সম্প্রতি একটি মাদরাসায় ছাত্রদের পৈশাচিক নির্যাতনের যে ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে সেটির বিস্তারিত খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লিখেন, গতকাল একটি মাদরাসায় ছাত্রদের পৈশাচিক নির্যাতনের যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তার খোঁজ পাওয়া গেছে। মাদরাসাটি কুমিল্লা জেলার দেবিদ্বারে ফুলগাছতলায় অবস্থিত বাবুস সালাম মাদারাসা। গত বছরের শেষে অথবা এ বছরের শুরুর দিকে এই ঘটনাটি ঘটে।
তিনি লিখেন, ভিডিওতে যেই ব্যক্তিকে শিশুদের নির্দয়ভাবে পেটাতে দেখা যায়, তার নাম হাফেজ জাকারিয়া।
সাংবাদিক জুলকারনাইন সায়ের আরো বলেন, বিকৃত মানসিকতার এই হাফেজ জাকারিয়া মাদরাসার একাধিক শিশুকে যৌন নির্যাতন করেছে বলেও জানা গেছে। স্থানীয়রা দাবি করেছেন, এতকিছুর পরও হাফেজ জাকারিয়াকে কোন শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি কেবল মাদরাসার মালিক পক্ষের অনীহা ও অব্যবস্থাপনার কারণ। এই ঘটনার পর ভিডিওটি জনসমক্ষে আসার পর হাফেজ জাকারিয়া দেবিদ্বারের বাবুস সালাম মাদরাসা ছেড়ে মুরাদনগর উপজেলায় মারকাযুন নুর মাদরাসায় যোগ দিয়েছেন। আশা করছি যথাযথ কর্তৃপক্ষ এই বিকৃত মানসিকতার হাফেজ জাকারিয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
সম্প্রতি একটি মাদরাসায় ছাত্রদের বেদম পেটানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় এক শিক্ষক লাঠি নিয়ে এক ছাত্রকে বেদম পেটাচ্ছেন। পরে লাঠি রেখে চড়-ঘুষি দিচ্ছেন ওই শিক্ষার্থীকে। এ সময় পাশে থাকা অন্যান্য ছাত্রদেরও পেটাতে দেখা যায় ওই শিক্ষককে।









