বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে এসে আফ্রিকার দেশ ঘানার কাছে হোঁচট খেল থ্রি লায়ন্সরা। ম্যাচে ৭৮.৮ শতাংশ বল দখল, ১৯টি শট, ৬১৯টি পাস খেলেও গোলের দেখা পায়নি টমাস টুখেলের শিষ্যরা। মুহুর্মুহু আক্রমণে যেয়েও ঘানার দৃঢ় ডিফেন্সে পরাস্ত হয় বেলিংহামরা। তাই ম্যাচ শেষে সেরার পুরস্কার পেয়ে ইংলিশ মিডফিল্ডার অকপটে স্বীকার করলেন পুরস্কারটির দাবিদার ঘানার কোনো একজন খেলোয়াড়।
ম্যান অব দ্য ম্যাচের ট্রফি হাতে নিয়েও মুখে হাসি নেই জুড বেলিংহামের। চোখেমুখে স্পষ্ট অস্বস্তি আর বিনয়। পুরস্কারটি গ্রহণ করার পর তিনি জানান, পুরো ম্যাচে নিজের ছন্দে ফিরতে তার বেশ কষ্ট হচ্ছিল।
ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সংবাদ সম্মেলনে বেলিংহাম বলেন, ‘সত্যি বলতে আমি মনে করি না আমি এটা পাওয়ার যোগ্য ছিলাম। তাদের ডিফেন্ডাররা দুর্দান্ত খেলেছে, পুরস্কার তাদের কারও পাওয়ার কথা ছিল।’
মাঝমাঠে পুরো ম্যাচ দাপিয়ে খেলেও বেলিংহাম জানেন, আসল নায়ক ছিলেন ঘানার রক্ষণের সৈনিকরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে যে উদযাপন করেছিলেন। ঘানার বিপক্ষে সেই উদযাপনের সুযোগটাই আসেনি।
বিশ্বকাপের মঞ্চে এমন সততা বিরল। নিজের দল জিততে না পারলে ব্যক্তিগত পুরস্কারের কোনো মূল্য নেই, বেলিংহাম বুঝিয়ে দিলেন সেটাই। ঘানার গোলকিপার লরেন্স আতি-জিগি আর সেন্টারব্যাক আলেকজান্ডার জিকু পুরো ম্যাচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে আতি-জিগির দুটি নিশ্চিত গোল বাঁচানো সেভই ইংল্যান্ডকে তিন পয়েন্ট থেকে বঞ্চিত করেছে।
বেলিংহামের চোখে তাই তারাই প্রকৃত ম্যাচ সেরা। বড় তারকার এমন স্বীকারোক্তি ঘানার লড়াইকে সম্মান জানায়, আবার ইংল্যান্ডের ড্রয়ের হতাশাটাও স্পষ্ট করে।
ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর পর ঘানার সঙ্গে এই হোঁচট ইংল্যান্ডের শিরোপা স্বপ্নে প্রশ্ন তুলে দিল। বেলিংহাম মাঠে লড়েছেন, কিন্তু শেষ হাসিটা হাসতে পারেননি। তার এই বিনয়ী স্বীকারোক্তি প্রমাণ করে, দলের ব্যর্থতার দায় তিনি নিজের কাঁধেই নিচ্ছেন। বড় ফুটবলার শুধু গোল করে নয়, চরিত্র দিয়েও চেনা যায়।




