• ই-পেপার

কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির

ববি প্রতিনিধি
ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির। সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির।

সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা ও জিনিয়া খান ঝিনুক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ড. আবদুল আলিম বছির নিজ বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তিনি এ দায়িত্বের জন্য নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। তাঁর যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে।

একই আদেশে পূর্ববর্তী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীরকে অতিরিক্ত দায়িত্ব সফলভাবে পালন করায় ধন্যবাদ জানিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত থেকে গত ২৯ এপ্রিল থেকে ২৭ জুলাই ২০২৬ (পূর্বাহ্ণ) পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন।

অফিস আদেশ অনুযায়ী, নির্ধারিত তারিখে বিদায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দায়িত্ব হস্তান্তর করবেন এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

উন্নয়নের মূল শক্তি জ্ঞান ও মেধা : তথ্যমন্ত্রী

ববি প্রতিনিধি
উন্নয়নের মূল শক্তি জ্ঞান ও মেধা : তথ্যমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

প্রাকৃতিক সম্পদ নয়, উন্নয়নের মূল শক্তি হলো জ্ঞান ও মেধা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘সম্পদ থাকলেও জ্ঞানের অভাবে তা বোঝায় পরিণত হতে পারে। মানুষই একমাত্র প্রাণী, যে তার জ্ঞান ও বুদ্ধিমত্তার প্রয়োগে পৃথিবীকে বদলে দিয়েছে। তাই টেকসই উন্নয়নের জন্য জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই।’

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কীর্তনখোলা অডিটরিয়ামে আয়োজিত ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১০৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আজ যারা অ্যাওয়ার্ড পেয়েছো, তোমাদের অর্জনে আমরা গর্বিত। বর্তমান বিশ্ব শুধু সম্পদের ওপর নির্ভরশীল নয়; জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলোই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তাই জ্ঞানচর্চায় আরো মনোযোগী হতে হবে। আজকের মেধাবীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, শিক্ষার্থীদের এই অর্জন কঠোর পরিশ্রমের ফল। সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পনা পেলে এসব মেধাবী শিক্ষার্থী দেশ-বিদেশে সাফল্যের মাধ্যমে দেশের জন্য গৌরব বয়ে আনবে।

জীববিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’-এর আহ্বায়ক ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইতি খান মিতু।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ, আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক নূর মহল

নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক নূর মহল
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু। ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১’-এর ১২(১) ধারা অনুযায়ী ড. মোছা. নূর মহল আখতার বানুকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে এর মধ্যে তার স্বাভাবিক অবসরের বয়স পূর্ণ হলে সে সময় পর্যন্তই তিনি নিজ পদে বহাল থাকবেন।

দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। শর্তানুযায়ী তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষাবিদ। তিনি সর্বশেষ ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

পবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ আতিকুর রহমান

পবিপ্রবি প্রতিনিধি
পবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ আতিকুর রহমান
অধ্যাপক সাইফুল ইসলাম ও অধ্যাপক আতিকুর রহমান (বাঁ দিক থেকে)। সংগৃহীত ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এ বি এম. সাইফুল ইসলাম। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

ড. এ বি এম সাইফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়া তিনি ওশানোগ্রাফি অনুষদের ডিন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ড. মোহাম্মদ আতিকুর রহমান ২০০৩ সালে পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি অধ্যাপক (গ্রেড-১) হিসেবে কর্মরত। দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তিনি কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র মলিকুলার ও ট্র্যাডিশনাল ইনসেক্ট ট্যাক্সোনমি, ইনসেক্ট বায়োডাইভার্সিটি, ইনসেক্ট ইকোসিস্টেম সার্ভিস এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. আতিকুর রহমানের ৫৩টির বেশি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি বিশ্বের ৩১টি নতুন ইনসেক্ট প্রজাতি শনাক্তের পাশাপাশি অর্ধশতাধিক নতুন রেকর্ডেড স্পিসিস সংযোজন করেছেন। এ ছাড়া জিনব্যাংকে ২৭টি জিন সিকোয়েন্স জমা দিয়েছেন এবং দেশি-বিদেশি ১৬টি গবেষণা প্রকল্প পরিচালনা করেছেন। গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, এক্সিলেন্ট অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড এবং পবিপ্রবির সেরা গবেষণা পুরস্কার (২০২৩–২৪) অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘নবনিযুক্ত উপ-উপাচার্য ও ট্রেজারারকে অভিনন্দন জানাই। উপ-উপাচার্যের পদে নতুন নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে আমি আশাবাদী। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে আরো এগিয়ে নেওয়া এবং এর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।’