সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭২ জন রোগী ভর্তি হয়েছে। চলতি বছর এ নিয়ে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে।
মারা যাওয়া শিশু রায়ান (১০ মাস) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার একলাস মিয়ার ছেলে। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
সোমবার (২৭ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মার্চ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গে মোট ১০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৮ জনই শিশু। মৃতদের মধ্যে চারজনের হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, হামের উপসর্গে মৃতদের মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, সুনামগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭২ জন ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩০ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ২০ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে তিনজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন নতুন রোগী ভর্তি হয়েছে।






