বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির। কারণ, ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপে আঙুল ভেঙেছে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এখন প্রশ্ন উঠছে, সামনে থাকা বিশ্বকাপে খেলতে পারবেন তো এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী?
ইস্তাম্বুলে ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ জিতিছে অ্যাস্টন ভিলা। কিন্তু ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিলেন মার্তিনেজ। ওয়ার্ম-আপের সময় তার আঙুল ভেঙে যায়।
চোটের পর ফিজিওর চিকিৎসা নিলেও ফাইনাল খেলেছেন ৩৩ বছর বয়সী এই গোলকিপার। পুরো ম্যাচ খেলেছেন, করেছেন দুটি গুরুত্বপূর্ণ সেভও। ম্যাচ শেষে নিজেই জানান, ভাঙা আঙুল নিয়েই খেলেছেন তিনি।
মার্তিনেজ বলেন, ‘আজ ওয়ার্ম-আপে আমার আঙুল ভেঙে গেছে। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। বল ধরলেই অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু এসবের মধ্য দিয়েই খেলতে হয়।’
তিনি আরো বলেন, ‘খারাপ কিছু অনেক সময় ভালো কিছু নিয়ে আসে। পুরো ক্যারিয়ারজুড়ে আমি এভাবেই লড়েছি।’
তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন তার চোট কতটা গুরুতর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হাড়ের চোট। যদিও ম্যাচ শেষ করতে পেরেছেন তিনি, তবু বিস্তারিত মেডিক্যাল পরীক্ষার পরই বোঝা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
বিশ্বকাপের আর খুব বেশি দেরি নেই। তাই মার্তিনেজের ফিটনেস নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন আর্জেন্টিনা সমর্থকরা। কারণ, ২০২২ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা এই গোলরক্ষক এখনো দলের সবচেয়ে নির্ভরযোগ্য নামগুলোর একটি।






