• ই-পেপার

সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ : স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংকটে রাষ্ট্রপতির ভূমিকা প্রশংসার দাবিদার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
জাতীয় সংকটে রাষ্ট্রপতির ভূমিকা প্রশংসার দাবিদার : স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা রাষ্ট্রপতির পদ কোনো ব্যক্তির বিষয় হিসেবে দেখি না, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখি। আমরা দেখেছি, তিনি যথাযথ মর্যাদার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন এবং তিনি আমাদের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করেছেন। ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে যে ভূমিকা পালন করেছেন, তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংকটের চরম মুহূর্তে রাষ্ট্রকে সাংবিধানিক ও আইনি পথে রাখার ক্ষেত্রে তাঁর সেই সময়কার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদটিকে বিএনপি কোনো ব্যক্তির মাধ্যমে নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবেই বিবেচনা করে এসেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের আগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি যেহেতু স্বৈরাচারী সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, তাই সেই সময়কার তাঁর কিছু ভূমিকা নিয়ে সমালোচনা থাকাটা স্বাভাবিক।

তিনি বলেন, তবে অন্তর্বর্তী সরকার গঠনের আগে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে যে ভূমিকা পালন করেছেন, তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংকটের চরম মুহূর্তে রাষ্ট্রকে সাংবিধানিক ও আইনি পথে রাখার ক্ষেত্রে তাঁর সেই সময়কার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, এটাও একটি সত্য যে, পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাষ্ট্রপতিকে যথাযথভাবে ও পূর্ণ মর্যাদার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। 

রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে পদত্যাগের পূর্ণ অধিকার রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে বা অন্য যেকোনো ব্যক্তিগত ও যুক্তিযুক্ত কারণে পদত্যাগ করতেই পারেন। সংবিধানে তাঁর সেই সুযোগ রয়েছে। তিনি পদত্যাগ করেছেন এবং সাংবিধানিক বিধান অনুসরণ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সংবিধান অনুযায়ী পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই অন্তর্বর্তী সময়ে দেশের সংবিধান ও বিধি অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। 

সবকিছুই সাংবিধানিক বিধি ও নিয়ম মেনে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন নির্বাচন কমিশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
ফাইল ছবি

দেশের ৭ জেলার ওপর দিয়ে শনিবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টা থেকে শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন

অনলাইন ডেস্ক
সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। মন্ত্রীর সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন।

ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন জানান, দীর্ঘদিন ধরে কোমরের বাম নিতম্বের (হিপ) সমস্যায় ভুগছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আলহামদুলিল্লাহ, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার দুপুরে তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে এক চিকিৎসক দল এ অপারেশন করেন। তিনি কয়েকদিন অবজারভেশনে থাকবেন। তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়ার আহ্বান।

এদিকে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে।
 

বজ্রসহ বৃষ্টি নিয়ে আবারও যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
বজ্রসহ বৃষ্টি নিয়ে আবারও যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
সংগৃহীত ছবি

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়, দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৫ জুলাই) থেকে সোমবার (২৭ জুলাই) পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। শনিবার তাপমাত্রা সামান্য বাড়লেও পরবর্তী দিনগুলোতে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এর পরবর্তী পাঁচ দিনেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।