• ই-পেপার

জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত

ভূমিকম্প মোকাবেলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত

অনলাইন ডেস্ক
ভূমিকম্প মোকাবেলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত
সংগৃহীত ছবি

ভূমিকম্পসহ নগর দুর্যোগের ঝুঁকি হ্রাস ও প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে এগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘ভূমিকম্পের নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সংসদে জানান, চিহ্নিত ৪৪৫টি আশ্রয়স্থলের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ওয়ার্ডভিত্তিক ২৫৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৮৯টি স্থান রয়েছে। পাশাপাশি, বড় ধরনের দুর্যোগ-পরবর্তী উদ্ধারকাজ চালানোর জন্য ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার কাজ চলছে। এর অংশ হিসেবে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আওতাধীন স্বেচ্ছাসেবকদের তথ্য সংগ্রহ করে একটি ‘সমন্বিত স্বেচ্ছাসেবক ডেটাবেইস’ তৈরির কার্যক্রম চলমান রয়েছে ।

বাংলাদেশ ভূপ্রকৃতিগতভাবে ভূমিকম্প ও সুনামির ঝুঁকিপূর্ণ অঞ্চলের নিকটবর্তী অবস্থানে থাকায় সরকার এই দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী জানান, দুর্যোগের আগাম তথ্য ও দ্রুত প্রচারের ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে পর্যবেক্ষণব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া, ভবিষ্যতে ভূমিকম্প সহনশীল টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিত করতে ‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড’ কঠোরভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন
সংগৃহীত ছবি

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জাতীয় কমিটির প্রথম সভায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

টাস্কফোর্সের প্রধান কার্যপরিধির মধ্যে রয়েছে— জাতীয় কমিটির সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং মাঠ পর্যায়ের অগ্রগতি নিয়মিতভাবে জাতীয় কমিটিকে অবহিত করা। বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে তা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে এই কমিটি। ১৯ সদস্যের এই টাস্কফোর্সে স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের প্রতিনিধি, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রকল্পের প্রতিনিধিরাও এতে অন্তর্ভুক্ত রয়েছেন। টাস্কফোর্সের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-২ শাখার উপসচিব।

সভায় আশা প্রকাশ করা হয়, এই উদ্যোগ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে সমন্বিত ও কার্যকর ভূমিকা রাখবে।

বৈদ্যুতিক শক কেমন লাগে শেখ হাসিনার তা অনুভব করা দরকার : এমপি রেহানা

অনলাইন ডেস্ক
বৈদ্যুতিক শক কেমন লাগে শেখ হাসিনার তা অনুভব করা দরকার : এমপি রেহানা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেছেন, অতীতে যে চেয়ারে বিরোধী দলের নেতাদের বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া হতো, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সেই একই চেয়ারে বসিয়ে বা শুইয়ে বৈদ্যুতিক শক দেওয়া উচিত। সেটি কেমন লাগে তা তার অনুভব করা দরকার।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

রেহানা আক্তার রানু বলেন, চব্বিশের জুলাই আন্দোলনের শহীদদের পরিবারগুলো এখনো সন্তান হত্যার সঠিক বিচার পাচ্ছে না। কারণ, পুলিশ আসামিদের ধরছে না এবং ধরলেও আদালত জামিন দিয়ে দিচ্ছেন।  

সংসদে নিজের বক্তব্যে তিনি আওয়ামী লীগের আমলে তৈরি হওয়া বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ টেনে বলেন, বর্তমান সরকারের চার মাস পার হলেও এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে বিগত সরকারের প্রভাবশালীরা বসে আছেন। বাজেট বাস্তবায়নে এবং সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে যারা একটি দুষ্টচক্র হিসেবে কাজ করছে।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের তীব্র সমালোচনা করে রেহানা আক্তার রানু বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের রাজস্ব আদায়ের চেয়ে নিজেদের পকেট ভারী করতেই বেশি ব্যস্ত থাকেন। তাই রাজস্ব খাতে গতি আনতে সেখানে অবিলম্বে একটি ‘সার্জিক্যাল অপারেশন’ চালানো প্রয়োজন।

জাতীয় পার্টির সমালোচনা করে তিনি দলটিকে ‘মিউ মিউ মার্কা’ বিরোধীদল হিসেবে আখ্যা দেন। পাশাপাশি বর্তমান সংসদকে সত্যিকারের ঝকঝকে ও কার্যকর বিরোধী দল সমৃদ্ধ বলে উল্লেখ করেন। এ ছাড়া ব্যাংক খাতের চরম বিশৃঙ্খলা, লুটপাট ও টাকা পাচারের প্রসঙ্গ তুলে ধরে তিনি ব্যাংক লুটেরাদের সম্পত্তি নিলামে বিক্রি করে সাধারণ গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানান।

বিশ্বদরবারে প্রধানমন্ত্রী দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন : মাহদী

নিজস্ব প্রতিবেদক
বিশ্বদরবারে প্রধানমন্ত্রী দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন : মাহদী
ফাইল ছবি

সমতা, ন্যায্যতা ও ভারসাম্যের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার (২৩ জুন) চীনের দালিয়ানায় এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

সোমবার (২২ জুন) রাতে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে ২১ সদস্যের সংক্ষিপ্ত একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ান আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছায়। এই প্রতিনিধিদলে মাহদী আমিনসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার আটজন রয়েছেন।

মাহদী বলেন, ‘চীন সরকারের একটি উচ্চ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে সোমবার লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করে এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হোটেলে নিয়ে আসে। এ সময় পুরো রাস্তা জুড়েই ছিল রাষ্ট্রীয় প্রটোকল ও পুলিশি প্রহরা ছিল।’

চীনে বৈঠকে প্রধানমন্ত্রী বহুপক্ষীয় বিষয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছেন মাহদী আমিন।

তিনি বলেন, ‘অত্যন্ত সফল মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী মাত্র কয়েক কর্মঘণ্টা পেলেও তার মাঝেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, রাজাসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় চীনে এসে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক থেকে বর্তমানে বহপক্ষীয় বিষয় নিয়ে উপস্থিত বৈশ্বিক নেতাদের সঙ্গে আলোচনা ইতোমধ্যে শুরু করেছেন।’

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সামার দাভোস ২০২৬ বর্তমানে চীনের দালিয়ানে অনুষ্ঠিত হচ্ছে। ‘Innovating at Scale’ প্রতিপাদ্যে আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনে বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিদল, আমন্ত্রিত রাষ্ট্র ও সরকারপ্রধানরা এবং শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাবিদ ও করপোরেট নেতারা অংশগ্রহণ করেছেন।

একজন সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশের বাইরে এটিই প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে যোগদান। এই সম্মেলনে অংশগ্রহণের মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন অগ্রযাত্রাকে আন্তর্জাতিক বিনিয়োগ ও অংশীদারির সঙ্গে আরো গভীরভাবে সংযুক্ত করা বলে মাহদী আমিন জানান।

তিনি বলেন, একই সঙ্গে ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বার্তার মাধ্যমে বৈশ্বিক নিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

মাহদী আমিন প্রেস ব্রিফিংয়ে আরো জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও আলোইস জুইংগি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক সরকার কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারবে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, দেশের মানুষকে অগ্রযাত্রার পথে ধাবিত করতে পারবে, সেগুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করা হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ নামক সেশনে বক্তব্য দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে নির্বাচিত সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় তাকে আমন্ত্রণ জানানো হয়। তিনি কর্মসূচিগুলো বিশ্বদরবারে উপস্থাপন করেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী আজকের সম্মেলনে বিশ্বনেতাদের সামনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের নির্বাচনী ইশতেহারভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন-পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, ২৫ কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশে পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক  ভেহিকল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ। প্রধানমন্ত্রী একই সঙ্গে ক্ষয়ক্ষতি তহবিলের (Loss and Damage Fund) কার্যকর বাস্তবায়ন, সহজলভ্য ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং প্রশমন ও অভিযোজন কার্যক্রমে সমান গুরুত্ব দেয়ার ওপর জোর দেন। তিনি জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতি, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।

মাহদী আমিন বলেন, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে একটি নৈশভোজে সস্ত্রীক অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসোরিন উচরাল, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর  প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভের সঙ্গে অর্থাৎ সাত দেশের সরকারপ্রধানের একসঙ্গে রাষ্ট্রীয়ভোজ এবং উন্মুক্ত আলাপচারিতার দুয়ার উন্মোচিত হচ্ছে।

তিনি জানান, বুধবার (২৪ জুন) সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠিত হবে। সেখানে অন্যান্য বৈশ্বিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক ব্যক্তিত্বরা প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় ভিত্তিক পলিসি নিয়ে আলাপ-আলোচনা করবেন। দুপুরবেলা দালিয়ান থেকে বেইজিং-এ একটি হাই স্পিড ট্রেনের মাধ্যমে দ্বিপক্ষীয় বৈঠকের উদ্দেশ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা স্থানীয় সময় দুপুর ২টায় বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করবেন।

মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী দেশেই যেমন জনগণের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ও আনুষ্ঠানিকতার মাধ্যমে গৃহীত হচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞের ফলে দীর্ঘদিন পর বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এমন একজন স্টেটসম্যান, যিনি সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষাকে কার্যকরভাবে ধারণ করছেন, নিশ্চিত করছেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের আত্মমর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান।

তিনি আরো বলেন, দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করছে, অন্যদিকে বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিস গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করছে।