বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু আজ। ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল প্রথমবারের মতো সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। আগামীকাল বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ফাইনালের ওঠার লড়াইয়ে মাঠে নামবে থ্রি-লায়ন্সরা। আর্জেন্টিনার বিপক্ষে সেমির হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ‘আত্মবিশ্বাসী’ ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তিনি বলেছেন, ম্যাচের দিন ইংল্যান্ড দল মাথা ঠাণ্ডা রেখে খেলবে। সেই সঙ্গে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে তারা।
কানসাসে অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এভারটন ও ইংল্যান্ডের এই গোলরক্ষক বলেন, ‘চলমান বিশ্বকাপে ইংল্যান্ড যেকোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়িয়ে চাপ সামলাতে সক্ষম হয়েছে।’ খবর ইএসপিএন
১৯৯৮ বিশ্বকাপে ডিয়েগো সিমেওনেকে ফাউলের অপরাধে ডেভিড বেকহ্যামের লাল কার্ড পাওয়ার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে পিকফোর্ড জানান, তারা একই ধরনের এমন ঘটনা এড়ানোর চেষ্টা করবেন।
তিনি আরো বলেন, ‘পুরো টুর্নামেন্টজুড়ে ইংল্যান্ডের খেলোয়াড়রা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়ায়নি। রেফারির সিদ্ধান্ত পক্ষে বা বিপক্ষে যেদিকেই যাক না কেন, আমরা মাথা ঠাণ্ডা রেখে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলে যাবে।’
‘আমি মনে করি, পুরো টুর্নামেন্টজুড়েই আমরা এই কাজটি (মাথা ঠাণ্ডা রাখা) করে এসেছি। মেক্সিকোর বিরুদ্ধে জ্যারেলে (কোয়ান্সার লাল কার্ড) ছাড়া আমাদের কোনো সাসপেনশন (সাময়িক বহিষ্কার) ছিল না। কোনো দ্বিতীয় হলুদ কার্ড বা এই জাতীয় কিছুও ছিল না’ বলে যোগ করেন তিনি।
আটলান্টায় সেমিফাইনাল ম্যাচের আগের দিন সবার মনোযোগের কেন্দ্রে থাকবেন লিওনেল মেসি। তবে এভারটনের এই গোলরক্ষক ইংল্যান্ডের তারকাদের প্রশংসাও করেছেন।
তিনি বলেন, ‘সবাই মেসিকে নিয়েই কথা বলবে কারণ তিনি ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলার। তবে আমাদের স্কোয়াডে অনেক প্রতিভা রয়েছে—তা সে আক্রমণ বা রক্ষণভাগ। সেটিকে আপনি কোনোভাবেই খাটো করে দেখতে পারেন না।’
‘আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, এটি মূলত আমাদের বনাম তাদের লড়াই এবং শেষ পর্যন্ত কারা বিজয়ী হয়ে মাঠ ছাড়ে সেটাই দেখার বিষয়। আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত’ বলে যোগ করেন এই তারকা গোলরক্ষক।
দুই দলের মধ্যে জয়ী এক দল যুক্তরাষ্ট্রেরে নিউ জার্সিতে বাংলাদেশ সময় ২০ জুলাই বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স অথবা স্পেনের মুখোমুখি হবে।




