের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে গোলশূন্য রুখে দিয়েছে ঘানা। এর আগে পানামার বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় পায় তারা। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র চারটি দল গোল হজম করেনি; ঘানা এর একটি! 

ফর্মের তুঙ্গে থাকা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন কাল মাঠে তেমন প্রভাব ফেলতে পারেননি। বলার মতো সুযোগও তৈরি করতে পারেননি। যে একটি সুযোগ পেয়েছিলেন, সেই শটও ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। 

বোনসামের কথার সঙ্গে সব কিছু মিলে যাওয়ায় অনেকে মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি ঘানার এই জাদুকরের কালো জাদুই ইংল্যান্ডের কাল হলো?

গতকাল রাতে বোস্টনের জিলেট স্টেডিয়ামের গ্যালারির এক দৃশ্যও এমন ধারণাকে আরো জোরালো করে তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘানার কিছু সমর্থক ম্যাচ চলাকালে সাদা পাউডার ছিটিয়ে ও বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে নিজ দলের সাফল্যের জন্য প্রার্থনা করছেন। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রচলিত আধ্যাত্মিক চর্চা, জুজু বা কালো জাদুর সঙ্গে মিল থাকায় এই দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘানার সঙ্গে গোলশূন্য ড্রয়ের কারণ খুঁজতে গিয়ে ডেকলান রাইসও কালো জাদুর বিষয়টি সামনে এনেছেন। ম্যাচ শেষে ইংল্যান্ডের এই মিডফিল্ডার বলেছেন, ‘আমরা গোল করার জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করেছি। শট নিয়েছি, হেড করেছি, সেট পিস থেকেও চেষ্টা করেছি। কিন্তু কিছুই কাজে আসেনি। জানি না, কেন এমন হলো। হয়তো কালো জাদুই মাঠে কাজ করছিল!’

ব্লাড ক্যান্সারে আক্রান্ত তরুণ ক্রিকেটার হৃদয়, পাশে দাঁড়ানোর আহ্বান

অনলাইন ডেস্ক
ব্লাড ক্যান্সারে আক্রান্ত তরুণ ক্রিকেটার হৃদয়, পাশে দাঁড়ানোর আহ্বান

অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের সম্ভাবনাময় পেসার মেহেদী হাসান হৃদয় মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তার শরীরে অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল) শনাক্ত করেছেন, যা ব্লাড ক্যান্সারের সবচেয়ে উচ্চ ঝুঁকিপূর্ণ শ্রেণি। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের সাধ্যের বাইরে চলে গেছে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর দেশের একাধিক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করেও রোগের ধরন নিশ্চিত হচ্ছিল না। পরে নমুনা ভারতে পাঠানো হলে প্রাপ্ত প্রতিবেদনে উচ্চ ঝুঁকিপূর্ণ এএমএল ধরা পড়ে। বর্তমানে তার কেমোথেরাপি চলছে।

ফেনীর বাসিন্দা হৃদয় প্রতিকূল আর্থিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক কাঠামোর ট্রায়ালে অংশ নিয়ে নিজ যোগ্যতায় চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলে সুযোগ পান। কোচ রানা হাবিবের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই তরুণ বিভাগীয় ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণও রাখেন। খুলনার বিপক্ষে এক ম্যাচে একাই পাঁচ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, যথাযথ পরিচর্যা পেলে হৃদয় দেশের ক্রিকেটের অন্যতম সম্ভাবনা হয়ে উঠতে পারেন।

কিন্তু ক্যারিয়ার যখন সবে দানা বাঁধছিল, তখনই থেমে যায় সব। পরিবার জানায়, হৃদয়ের বাবা আবুল কাশেম নিজেও গুরুতর হৃদরোগে আক্রান্ত এবং দীর্ঘদিন কর্মক্ষম নন। ছেলের চিকিৎসায় ইতিমধ্যে জমিজমা বিক্রি করে গত তিন-চার মাসের খরচ চালানো হয়েছে, নিঃশেষ হয়ে গেছে পরিবারের সঞ্চয়।

হৃদয়ের চিকিৎসায় সমন্বয়কের দায়িত্ব পালনকারী তরুণ চলচ্চিত্র নির্মাতা মাহফুজ নাজিম মাপেল বলেন, আমি অনেক তরুণ ক্রিকেটার দেখেছি। হৃদয়ের মধ্যে যে সম্ভাবনা ছিল, তা বিরল। এই ছেলেটি বাংলাদেশ ক্রিকেটেরই ভবিষ্যৎ। আজ সে জীবনের সবচেয়ে কঠিন লড়াইটি লড়ছে। আমাদের সবার উচিত তার পাশে দাঁড়ানো।

এ অবস্থায় বিসিবি, দেশের ক্রীড়া সংগঠন, সাবেক ও বর্তমান ক্রিকেটারসহ বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি হৃদয়ের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও শুভানুধ্যায়ীরা।

চিকিৎসা-সংক্রান্ত সব প্রতিবেদন ও নথিপত্র অনুরোধ সাপেক্ষে সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। যোগাযোগ : মাহফুজ নাজিম মাপেল (সমন্বয়ক) - ০১৮৩৮৮১৯৩৩৩; আবুল কাশেম - ০১৮২২১০৬৯৭৬।

পুরস্কারটি আমার প্রাপ্য নয় : বেলিংহাম

ক্রীড়া ডেস্ক
পুরস্কারটি আমার প্রাপ্য নয় : বেলিংহাম

বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে এসে আফ্রিকার দেশ ঘানার কাছে হোঁচট খেল থ্রি লায়ন্সরা। ম্যাচে ৭৮.৮ শতাংশ বল দখল, ১৯টি শট, ৬১৯টি পাস খেলেও গোলের দেখা পায়নি টমাস টুখেলের শিষ্যরা। মুহুর্মুহু আক্রমণে যেয়েও ঘানার দৃঢ় ডিফেন্সে পরাস্ত হয় বেলিংহামরা। তাই ম্যাচ শেষে সেরার পুরস্কার পেয়ে ইংলিশ মিডফিল্ডার অকপটে স্বীকার করলেন পুরস্কারটির দাবিদার ঘানার কোনো একজন খেলোয়াড়।

ম্যান অব দ্য ম্যাচের ট্রফি হাতে নিয়েও মুখে হাসি নেই জুড বেলিংহামের। চোখেমুখে স্পষ্ট অস্বস্তি আর বিনয়। পুরস্কারটি গ্রহণ করার পর তিনি জানান, পুরো ম্যাচে নিজের ছন্দে ফিরতে তার বেশ কষ্ট হচ্ছিল।

ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সংবাদ সম্মেলনে বেলিংহাম বলেন, ‘সত্যি বলতে আমি মনে করি না আমি এটা পাওয়ার যোগ্য ছিলাম। তাদের ডিফেন্ডাররা দুর্দান্ত খেলেছে, পুরস্কার তাদের কারও পাওয়ার কথা ছিল।’

মাঝমাঠে পুরো ম্যাচ দাপিয়ে খেলেও বেলিংহাম জানেন, আসল নায়ক ছিলেন ঘানার রক্ষণের সৈনিকরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে যে উদযাপন করেছিলেন। ঘানার বিপক্ষে সেই উদযাপনের সুযোগটাই আসেনি।

বিশ্বকাপের মঞ্চে এমন সততা বিরল। নিজের দল জিততে না পারলে ব্যক্তিগত পুরস্কারের কোনো মূল্য নেই, বেলিংহাম বুঝিয়ে দিলেন সেটাই। ঘানার গোলকিপার লরেন্স আতি-জিগি আর সেন্টারব্যাক আলেকজান্ডার জিকু পুরো ম্যাচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে আতি-জিগির দুটি নিশ্চিত গোল বাঁচানো সেভই ইংল্যান্ডকে তিন পয়েন্ট থেকে বঞ্চিত করেছে। 

বেলিংহামের চোখে তাই তারাই প্রকৃত ম্যাচ সেরা। বড় তারকার এমন স্বীকারোক্তি ঘানার লড়াইকে সম্মান জানায়, আবার ইংল্যান্ডের ড্রয়ের হতাশাটাও স্পষ্ট করে।

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর পর ঘানার সঙ্গে এই হোঁচট ইংল্যান্ডের শিরোপা স্বপ্নে প্রশ্ন তুলে দিল। বেলিংহাম মাঠে লড়েছেন, কিন্তু শেষ হাসিটা হাসতে পারেননি। তার এই বিনয়ী স্বীকারোক্তি প্রমাণ করে, দলের ব্যর্থতার দায় তিনি নিজের কাঁধেই নিচ্ছেন। বড় ফুটবলার শুধু গোল করে নয়, চরিত্র দিয়েও চেনা যায়। 

তৃতীয় স্থান অধিকারী দলগুলো নকআউটে যাবে যেভাবে

ক্রীড়া ডেস্ক
তৃতীয় স্থান অধিকারী দলগুলো নকআউটে যাবে যেভাবে
সংগৃহীত ছবি

চলছে বিশ্বকাপের মহারণ। এবারের বিশ্বকাপ বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করেছে ফিফা। সেই সাথে পরিবর্তন আনা হয়েছে কাঠামোগত। যার ফলে ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলোর জন্যও নকআউট পর্বে ওঠার সুযোগ তৈরি হয়েছে।

চলমান বিশ্বকাপ দল সংখ্যা ৪৮। যা আগে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হত। এতে ফিফা প্রতিযোগিতার ফরম্যাটেও পরিবর্তন এনে অতিরিক্ত যোগ্যতা অর্জনের পথ তৈরি করেছে এবং নতুন করে “রাউন্ড অব থার্টিটু” চালু করেছে।

নতুন কাঠামো অনুযায়ী, আগের ৮টি গ্রুপের পরিবর্তে এবার আছে ১২টি গ্রুপ। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠে যাবে।

তবে তৃতীয় স্থানে থাকা দলগুলো সাথে সাথেই বিদায় নেবে না। বরং গ্রুপ পর্ব ২৭ জুন শেষ হওয়া পর ১২টি গ্রুপের ১২টি তৃতীয় স্থান অধিকারী দলের মধ্যে সেরা ৮টি দলও নকআউট পর্বে জায়গা করে নেবে।

ফলে রাউন্ড অব ৩২ গঠিত হবে ১২টি গ্রুপের শীর্ষ দুই দলসহ মোট ২৪টি দল এবং সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দল নিয়ে।

মোট ৩২টি দেশ নকআউট পর্বে খেলবে, যার ফলে আরও বেশি দল টুর্নামেন্টে দীর্ঘ সময় লড়াইয়ে টিকে থাকার সুযোগ পাবে।

তবে সব তৃতীয় স্থান অধিকারী দল পরের রাউন্ডে উঠতে পারবে না। ফিফা ১২টি তৃতীয় স্থান অধিকারী দলকে একটি আলাদা সামগ্রি টেবিলে র‌্যাঙ্ক করবে এবং সেখান থেকে সেরা ৮টি দলই নকআউট পর্বে যাবে।

যদি একাধিক দলের পয়েন্ট সমান হয় তাহলে ক্রমান্বয়ে নিচের মানদন্ডগুলো বিবেচনা করা হবে :

গোল ব্যবধান, মোট গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড, ফিফা র‌্যাঙ্কিংয়ে অবস্থানের ওপর ভিত্তি করে রাউন্ড অব থার্টি টুতে উন্নীত করবে।

এই সম্প্রসারিত ফরম্যাটের কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলগুলো এখন শুধু নিজেদের গ্রুপে শীর্ষ দুইয়ে থাকার জন্যই নয়, বরং টুর্নামেন্টের সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে জায়গা পাওয়ার জন্যও লড়াই করছে।

ফলে কোনো দল শুরুতে খারাপ ফল করলেও তাদের বিশ্বকাপ স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নকআউট পর্বে ওঠার সুযোগ এখনও থাকছে।

আবারও সেঞ্চুরি! ইতিহাসে নাম লেখালেন উসমান খাজা! | কালের কণ্ঠ