রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা প্রায় ১২ কেজি উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী টার্মিনালের গ্রিন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় তাকে আটক করা হয়। পরে তার ট্রলি ব্যাগ থেকে ২১টি প্যাকেটে লুকিয়ে রাখা ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি দল শুক্রবার দুপুরে বিমানবন্দরে অবস্থান নেয়। এসময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা জুলফিকার মোল্লার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।
পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ও উপস্থিত সাক্ষীদের সামনে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, জব্দ করা আলামতের মধ্যে রয়েছে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং পাস এবং জিও ইন্ডিয়ার সিম ব্যবহৃত একটি ওপ্পো স্মার্টফোন। গ্রেপ্তার জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির পরিদর্শক শাহরিয়া শারমিন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক মাদক পাচার প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন প্রবেশপথে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরো জোরদার করা হবে।



