• ই-পেপার

বসুন্ধরা আবাসিক : ঢাকার নগর রূপান্তরের এক মাইলফলক

  • আবাসন নয় শুধু—শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, যোগাযোগ ও নাগরিক স্বস্তিকে ঘিরে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ নগর পরিবেশ

রোহিঙ্গায় পাহাড়ধস কক্সবাজারের সর্বনাশ

অদিতি করিম
রোহিঙ্গায় পাহাড়ধস কক্সবাজারের সর্বনাশ

কক্সবাজারজুড়ে এখন পাহাড়ধসের আতঙ্ক। এই কদিনের ভারি বর্ষণে পাহাড়ধসে মারা গেছে অন্তত দুই ডজন মানুষ। এখনো মৃত্যুঝুঁকিতে রয়েছে সহস্রাধিক মানুষ। বর্ষা কেবল শুরু হয়েছে, সামনে বাড়তে পারে মৃত্যুর মিছিল। গত ৯ বছরে এই পর্যটননগরীতে পাহাড়ধসের ঘটনা বেড়েই চলেছে। ২০১৭ সালে কক্সবাজারে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণের পর থেকেই এ অঞ্চলে পাহাড়ধসসহ নানান প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয় ঘটছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ৯ বছরে কক্সবাজারে পাহাড়ধসে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। অথচ ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১০ বছরে পাহাড়ধসে মারা যায় মাত্র নয়জন।

২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা ঢলের পর উঁচুনিচু পাহাড়ের ঢালুতে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা; যা ছিল একসময়ের গভীর বন। ছিল বন্যপ্রাণীর অভয়ারণ্য।

উখিয়ার ৩৩ রোহিঙ্গা শিবিরই পাহাড়ে গড়ে ওঠে। সব শিবিরে বর্ষা মানেই আতঙ্ক। ভারি বর্ষণ শুরু হলেই মৃত্যুভয়। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ২ লাখ রোহিঙ্গা।

পাহাড় কেটে রোহিঙ্গা বসতি স্থাপন করায় পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়েছে। বন উজাড় হয়েছে। বন্যপ্রাণী বিলুপ্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ওপর পড়ছে নেতিবাচক প্রভাব।

উল্লেখ্য, গত বছরে নতুন করে এসেছে আরো ২ লাখ রোহিঙ্গা। তাদের সবার বসতি উঁচু পাহাড়ে। সবচেয়ে ঝুঁকিতে তারাই। কক্সবাজারের বনাঞ্চল উজাড়, পাহাড় কাটা এবং জীববৈচিত্র্যের ক্ষয় রোহিঙ্গাসংকটের অন্যতম বড় পরিবেশগত প্রভাব হিসেবে বিবেচিত হচ্ছে। আশ্রয়শিবির নির্মাণের জন্য বিপুল বনভূমি ব্যবহার করা হয়েছে। বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঘটনা হলেই কেবল কক্সবাজারের পরিবেশ বিপর্যয় নিয়ে আলোচনা হয়, কিছু মৃত্যু নিয়ে হইচই হয়। কিন্তু বর্ষা মৌসুম চলে গেলেই আমরা সব ভুলে যাই!

কক্সবাজার। বাংলাদেশের পর্যটননগরী। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। বাংলাদেশের প্রধান পর্যটনকেন্দ্র। কক্সবাজার ঘিরে বাংলাদেশ পর্যটন খাতে বছরে অন্তত ১০ বিলিয়ন ডলার আয় করতে পারত। কিন্তু ২০১৭ সাল থেকে প্রায় ১২ লাখ রোহিঙ্গার চাপে এ পর্যটননগরী আজ মৃতপ্রায়। বিদেশি পর্যটক দূরের কথা, দেশি পর্যটকরাও এখন কক্সবাজার ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলছেন। রোহিঙ্গাদের চাপে এখানে শুধু পরিবেশগত বিপর্যয় ঘটেনি। এ জনপদ হয়ে উঠছে মাদক, অস্ত্র চোরাচালানের আন্তর্জাতিক রুট। মানব পাচারসহ নানান অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশের পর্যটননগরী।

রোহিঙ্গাসংকট মোকাবেলায় বাংলাদেশকে বিপুলপরিমাণ অবকাঠামো, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যয় বহন করতে হচ্ছে। যদিও আন্তর্জাতিক সংস্থাগুলো উল্লেখযোগ্য সহায়তা প্রদান করছে, তবু স্থানীয় পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা এবং অন্যান্য সরকারি সেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। কক্সবাজার অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠী কর্মসংস্থান ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাবও অনুভব করছে। বিশ্বব্যাংকের গবেষণায় দেখা গেছে, আশ্রয়শিবিরসংলগ্ন এলাকায় অর্থনৈতিক ও সামাজিক প্রভাব জটিল ও বহুমাত্রিক।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আশ্রয়শিবিরে মাদক পাচার, মানব পাচার, চাঁদাবাজি, অপহরণ ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো ঘিরে গড়ে উঠেছে অপরাধ জগতের শক্তিশালী নেটওয়ার্ক। রোহিঙ্গাদের সঙ্গে অপরাধে জড়িয়ে পড়ছে এলাকাবাসী। গত ৯ বছরে এখানে সহিংসতায় সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। কক্সবাজারে অবাধে আসছে অবৈধ অস্ত্র, মাদক; যা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক বছরগুলোয় সাগরপথে অবৈধভাবে বিদেশযাত্রায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের নাম। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সাগরপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার সূচনা হয়েছে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের পর থেকে। রোহিঙ্গারাই এসব মানব পাচার নেটওয়ার্কের মূল হোতা। সহজেই এরা বাংলাদেশি পাসপোর্ট পেয়ে যাচ্ছে, যা ব্যবহার করে এভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করছে। যখন তাদের দুর্ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয় তখন বদনাম হচ্ছে বাংলাদেশের। এদের জালিয়াতি ও প্রতারণার কারণে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ অথবা কঠিন করে দিয়েছে।

এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস জনশক্তি রপ্তানি খাত আজ হুমকির মুখে।

স্থানীয় জনগণের সঙ্গে সীমিত সম্পদ ভাগাভাগি, শ্রমবাজারে প্রতিযোগিতা এবং অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সামাজিক টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ বিভিন্ন মানবিক কার্যক্রমও চ্যালেঞ্জের মুখে পড়েছে। জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করেছে যে অর্থায়ন কমে গেলে সংকট আরো জটিল হতে পারে। এমনিতেই বাংলাদেশ এখন অর্থনৈতিক সংকটে, তার ওপর এই বিপুলসংখ্যক রোহিঙ্গার চাপ সামাল দেওয়া বাংলাদেশের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথে এখন বড় বাধা।

রোহিঙ্গারা বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের আগ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা হুমকি ও দোদুল্যমান অবস্থায় থাকবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নানান ধরনের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত। এ সংকট ইতোমধ্যে আন্তর্জাতিক নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে। আর বাংলাদেশ এর কেন্দ্রে পরিণত হয়েছে। এটি ভবিষ্যতে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক সংঘাত সৃষ্টি করবে। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের গৃহযুদ্ধ এবং আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কর্তৃত্ব প্রতিষ্ঠার ফলে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। চলতি মাসে আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু ও বুথিডং টাউনশিপে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে ধারাবাহিক বিমান হামলা চালায় দেশটির সামরিক জান্তা। সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফের জাদিমোড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিস্তীর্ণ এলাকা বার বার প্রকম্পিত হয়। এ অবস্থায় যেকোনো সময় বাংলাদেশ মিয়ানমার সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আর এ কারণেই রোহিঙ্গাসংকট মোকাবেলায় সরকার একটি উচ্চপর্যায়ের ‘জাতীয় কর্মপরিকল্পনা কমিটি’ গঠন করেছে। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি এ সংকট মোকাবেলায় আরো বেশি নিরাপত্তামূলক দৃষ্টিভঙ্গির দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এ পদক্ষেপ। গত রবিবার প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গঠিত এ কমিটিতে সামরিক বাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। প্রধানমন্ত্রী এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) থাকবেন প্রধান সমন্বয়কারী। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালককে সদস্যসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরের পরপরই এ কমিটি গঠন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার যে রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিচ্ছে এ কমিটি তার একটা ইঙ্গিত। আশা করি সরকার রোহিঙ্গাসংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবে। রোহিঙ্গারা এখন শুধু কক্সবাজারের জন্য নয়, গোটা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। তাই যত তাড়াতাড়ি তাদের প্রত্যাবাসন হয়, ততই দেশের জন্য নিরাপদ।

লেখক : নাট্যকার ও কলাম লেখক

ইমেইল : [email protected]

চলতি দুর্যোগ মোকাবেলায়ও কাণ্ডারির স্টিয়ারিংয়ে সশস্ত্র বাহিনীর সুসমন্বয়

মোস্তফা কামাল
চলতি দুর্যোগ মোকাবেলায়ও কাণ্ডারির স্টিয়ারিংয়ে সশস্ত্র বাহিনীর সুসমন্বয়

বন্যা, জলাবদ্ধতা, ঢলসহ চলমান দুর্যোগ-দুর্বিপাক কতটা প্রাকৃতিক আর কতটা মানবসৃষ্ট, এ নিয়ে গণমাধ্যমের নানা বিশ্লেষণের দিকে তাকানোর অবকাশ নেই সশস্ত্র বাহিনীর। সেই চর্চা বা অভ্যস্ততাই নেই তাদের। জীবন ও সম্পদ রক্ষাসহ দুর্যোগ মোকাবেলায় যথারীতিসমন্বিতভাবে নেমে পড়া তাদের বৈশিষ্ট্য। যথারীতি স্থলে, জলে, সীমান্তেও এ কাজে নেমেও পড়েছে। এ জন্য তাদের তাগিদ দিতে হয় না। বড় রকমের হুকুমনামা জারি করতে হয় না। নতুন করে প্রস্তুতিও নিতে হয় না। এভাবেই তারা রপ্ত ও অভ্যস্ত। বৈশিষ্ট্যের এ ধারাবাহিকতার কারণেই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দক্ষতা, সাহস, দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনার বিশ্ব স্বীকৃতি। অনুকরণীয় মডেল হিসেবে পরিচিতি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের মানবিক সহায়তা মিশন এবং ত্রাণ ব্যবস্থাপনার  প্রশংসা নিয়মিত করে চলছে। এ ধরনের স্বীকৃতি, কদর, প্রশংসা প্রকারান্তরে যোগ হচ্ছে বাংলাদেশ নামক দেশটির ঝুড়িতে।

চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় তাদের সমন্বিত কাজ মানুষকে ভরসা জাগাচ্ছে। দেশের চলমান বন্যা ও পাহাড়ধস পরিস্থিতিতে সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্ববোধ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন সরাসরি তদারকি করছেন প্রধানমন্ত্রী। সরকারের নেওয়া তাৎক্ষণিক ও ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে : দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা, পানিবাহিত রোগ ও সাপের দংশন মোকাবেলায় পর্যাপ্ত ভ্যাকসিন এবং ওষুধসহ মেডিক্যাল টিম মোতায়েন, ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবী, গবাদি পশুর খামারি ও সাধারণ গৃহস্থদের ক্ষতিপূরণ দেওয়ার কার্যকর উদ্যোগ নেওয়া, পানি নেমে যাওয়ার পর দ্রুত যোগাযোগব্যবস্থা মেরামত ইত্যাদি।

অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে চট্টগ্রামে নগরে জলাবদ্ধতার পর এবার উপজেলাগুলোতেও জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত। চরম দুর্ভোগে পড়া সেই চট্টগ্রামবাসীর পাশে সেনাবাহিনী ও নৌবাহিনীর পাশে দাঁড়ানোর কার্যক্রম নিজ চোখে না দেখলে কারো কারো বোধগম্য নাও হতে পারে। সেনাবাহিনী কত দ্রুতগতিতে উত্তর চট্টগ্রামে বোয়ালখালী, হাটহাজারী এবং ফটিকছড়ির দুর্গম এলাকার দুর্গততের কাছে জরুরি ত্রাণ এবং চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে, তা উপকারভোগীদের কাছেও তাজ্জবের। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ এলাকায়ও সেনাবাহিনী ত্রাণ পৌঁছে দিয়েছে। এর বাইরে হাজারেরও বেশি মানুষকে জরুরি চিকিৎসাসেবার আওতায় এনেছে সেনাবাহিনীর মেডিক্যাল টিম। নৌবাহিনী পতেঙ্গার বিজয় নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদরাসা, নারিকেলতলা ও নেভি হাসপাতাল গেট এলাকায় পানিবন্দি পরিবারগুলোর মাঝে প্যাকেট রান্না করা খাবার পৌঁছে দিয়েছে নিরবচ্ছিন্নভাবে। ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত চলবে নৌবাহিনীর এ কার্যক্রম।

সীমান্তে শত কাজের ব্যস্ততার মাঝে বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, জামালপুরসহ মোট বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন রয়েছে। এ ১১ জেলার শখানেক পয়েন্টে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মনিটর করছে বিজিবি। সঙ্গে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তাও দিচ্ছে। রাঙামাটির বাঘাইছড়িতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে ছুটে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া শত শত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার দিয়েছে। করেছে সুপেয় পানির ব্যবস্থাও। নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।

সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে বিজিবি সদস্যদের ওই কর্মতৎপরতায় মুগ্ধ দুর্গতরা। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতে বিজিবি কর্মকর্তাদের দুর্গতদের খোঁজখবর নেয়ার ধরন, পানিবাহিত রোগ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ চরম দিনে পরম পাওয়া। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ মানবিক ও  জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিজিবির হাই কমান্ডের নেতৃত্বেরও। দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর এ বিশ্ব স্বীকৃতি একদিনে আসেনি। তা প্রশংসায় ভরিয়ে দেওয়ার ‍স্তুতির কূটনীতিও নয়। পদে পদে, সময়ে সময়ে কাজের স্বীকৃতির স্মারক। বিশ্বশান্তি রক্ষা ও মানবাধিকার রক্ষায় অনবদ্য অবদানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাজের ধরনকে ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অনেক আগেই। জাতিসংঘ মিশনে বিশ্বশান্তি রক্ষার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ও দুর্যোগকবলিত বিভিন্ন দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জরুরি উদ্ধার, চিকিৎসাসেবা ও ত্রাণ তৎপরতাসহ মানবিক সেবার ধরন বিশ্বকে তাক লাগিয়েছে। এ জন্য অসংখ্যবার জাতিসংঘ পদক ও সম্মাননায় ভূষিত করা হয়েছে বাংলাদেশকে এবং বাংলাদেশের এ সন্তানদের। দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সমন্বয় বৃদ্ধির জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম মহড়া ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’ নিয়মিতভাবে বাংলাদেশে আয়োজিত হয়, যেখানে সশস্ত্র বাহিনী বিশ্বমঞ্চে তাদের সক্ষমতার প্রমাণ দেয়। প্রতিবেশী দেশ মিয়ানমার ও নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সফলভাবে জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা মিশন পরিচালনা করে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত।

নিজ দেশে সিডর, আইলা, করোনা মহামারিসহ নানা দুর্যোগে জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং উদ্ধার তৎপরতা পরিচালনায় তাদের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন গবেষণা সংস্থার কাছে বিশেষভাবে সমাদৃত। সাম্প্রতিক বিপর্যয়ে যার আরেক ঝলক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনার এ কাণ্ডারিদের।  ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ দীক্ষায় দীক্ষিত হয়ে সেনাবাহিনী দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় থাকে আগোয়ান থাকে বলেই তাদের কাছে ভরসা বেশি। সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রায় সবার মাঝে যখন এক চিন্তা—কিভাবে বানভাসিদের দুর্যোগ থেকে রক্ষা করা সম্ভব, তখন ঠিকই জেগে ওঠে বাংলাদেশ। মানবিকতার অনন্য নজির, অভূতপূর্ব ঐক্য ছড়িয়ে পড়ে দিকে দিকে। দেশপ্রেম আর সর্বজনীন কল্যাণবোধের মানবিক গুণে উদ্ভাসিত হয়ে সৌহার্দ্য, সহানুভূতি, চিন্তাশীলতা আর ন্যায়বোধে সমহিমায় বলিয়ান হয়ে নেমে পড়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। তা শুধু বস্তুগত নয়, এক অনন্য আন্তরিক-মানবিক সংযোগও। দুর্দশাগ্রস্ত মানুষকে নিরাপদে উদ্ধারের পাশাপাশি অভুক্তদের আহারের বন্দোবস্ত কিংবা বেঁচে থাকাদের সান্ত্বনা সবই রয়েছে তাদের কাজের ভলিউমে।

বাংলাদেশ বিশ্বে দুর্যোগপ্রবণ দেশগুলোর অন্যতম। উচ্চ জনসংখ্যার ঘনত্ব এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতি বছর বাংলাদেশকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগের মোকাবিলা করতে হয়। ভৌগোলিক অবস্থান, উচ্চ জনসংখ্যার ঘনত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে দেশটিতে দুর্যোগ অনেকটা নিয়তির মতো। তা কখনো প্রাকৃতিক, কখনো  মনুষ্যসৃষ্ট। সশস্ত্র বাহিনী সেই তফাত দেখতে যায় না। হোক প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ দুর্যোগই তাদের কাছে। দুর্যোগ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানো এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম করা। এ কঠিন বাস্তবতায় কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিন ধরেই এক অনন্য ও নির্ভরযোগ্য ভূমিকা। ভরসার জায়গাও। দেশে কোনো বড় দুর্যোগ দেখা দিলে দল-মত-নির্বিশেষে মানুষের প্রথম প্রত্যাশাই থাকে সেনাবাহিনী মোতায়েনের, যা এই বাহিনীর প্রতি জনগণের আস্থার প্রতিফলন। ঘূর্ণিঝড় সিডর, বুলবুল কিংবা আইলার মতো দুর্যোগের সময় বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক ত্রাণ এবং উদ্ধার তৎপরতা দেশে দেশে পাঠ-পঠনের বিষয়। সাভার রানা প্লাজা ধসের মানবসৃষ্ট দুর্যোগ সামলানোর সেই চেষ্টা আন্তর্জাতিক গণমাধ্যমে এখনো আসছে উদাহরণ হয়ে। রানা প্লাজা ধস চলতি শতাব্দীতে বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়। ২০১৩ সালের ১৪ এপ্রিল ৯ তলা ভবনটি হঠাৎ ধসে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১ হাজার ১১৫ জন মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়। রানা প্লাজা ধসের পর সপ্তাহব্যাপী উদ্ধার অভিযানে নেতৃত্ব প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখযোগ্য সংখ্যক মানুষের জীবন রক্ষা করতে সক্ষম হয়।

দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা তাদের প্রধান দায়িত্ব হলেও প্রয়োজনের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিণত হয়েছে। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর অংশগ্রহণ সর্বজনস্বীকৃত। দুর্যোগ মোকাবিলার এ কাজটি করতে গিয়ে প্রায় সব ক্ষেত্রেই অগ্রভাগে থাকে। ভবন ধস, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধারে নিজ জীবনের ঝুঁকি নিয়ে সেনাবাহিনীর কর্মতৎপরতা বরাবরই সাহসের গৌরব গাঁথা। দুর্গম এলাকায় পৌঁছাতে নৌযান, বিশেষায়িত অনুসন্ধান দল এবং আধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ছুটে যায় তারা। পাশাপাশি সেনাবাহিনীর মেডিক্যাল টিম আহতদের তাৎক্ষণিক চিকিৎসা, নিরাপদে হাসপাতালে স্থানান্তর এবং প্রয়োজন হলে সম্মিলিত সামরিক হাসপাতালে দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থাও করে। যেকোনো দুর্যোগ মোকাবেলায় তারা সর্বদা নিজেদের প্রস্তুত রাখতে অভ্যস্ত হয়ে এখন ভরসার সমান্তরালে কাণ্ডারির ভূমিকায়। যার সর্বশেষ ছাপ এখন দেশের দুর্যোগপীড়িত এলাকায়।

লেখক : সাংবাদিক-কলামিস্ট; ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন

সাঙ্গু নদী : পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর উন্নয়ননির্ভরতা ও পাহাড়কেন্দ্রিক অর্থনীতির রূপকার

লেফটেন্যান্ট কর্নেল নূর মো. সিদ্দিক সেলিম
সাঙ্গু নদী : পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর উন্নয়ননির্ভরতা ও পাহাড়কেন্দ্রিক অর্থনীতির রূপকার
সংগৃহীত ছবি

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা নিয়ে গঠিত দেশের বৃহত্তম পাহাড়ি অঞ্চল পার্বত্য চট্টগ্রাম। দেশের মোট আয়তনের প্রায় এক-দশমাংশ জুড়ে বিস্তৃত এই অঞ্চল ভৌগোলিক, কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাহাড়, বনভূমি, বহমান নদী ও ঝরনার সমন্বয়ে এ অঞ্চলের প্রাকৃতিক রূপ যেন এক অনন্য সৃষ্টি। পার্বত্য চট্টগ্রামে নানা জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, যাদের মধ্যে চাকমা, মারমা, ম্রো, বম, ত্রিপুরা, লুসাই, খুমি, খিয়াং, পাংখোয়া, তঞ্চঙ্গ্যা ও কুকি উল্লেখযোগ্য। সবাই তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখে একসঙ্গে বসবাস করে এলেও জীবনমান উন্নয়নের সীমাবদ্ধতা নিয়ে তারা সর্বদাই সোচ্চার।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সাল থেকে এই অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি এই এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য ১৯৭৬ সাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স নিয়োজিত রয়েছে। বর্তমানে কোর অব ইঞ্জিনিয়ার্স এর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে সীমান্ত সড়ক নির্মাণ (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) প্রকল্পের কাজ চলমান রয়েছে।

সাঙ্গু নদীর তীর ঘেঁষে অবস্থিত বান্দরবান জেলায় সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের ৩৪৯ কিলোমিটারের মধ্যে ১০৫ কিলোমিটারের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট ২৪৪ কিলোমিটারের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সাঙ্গু নদীর তীরবর্তী থানচি-আলীকদম, থানচি-চিম্বুক, থানচি-রিমাকরি-মদক-লিকরি ও বান্দরবান-রুমা সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড নিয়োজিত রয়েছে।

উল্লেখিত প্রকল্পসমূহের কাজ অনেকাংশে সাঙ্গু নদীর পানি ও বালি সরবরাহের উপর নির্ভরশীল। বর্ষা মৌসুমে নির্মাণ সামগ্রী পরিবহন ও নির্মাণ কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সাঙ্গু নদী এবং এর সঙ্গে যুক্ত ঝিরিসমূহ প্রধান ভরসা। এছাড়াও সীমান্ত নিরাপত্তা রক্ষায় এই নদীর কৌশলগত গুরুত্ব অপরিসীম।

সাঙ্গু নদীর তীর ঘেঁষে দুর্গম পার্বত্য অঞ্চলে রয়েছে বিজিবির গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি। এই নদী ও আশেপাশের ঝিরি ব্যবহার করে বিজিবি গহীন জঙ্গলে দ্রুত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। ফলশ্রুতিতে সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ অন্যান্য সকল কার্যক্রম রোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে।

সাঙ্গু নদীর উৎপত্তিস্থল বান্দরবান জেলার বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চল মদকসংলগ্ন আরাকান পাহাড় থেকে। নদীটি বান্দরবানের থানচি, রুমা, রোয়াংছড়ি, বান্দরবান সদর হয়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও আনোয়ারা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সাঙ্গু নদীর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর প্রবাহপথ, যা পূর্ব দিক হতে পশ্চিম দিকে প্রবাহমান। সাধারণত দেশের অধিকাংশ নদীর প্রবাহ উত্তর থেকে দক্ষিণ বা উত্তর-পূর্ব দিক হতে দক্ষিণ-পশ্চিম দিকে হলেও সাঙ্গু নদী এর ব্যতিক্রম। এই কারণে নদীটির প্রবাহপথ এবং ভৌগোলিক চরিত্র বিশেষ গুরুত্ব বহন করে।

সাঙ্গু নদী বান্দরবান ও এর আশেপাশের মানুষের জন্য প্রকৃতির এক আশীর্বাদ, পাহাড় কেন্দ্রিক অর্থনীতির প্রাণভোমরা। নদীর তীরবর্তী জনগোষ্ঠীর ৯০ শতাংশই মারমা এবং জীবন-জীবিকাসহ দৈনন্দিন কাজে এরা এই নদীর ওপর নির্ভরশীল।

সাঙ্গু নদীর পানি স্বচ্ছ এবং শীতল, যা পাহাড়ি পরিবেশে অপরূপ সৌন্দর্য এনে দিয়েছে। এই নদীর তীরবর্তী এলাকা বনজ ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ। নদীর তীরবর্তী এলাকায় পাহাড় ও সবুজ বন ঘেরা ছোট গ্রাম এবং বাঁশের তৈরি ঘরগুলো মিলে একটি স্বতন্ত্র ও মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। এই নদীর সঙ্গে বান্দরবান জেলা এবং এর আশেপাশের এলাকার বহু মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও ইতিহাস জড়িত।

সাঙ্গু নদী সংলগ্ন অধিকাংশ পাহাড়ি মানুষের জীবিকা জুম চাষের উপর নির্ভরশীল। পাহাড়ের ঢালে তারা জঙ্গল পরিষ্কার করে ধান, ভুট্টা, আদা, হলুদ ও মরিচ ইত্যাদি চাষাবাদ করে থাকে। বর্ষা মৌসুমে জুম চাষের জন্য এই নদী সংলগ্ন পাহাড়ি ঝিরি ও নদীর পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার শীতকালেও সাঙ্গু নদীর তীরবর্তী এলাকাগুলোতে ব্যাপক হারে শাকসবজি ফলন হতে দেখা যায়। লাউ, কুমড়া, শসা, বেগুন, বরবটি ও টমেটোসহ নানা ধরনের মৌসুমি সবজি সাঙ্গু নদীর পানি ব্যবহার করে চাষ করা হয়। এই কৃষিপণ্য শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে। ফলে সাঙ্গু নদী এক কথায় পাহাড়ি জনগোষ্ঠীর অর্থনীতির চালিকা শক্তি। এ ছাড়া এই নদীর পানি তীরবর্তী মানুষের জন্য রান্না, গোসল, কাপড় ধোয়া এবং পানীয় জল হিসেবেও ব্যবহৃত হয়।

পাহাড়ের অনেক পাড়ায় ও গ্রামে এখনো বিশুদ্ধ পানির আলাদা কোনো উৎস না থাকায় সাঙ্গু নদীই তাদের নির্ভরতার একমাত্র উৎস। নদী থেকে সহজেই পানি সংগ্রহ করা যায় বলে পাহাড়ি জনগোষ্ঠী নদীর কাছাকাছি বসতি গড়ে তুলেছে। পাশাপাশি নদীটি পাহাড়িদের সংস্কৃতি ও সামাজিক জীবনেও বিশেষ গুরুত্ব বহন করছে।

ত্রিপুরা, ম্রো, বম, মারমা ও চাকমা জাতিগোষ্ঠীর মধ্যে নদীকে কেন্দ্র করে ঐতিহ্য গড়ে উঠেছে, যা তাদের সাংস্কৃতিক পরিচয় বহন করে।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম যোগাযোগব্যবস্থায় যুগ যুগ ধরেই বান্দরবান ও এর আশেপাশের মানুষের জন্য সাঙ্গু নদী একটি সহজ ও কার্যকর বিকল্প পরিবহন পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

থানচি থেকে মদক পর্যন্ত নৌকা চলাচল এই অঞ্চলের মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম। নদীপথে মালামাল পরিবহন সহজ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বিধায় স্থানীয় ব্যবসায়ীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন মাধ্যম। একই সঙ্গে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে দেশের অনেক জনপ্রিয় পর্যটন এলাকা।

থানচি, রিমাকরি, নাফাখুম ও আমিয়াখুম জলপ্রপাত, তিন্দু সংলগ্ন বড় পাথরের মতো দর্শনীয় স্থানগুলো এই নদীর তীরবর্তী সৌন্দর্যের বিস্ময়ে আঁকা। নদী পথে নৌকা ভ্রমণ, ক্যাম্পিং এবং স্থানীয় আদিবাসী সংস্কৃতি পর্যটকদের জন্য রোমাঞ্চকর এবং আনন্দময় অভিজ্ঞতা।

পানির উপর দিয়ে চলা বাঁশের ভেলা, দুই পাশের সবুজ পাহাড়, ঝিরিপথ ও ঝরনার কলকল ধ্বনি তৈরি করে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য।

সাঙ্গু নদীকে ঘেরা অপরূপ বৈচিত্র্য উপভোগ করতে আসা পর্যটকদের মাধ্যমে স্থানীয় হোটেল, রিসোর্ট, গাইড (নির্দেশিকা), নৌকা চালক ও দোকানিরা সরাসরি আর্থিকভাবে উপকৃত হন এবং এর মাধ্যমে পাহাড় কেন্দ্রিক অর্থনীতি আরো গতিশীল হয়ে ওঠে।

সাঙ্গু নদী বর্ষাকালে শক্তিশালী ও প্রাণবন্ত থাকলেও শীতকালে এই নদীর পানি প্রবাহ অনেকটাই কমে যায়। অনেক স্থানে নদীর তলদেশ প্রায় শুকিয়ে যায়, যা প্রাকৃতিক কারণের চেয়ে মূলত মানবসৃষ্ট কারণেই হয়ে থাকে। এই পানি সংকটের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যার মধ্যে অপরিকল্পিত জুম চাষ, বনভূমি ধ্বংস এবং পানি সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকাই উল্লেখযোগ্য।

অপরিকল্পিত জুম চাষের কারণে নদী সংলগ্ন পাহাড়ি এলাকার মাটি ক্ষয় হয়ে বৃষ্টির পানির সঙ্গে মিশে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে নদীর স্বাভাবিক পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

বর্ষা মৌসুমে সাঙ্গু নদীর পাহাড়ি মাটিযুক্ত পানির প্রবাহ বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হওয়ার ফলে সমুদ্রের তলদেশও ভরাট হয়ে যাচ্ছে। অধিকাংশ পাহাড়ি ঝিরি শুকনা মৌসুমে পানির প্রবাহের জন্য আশেপাশের বনভূমির উপর নির্ভরশীল। পরিলক্ষিত হয় যে, যেসব ঝিরির পাশে বনভূমির পরিমাণ বেশি থাকে, সেইসব ঝিরির পানি প্রবাহ শুকনা মৌসুমেও চলমান থাকে। এ ক্ষেত্রে আশেপাশের বনভূমি প্রত্যেকটি ঝিরির জন্য প্রাকৃতিক পানির সংরক্ষণাগার হিসেবে কাজ করে এবং বছর জুড়ে পানি নির্গমনের মাধ্যমে ঝিরিতে পানির প্রবাহ সচল রাখে। ঝিরির পানি প্রবাহের সঙ্গে সাঙ্গু নদীর পানি প্রবাহ জড়িত।

অপরিকল্পিত জুম চাষের ফলে সাঙ্গু সংলগ্ন ঝিরিসমূহ শুকিয়ে যাওয়ার কারণে এর প্রবাহ হ্রাস পাচ্ছে। এছাড়াও বর্জ্য ফেলা, পাথর ও বালি উত্তোলন এবং বসতবাড়ির সম্প্রসারণ নদীর স্বাভাবিক প্রবাহকে বিঘ্নিত করছে। বলা যায়, সাঙ্গু নদীতে শীতকালে পানি সংকট মূলত মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলাফল।

বন ধ্বংস, অপরিকল্পিত কৃষি ও অব্যবস্থাপনার কারণে নদীর উৎস ও পরিবেশের উপর চাপ পড়ছে। এই সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানো প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে সাঙ্গু নদীর অস্তিত্বই হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

শীতকালে সাঙ্গু নদীর পানি স্বল্পতা পার্বত্য অঞ্চলের সামগ্রিক জীবন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব ফেলে। পানির অভাবে জমিতে সেচ দেওয়া সম্ভব হয় না, ফলে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং কৃষকের আয়ের পথ সংকুচিত হয়। গৃহস্থালি ব্যবহারের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ অনেকটা সীমিত হয়ে পড়ে, যার কারণে পানি সংগ্রহের জন্য নারী ও শিশুদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়।

পাহাড়ি এলাকার সরু ও কঠিন সড়ক পথে সব সময় যাতায়াত সম্ভব হয় না বিধায় নদীপথ অচল হলে বাণিজ্য ও পরিবহন থমকে যায়। অন্যদিকে, নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে পর্যটন খাত ক্ষতির সম্মুখীন হয়। পরিশেষে, নদীর পানি কমে যাওয়ায় সামাজিক-অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সীমান্ত নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে; যেমন বিজিবির সীমান্ত নজরদারি ও দ্রুত টহল কার্যক্রমের সক্ষমতা হ্রাস পায় এবং সীমান্তে চোরাচালান বা অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

সাঙ্গু নদীকে টিকিয়ে রাখা এবং শীতকালে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য প্রয়োজন সমন্বিত পদক্ষেপ।

পার্বত্য অঞ্চলের পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তা সবই সাঙ্গু নদীর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই সাঙ্গু নদীকে বাঁচানো মানে পাহাড়কে বাঁচানো। নদীতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য কয়েকটি বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, উপযুক্ত জায়গা নির্বাচন করে রাবার ড্যাম নির্মাণের মাধ্যমে পানি সংরক্ষণের ব্যবস্থা করা, নির্বিচারে বনভূমি ধ্বংস করে অপরিকল্পিত জুমচাষ হতে বিরত থাকার ব্যাপারে স্থানীয় জনগণকে উৎসাহিত করা ও বিকল্প জীবিকা সৃষ্টির উদ্যোগ নেওয়া, নদী সংলগ্ন ঝিরির দুই পার্শ্বের বনভূমি সংরক্ষণের ব্যাপারে নদীর তীরবর্তী ও এর আশেপাশের মানুষকে প্রয়োজনীয় প্রেষণা প্রদান করা এবং নদী হতে অবৈধভাবে পাথর ও বালি উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

সাঙ্গু নদী শুধু একটি প্রাকৃতিক জলপ্রবাহ নয়, বরং এটি পার্বত্য অঞ্চলের মানুষের প্রাণ। এই নদী পাহাড়কেন্দ্রিক অর্থনীতির মেরুদণ্ড, সেনাবাহিনী কর্তৃক পাহাড়ে উন্নয়ন কার্যক্রমের নির্ভরতা এবং বান্দরবান জেলার দুর্গম পাহাড়ি সীমান্ত নিরাপত্তার অবলম্বন। 
নদীর প্রবাহে বহমান শুধু পানি নয়, বহমান পাহাড়ি মানুষের ইতিহাস, জীবন, সংস্কৃতি ও উন্নয়নের ধারা। কিন্তু আজ বিভিন্ন কারণে সাঙ্গু নদী বেঁচে থাকার লড়াইয়ে শ্রান্ত।

নদীর ক্ষুরধারা ক্রমেই নিম্নগামী হওয়ার কারণে এর স্বাভাবিক ছন্দে ভাটা পড়েছে। যে নদীর প্রবাহ একসময় বছর জুড়ে ছিল প্রাণবন্ত, আজ সে নিজেই প্রকৃতির কাছে বাঁচার আর্তনাদ করছে।

সাঙ্গু নদীকে বাঁচানোর দায়িত্ব শুধু পাহাড়িদের নয়, বরং এ দায়িত্ব আমাদের সকলের। এ নদী বাঁচলে নদীর তীরবর্তী মানুষ বাঁচবে, জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং দেশের অর্থনীতিতে সমৃদ্ধি ঘটবে।

সাঙ্গু নদীর স্রোত প্রবাহিত থাকলে পাহাড়ে বয়ে যাবে উন্নয়নের জোয়ার, পাহাড়ি জনগোষ্ঠী বাঁচবে, বাংলাদেশ অগ্রসর হবে তার স্বপ্নের গন্তব্যে। এখন এ সিদ্ধান্ত আমাদের হাতে, আমরা সাঙ্গুর পাশে দাঁড়িয়ে তাকে আবার প্রাণবন্ত করে তুলতে চাই কিনা?

লেখক : অতিরিক্ত প্রকল্প পরিচালক, সীমান্ত সড়ক (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য এলাকা) নির্মাণ প্রকল্প ও প্রকল্প পরিচালক, থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্প এবং অধিনায়ক, ১৭ ইসিবি।

৪২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ও মানসম্মত উচ্চশিক্ষা : জাতীয় অগ্রাধিকারের সময় এখনই

মো. ইমরান হোসেন, মো. শরিফুল ইসলাম ও প্রবীর চন্দ্র দাস।
৪২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ও মানসম্মত উচ্চশিক্ষা : জাতীয় অগ্রাধিকারের সময় এখনই
সংগৃহীত ছবি

বাংলাদেশে উচ্চশিক্ষা নিয়ে আলোচনা শুরু হলেই আমাদের মনোযোগ চলে যায় কয়েকটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের দিকে। ভর্তি পরীক্ষা, আন্তর্জাতিক র‌্যাঙ্কিং, গবেষণা, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কিংবা শিক্ষক নিয়োগ—এসব বিষয়ই জনপরিসরের আলোচনায় প্রাধান্য পায়।

কিন্তু বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম বড় চ্যালেঞ্জটি খুব কমই আলোচনার কেন্দ্রে আসে। যে ব্যবস্থায় দেশের পাঁচজন উচ্চশিক্ষার্থীর মধ্যে চারজন পড়াশোনা করেন, সেই ব্যবস্থার গুণগত মান, অর্থায়ন ও জবাবদিহিতা নিয়ে প্রয়োজনীয় জাতীয় মনোযোগ এখনো গড়ে ওঠেনি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে উচ্চশিক্ষার্থীর সংখ্যা ৫১ লাখ ৭৯ হাজার ৫৭৯। এর মধ্যে ৪২ লাখ ৮৩ হাজার ৬৬৬ জন, অর্থাৎ প্রায় ৮৩ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও মাদ্রাসায় অধ্যয়ন করছেন। শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই শিক্ষার্থী ৩৩ লাখ ৮৪ হাজারের বেশি। বিপরীতে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ৩ লাখ ৫৮ হাজার। অর্থাৎ বাংলাদেশের উচ্চশিক্ষার মূল ভার বহন করছে অধিভুক্ত কলেজব্যবস্থা, অথচ নীতিগত মনোযোগ ও সংস্কার উদ্যোগের বড় অংশ কেন্দ্রীভূত তুলনামূলকভাবে ছোট পরিসরের একটি অংশে।

এই বৈপরীত্যের সবচেয়ে দৃশ্যমান প্রকাশ অর্থায়নে। ইউজিসির তথ্য অনুযায়ী, ২০২২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় ছিল মাত্র ৭০২ টাকা—মাসে প্রায় ৫৮ টাকা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই ব্যয় ছিল ৩ হাজার ৪১৫ টাকা। অন্যদিকে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ব্যয় ছিল ২ লাখ ১৮ হাজার ৫৫৭ টাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ১ হাজার ৭৭৮ টাকা। এটি কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্যটির প্রতিযোগিতার বিষয় নয়; বরং রাষ্ট্রীয় বিনিয়োগের অগ্রাধিকার কোথায়, সেই প্রশ্নের প্রতিফলন। যেখানে শিক্ষার্থী সবচেয়ে বেশি, সেখানে বিনিয়োগ সবচেয়ে কম—এই বৈপরীত্য দীর্ঘমেয়াদে উচ্চশিক্ষার গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করবেই।

এর প্রতিফলন শ্রমবাজারেও স্পষ্ট। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ২০২৪ সালের গবেষণায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মধ্যে বেকারত্বের হার ২৮ দশমিক ২৪ শতাংশ পাওয়া গেছে।

গবেষণায় আরো উঠে এসেছে, অনেক অধিভুক্ত কলেজে একাডেমিক পরিবেশ দুর্বল, শিক্ষক উন্নয়নের সুযোগ সীমিত, গবেষণা কার্যক্রম অপ্রতুল এবং পাঠ্যক্রমের সঙ্গে কর্মবাজারের চাহিদার সংযোগ অপ্রতুল। ফলে সমস্যাটি ডিগ্রির সংখ্যা নয়; সমস্যাটি ডিগ্রির গুণগত মান এবং দক্ষতার।

এই প্রশ্নটি এখন আরো গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব অর্থনীতি দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয়তা এবং জ্ঞানভিত্তিক শিল্পব্যবস্থার দিকে এগোচ্ছে। ভবিষ্যতের কর্মক্ষেত্রে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান যথেষ্ট হবে না; প্রয়োজন হবে সমস্যা সমাধানের সক্ষমতা, সমালোচনামূলক চিন্তা, ডিজিটাল ও তথ্য-সাক্ষরতা, যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার ক্ষমতা এবং প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা। উচ্চশিক্ষা যদি এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে রূপান্তর করতে না পারে, তাহলে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা আরো বাড়বে।

এই বাস্তবতায় উচ্চশিক্ষা সংস্কারকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। বরং যেখানে দেশের অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনা করছে, সেই ব্যবস্থাকেই সংস্কারের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। এ জন্য ইউজিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। উচ্চশিক্ষাকে বিচ্ছিন্ন কয়েকটি প্রতিষ্ঠানের সমষ্টি হিসেবে নয়; একটি সমন্বিত জাতীয় ব্যবস্থা হিসেবে দেখতে হবে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন-২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে প্রায় ১১ কোটি ৫০ লাখ কর্মক্ষম মানুষ (১৫–৬৪ বছর বয়সী) রয়েছে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ। অর্থনীতির পরিভাষায় এটি ‘জনমিতিক মুনাফা’ (Demographic Dividend)—একটি বিরল সুযোগ, যা দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে পারলে একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন বহুগুণে ত্বরান্বিত হতে পারে।

চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও জাপানের মতো দেশগুলো সময়োপযোগী শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উৎপাদনশীল কর্মসংস্থানের মাধ্যমে এই জনমিতিক সুবিধাকে অর্থনৈতিক সাফল্যে রূপ দিয়েছে। বাংলাদেশও আজ একই সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তবে এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে যদি মানসম্মত শিক্ষা, প্রয়োজনীয় দক্ষতা এবং কর্মসংস্থানের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা না যায়, তাহলে এই জনমিতিক মুনাফাই ভবিষ্যতে বেকারত্ব, দক্ষতার ঘাটতি এবং সামাজিক-অর্থনৈতিক চাপের বড় চ্যালেঞ্জে পরিণত হতে পারে।

বাংলাদেশ ইতিমধ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি), ফলাফলভিত্তিক শিক্ষা এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মাধ্যমে গুণগত মান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। কিন্তু এসব উদ্যোগ এখনো মূলত বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক। দেশের বৃহত্তম শিক্ষার্থীসমাজ এখনো এই সংস্কারের পূর্ণ সুফল পায়নি।

পর্যায়ক্রমে অধিভুক্ত কলেজগুলোতেও আইকিউএসি প্রতিষ্ঠা, ফলাফলভিত্তিক শিক্ষা বাস্তবায়ন, নিয়মিত একাডেমিক অডিট এবং শিক্ষক উন্নয়ন কর্মসূচি চালু করা প্রয়োজন। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক স্বীকৃতির পাশাপাশি বিষয়ভিত্তিক বা প্রোগ্রাম অ্যাক্রিডিটেশনও ধাপে ধাপে চালু করা উচিত, যাতে নির্দিষ্ট একাডেমিক কর্মসূচির মানও আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়িত হয়।

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকতার মানোন্নয়ন অপরিহার্য। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হলো, সেখানে শিক্ষকরা উচ্চতর গবেষণা ডিগ্রিধারী এবং নিয়মিত গবেষণা ও প্রকাশনায় সম্পৃক্ত। এর বিপরীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পিএইচডিধারী শিক্ষকের সংখ্যা অত্যন্ত সীমিত এবং গবেষণার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সহায়তাও অপ্রতুল। একই সঙ্গে পদোন্নতিতে গবেষণা অবদানকে যথাযথ গুরুত্ব না দেওয়ায় গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি প্রত্যাশিতভাবে বিকশিত হয়নি।

তাই শিক্ষকতার মানোন্নয়নের পাশাপাশি গবেষণায় বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা অনুদান এবং গবেষণাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। ভবিষ্যতে সহযোগী অধ্যাপক ও তদূর্ধ্ব পদে পর্যায়ক্রমে পিএইচডিকে যোগ্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করা যেতে পারে, তবে তার আগে প্রয়োজন গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করা।

একই সঙ্গে তথ্যভিত্তিক নীতিনির্ধারণকে শক্তিশালী করতে হবে। উচ্চশিক্ষা ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা কার্যকরভাবে ব্যবহার করে শিক্ষার্থীর অগ্রগতি, ঝরে পড়ার হার, স্নাতকদের কর্মসংস্থান, গবেষণার ফলাফল, শিক্ষক সক্ষমতা এবং প্রতিষ্ঠানভিত্তিক মান সূচক নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। নীতিনির্ধারণে তথ্যের ব্যবহার যত বাড়বে, উচ্চশিক্ষা ব্যবস্থায় জবাবদিহি, সম্পদের দক্ষ ব্যবহার এবং সংস্কারের কার্যকারিতা তত নিশ্চিত হবে।

পাঠ্যক্রমকেও নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঠ্যক্রম উন্নয়ন, বাধ্যতামূলক ইন্টার্নশিপ, যৌথ গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন এবং স্টার্টআপ সহায়তা উচ্চশিক্ষার মূলধারায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডেটা অ্যানালিটিক্স, গবেষণা পদ্ধতি, একাডেমিক লেখালেখি এবং ইংরেজি যোগাযোগ দক্ষতার ওপর ধারাবাহিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা, নেতৃত্ব এবং মানবিক দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সামনে এখন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির নয়, প্রবৃদ্ধির গুণগত মান নিশ্চিত করারও চ্যালেঞ্জ রয়েছে। বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু এই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন উচ্চ উৎপাদনশীল, প্রযুক্তিদক্ষ এবং উদ্ভাবনী মানবসম্পদ। সেই মানবসম্পদ তৈরির সবচেয়ে বড় ভিত্তি হলো দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা। তাই উচ্চশিক্ষায় বিনিয়োগকে ব্যয় নয়, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক বিনিয়োগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নের কথা বলেছে, যা অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তবে একই সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় ৯ লাখ শিক্ষার্থীকেও একই সংস্কার কাঠামোর আওতায় নিয়ে আসা প্রয়োজন। উচ্চশিক্ষার এই তিন ধারাকে পৃথকভাবে নয়, একটি সমন্বিত জাতীয় ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করাই হবে টেকসই সমাধানের পথ।

শুধু কয়েকটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করবে না। এটি নির্ধারণ করবে সেই ৪২ লাখেরও বেশি শিক্ষার্থী, যারা জেলা ও উপজেলা পর্যায়ের কলেজ ও মাদারাসায় বসে নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন। তাদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা শুধু শিক্ষানীতির প্রশ্ন নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা, কর্মসংস্থান, সামাজিক গতিশীলতা এবং জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত।

বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নয়; বরং যেখানে দেশের ৮৩ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা করছে, সেই বৃহত্তম উচ্চশিক্ষা ব্যবস্থাকে কিভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন করা যায়। একটি দেশের উচ্চশিক্ষার মান কয়েকটি উৎকৃষ্ট বিশ্ববিদ্যালয় দিয়ে নয়, বরং তার বৃহত্তম শিক্ষার্থীসমাজের শিক্ষার মান দিয়েই বিচার করা হয়।

বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। যদি ৪২ লাখেরও বেশি শিক্ষার্থীর জন্য মানসম্মত, গবেষণানির্ভর ও দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষা নিশ্চিত করা যায়, তবে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জন এবং জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের পথ অনেকটাই সুগম হবে।

আর যদি তা না করা যায়, তবে ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেও কাঙ্ক্ষিত মানবসম্পদ তৈরি হবে না। বাংলাদেশের উচ্চশিক্ষার বড় চ্যালেঞ্জ—৪২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎকে আমরা কি সত্যিই জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখতে প্রস্তুত?

লেখক—
মো. ইমরান হোসেন, মো. শরিফুল ইসলাম ও প্রবীর চন্দ্র দাস।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তা।